‘দেশ থেকে সব অনিয়ম দূর করাই এখন স্বপ্ন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের স্বপ্ন ছিল দেশ স্বাধীন করার। সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন স্বপ্ন হলো দেশ থেকে সব অনিয়ম দূর করা। কাজটি আরও কঠিন। তবে সবার অংশগ্রহণ থাকলে আমরা একদিন লক্ষ্যে পৌঁছাতে পারব।’ এসব কথা বলেন মুক্তিযোদ্ধাদের মিলনমেলায় আসা বক্তারা। গত ২৫ ফেব্রুয়ারি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এ মিলনমেলার আয়োজন করে। মহান স্বাধীনতাযুদ্ধের পর কাপ্তাই উপজেলার মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গ উপজেলার ওয়াগ্গা চা-বাগানে প্রথমবারের মতো একত্রিত হন। এতে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, নতুন প্রজন্মের অনুভূতি, খেলাধুলা, পুরস্কার বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা গবেষণাকেন্দ্রের মহাপরিচালক মাহফুজুর রহমান। অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেদ রহীম, রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবার্ট পিন্টু, ফটিকছড়ি মুক্তিযোদ্ধা কমান্ডার রমজান আলী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির সরকার, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্যাহ ও কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত্ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষে আলোচনায় অংশ নেন মো. আবুল হোসেন, কবির আহমদ, অনিল তংচংগ্যা, ননী গোপাল বিশ্বাস, রনজিত্ বাড়ৈ, আনোয়ার হোসেন, রশিদ আহমদ, প্রভুদান চৌধুরী, রেফাত্ উল্যাহ প্রমুখ।স্বাধীনতাযুদ্ধের প্রায় ৩৮ বছর পর এ ধরনের আয়োজনে অভিভূত হন অনেকেই। একাধিক মুক্তিযোদ্ধার পরিবার বলেন, তাঁরা নিজের স্বামী ছাড়া এতদিন আর কোনো মুক্তিযোদ্ধাকে এভাবে দেখেননি। আজ অনেক মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সঙ্গে পরিচিত হতে পেরে অনেকে আনন্দিত। এখন থেকে প্রতি বছর এ ধরনের আয়োজন করার জন্যও অনেকে অনুরোধ জানান।মুক্তিযোদ্ধা গবেষণাকেন্দ্রের পরিচালক মাহফুজুর রহমান বলেন, তিনি মুক্তিযোদ্ধাদের ছবি ও স্মৃতিচারণ নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক বই প্রকাশ করে আসছেন। তার পরবর্তী বইয়ে কাপ্তাই উপজেলার মুক্তিযোদ্ধাদের ছবি ও স্মৃতিচারণ থাকবে।