'দেশকে এগিয়ে নিতে তরুণ সমাজকে শপথ নিতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবৃত্তি, গান, আলোচনা সভা ও মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণের মধ্য দিয়ে মিরসরাই ও রাঙামাটিতে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে।
রাঙামাটি: রাঙামাটিতে ৮ নভেম্বর প্রথম আলোর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীরশ্রেষ্ঠ আবদুর রউফ স্মৃতিসৌধে আয়োজিত হয় মুক্তিযুদ্ধের গল্পশোনা ও স্মৃতিসৌধ পরিচ্ছন্ন করার কর্মসূচি। অনুষ্ঠানে অংশ নেওয়া প্রথম আলো বন্ধুসভার সদস্য ও স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান আদিবাসী মুক্তিযোদ্ধা প্রভুদান চৌধুরী ও দয়াল কৃষ্ণ চাকমা।
রাঙামাটি শহর থেকে নৌপথে ৩০ কিলোমিটার উত্তরে বুড়িঘাট এলাকায় বীরশ্রেষ্ট মুন্সী আবদুর রউফের সহযোদ্ধা ছিলেন প্রভুদান চৌধুরী। আর ওই যুদ্ধে শহীদ মুন্সী আবদুর রউফকে সমাহিত করেছিলেন দয়াল কৃষ্ণ চাকমা।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করতে গিয়ে তাঁরা বলেন, ‘আমরা দেশের স্বাধীনতার জন্য জীবন বিসর্জন দিতে প্রস্তুত ছিলাম। এখন স্বাধীন দেশকে এগিয়ে নিতে তরুণ সমাজকে শপথ নিতে হবে।’
প্রথম আলোর রাঙামাটির নিজস্ব প্রতিবেদক হরি কিশোর চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাঙামাটি বন্ধুসভার সহসভাপতি সুনন্টুে চাকমা। এর আগে বন্ধুসভার সদস্যদের সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল ও কলেজ, রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মোনঘর আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মুন্সী আবদুর রউফ স্মৃতিসৌধ পরিচ্ছন্ন করার কাজে অংশ নেয়। অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিরসরাই: ৯ নভেম্বর মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে কথামালা, গান ও আবৃত্তির মাধ্যমে উদ্যাপিত হয় প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রথম আলো মিরসরাই বন্ধুসভার সহসভাপতি মো. দিদারুল আলম।
মিরসরাই বন্ধুসভার সাধারণ সম্পাদক মুহিবুল আরিফের সঞ্চলনায় এতে আরও বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন, জামসেদ আলম, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দীন, মাইনুদ্দীন চৌধুরী ও প্রথম আলোর মিরসরাই প্রতিনিধি শারফুদ্দীন কাশ্মীর।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে ইউসরা শারফুদ্দীন, গান পরিবেশন করে নির্মল দাশ, বাঁধন দে, সরোয়ারুল আলম। এ সময় বন্ধুসভার বন্ধুরা মিষ্টি ও কেক কেটে সবার মধ্যে পরিবেশন করেন।
এর আগে সকালে বন্ধুসভার সদস্যরা মিরসরাইয়ের জেবি উচ্চবিদ্যালয় ও জোরারগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে বাল্যবিয়ের বিরুদ্ধে প্রচারণা চালান। এ সময় বাল্যবিবাহের কুফল সম্পর্কে বক্তব্য দেন বিশিষ্টজনেরা।