এ দেশকে নিয়ে তাঁদের অনেক স্বপ্ন। সদ্য পাস করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পেশায় যোগ দিয়েছেন। তরুণ এই শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়কে কেবল সনদ অর্জনের প্রতিষ্ঠান মনে করেন না। তাঁরা চান সৃজনশীল কর্মকাণ্ড, গবেষণার মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে। সম্প্রতি প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে চার তরুণ শিক্ষকের সঙ্গে আড্ডায় এই বিষয়গুলো উঠে আসে।৭ জানুয়ারি সোমবার। শীতের ম্লান সূর্য অস্তগামী হতে চলেছে। ঠিক এ সময়টাতেই বিশ্ববিদ্যালয়ের চার তরুণ শিক্ষকের সঙ্গে আড্ডা জমে ওঠে।আড্ডায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মৌরি দে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক ওমর ফারুক সিকদার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগের প্রভাষক সজল চৌধুরী এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক জয়শ্রী দাশ।সজল চৌধুরী বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষাজীবন শেষ করে যোগ দেন চুয়েটে নতুন চালু হওয়া স্থাপত্য বিভাগে। পড়াশোনা ও কাজের বিশাল ক্ষেত্র হলেও সজল ঢাকায় স্থির হতে চাননি। এ ক্ষেত্রে ড. মুহম্মদ জাফর ইকবালের মতো শিক্ষকের উদাহরণ অনুসরণ করেছেন তিনি। জাফর ইকবালও রাজধানী ছেড়ে সিলেটে গিয়েছেন সাধারণ ছাত্রদের কথা ভেবে।সজল শিক্ষার্থীদের মধ্যে বেশ জনপ্রিয়। তাঁরা তাঁকে বন্ধু, বড় ভাইয়ের মতো দেখেন। নিজেদের সব কথা তাঁরা মন খুলে বলতে পারেন। বিভিন্ন প্রকল্প নিয়ে তাঁদের সঙ্গে বসেন, আড্ডাও হয়। তিনি বিশ্ববিদ্যালয়ভিত্তিক পরিবেশ বাঁচাও আন্দোলনের সমন্বয়কারী। একসময় গল্প-কবিতা লিখতেন। সুস্থ ধারার চলচ্চিত্রকর্মী ও নির্মাতা হিসেবেও নাম কুড়িয়েছেন সজল।পেশাগত ব্যস্ততার মাঝেও এতগুলো কাজে নিজেকে জড়ানোর সময় কী করে মেলে? তাঁর উত্তর, ‘ভালো লাগা থেকে সব কাজ করি। তাই যেকোনো কাজের জন্য সময় বের করা খুব কঠিন বলে মনে হয় না।’জয়শ্রী দাশ বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, শিক্ষকতা ছাড়া অন্য কোনো পেশা আমার সঙ্গে যায় না।’ চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ইউএসটিসি) পড়ার সময়ে তিনি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে চাকরি শুরু করেন। দিনের বেলা কাজ শেষে চন্দনাইশ ক্যাম্পাস ছেড়ে শহরে ইউএসটিসি গবেষণাগারে ছুটে আসতেন। এরপর পড়াশোনা শেষে স্থায়ীভাবে জড়িয়ে পড়েন শিক্ষকতায়। বর্তমানে ঔষধি গাছের নির্যাস নিয়ে গবেষণা করছেন। বাবা স্বপন কান্তি দাশ ডাক বিভাগের চাকরি থেকে অবসর নিয়েছেন। মা নিভা দাশ সরকারি চাকুরে। স্বামী পলাশ দত্ত মাছরাঙা টেলিভিশনে গ্রাফিক ডিজাইনার। বন্ধুসভার সাহিত্য সম্পাদক জয়শ্রী বিতর্ক চর্চায় যুক্ত ছিলেন ছাত্রজীবনে। এখন বিচারকের দায়িত্ব পালন করেন।‘শিক্ষকতায় কাজের স্বাধীনতা আছে। স্বাধীনতার পাশাপাশি নিজেকে নবায়ন করার সুযোগও রয়েছে এ পেশায়।’ বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মৌরি দে। ছোটবেলা থেকেই শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। একই বিভাগের শিক্ষক ছিলেন বাবা রনজিৎ কুমার দে। মূলত বাবার প্রেরণা তাঁর ইচ্ছাকে বাস্তবতায় রূপ দিয়েছে।বহুজাতিক কোম্পানির বিতরণ-ব্যবস্থা নিয়ে গবেষণা করার কথা জানালেন মৌরি। তিনি উচ্চাঙ্গসংগীতশিল্পী হিসেবেও সুনাম কুড়িয়েছেন। স্বামী সুচরিত বসু নিয়োগী আইসিডিডিআরবির (আন্তর্জাতিক উদারাময় গবেষণাকেন্দ্র বাংলাদেশ) ঊর্ধ্বতন গবেষক।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক ওমর ফারুক সিকদার নতুন প্রজন্মের মধ্যে জানার আগ্রহকে ছড়িয়ে দিতে চান। অ্যান্টিবায়োটিকের প্রতিরোধ ক্ষমতা কেন কমে যাচ্ছে তা নিয়ে গবেষণার পরিকল্পনা রয়েছে তাঁর। চার তরুণ শিক্ষক মনে করেন সাময়িকীতে নিবন্ধ ছাপানোর প্রতিযোগিতার চেয়ে গবেষণায় বেশি সময় দেওয়া উচিত। আর ছাত্র-শিক্ষকের মধ্যে মানবিক ও নৈতিক মূল্যবোধ জাগাতে দু-পক্ষকেই একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন তাঁরা।দেখতে দেখতে সন্ধা গড়িয়ে রাত হলো। ভাঙল আড্ডার আসর। একরাশ স্বপ্ন নিয়ে বিদায় নিলেন স্বপ্নবান তরুণ শিক্ষকেরা।