অধ্যাপক, মেডিসিন বিভাগ. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রজেরিয়া নামের উৎপত্তি গ্রিক শব্দ প্রজেরোস থেকে, যার অর্থ অপ্রাপ্তবয়স্ক বৃদ্ধ। রোগটির আরেক নাম হাচিনসন-গিলফোর্ড প্রজেরিয়া সিনড্রম। রোগটি সম্পর্কে প্রথম যাঁরা ধারণা করেছিলেন ১৮৮৬ সালে সেই দুই বিজ্ঞানীর নামে রাখা হয়েছে নামটি। ঠিক কী কারণে প্রজেরিয়া শিশুরা এত অল্প বয়সে বুড়ো হয়ে যায় তা অনেকটাই অজানা। তবে ২০০৩ সালে এলএমএনএ জিন আবিষ্কৃত হওয়ার পর রোগটি সম্পর্কে জানা সহজ হয়েছে। এলএমএনএ জিন আমাদের শরীরে ল্যামিন এ প্রোটিন তৈরি করে, যা কোষের ভেতর নিউক্লিয়াসকে ধরে রাখার জন্য জরুরি। এই জিনে মিউটেশনজনিত কারণে যে ভুল প্রোটিন উৎপন্ন হয় তা কোষের নিউক্লিয়াসকে ভঙ্গুর ও নড়বড়ে করে তোলে। ফলে দেহের কোষগুলোর বয়োবৃদ্ধি বা এজিং-প্রক্রিয়া ত্বরান্বিত হয়। শিশুর ১৮ থেকে ২৪ মাস বয়স থেকেই চোখে পড়ে এই বয়োবৃদ্ধির লক্ষণগুলো। তার দেহের চামড়া কুঁচকে যেতে থাকে, ত্বকের মেদ ও চুল ঝরে যেতে থাকে, সন্ধিগুলো স্টিফ হয়ে যায়, এমনকি হাড় ভেঙে যেতে পারে, অল্প বয়সেই শিরায় মেদ জমে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি দেখা দেয়। বেশির ভাগ শিশু ১২-১৩ বছর বয়সে হার্ট অ্যাটাকজনিত কারণে মারা যায়। এপ্রিল ২০১০ অবধি বিশ্বজুড়ে মাত্র ৬৭ জন প্রজেরিয়া শিশুর অবস্থান সম্পর্কে জানা গেছে।১৯৯৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রজেরিয়া শিশুদের নিয়ে একমাত্র ও প্রথম একটি ফাউন্ডেশন গড়ে ওঠে—প্রজেরিয়া রিসার্চ ফাউন্ডেশন। বিশ্বজুড়ে প্রজেরিয়া শিশুদের পাশে দাঁড়ানো ও পরিবারগুলোকে সহায়তা দেওয়ার পাশাপাশি এই ফাউন্ডেশন প্রজেরিয়া-সম্পর্কিত যাবতীয় গবেষণা চালিয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে প্রজেরিয়া সিনড্রম একটি অত্যন্ত বিরল রোগ। এটি জিনবাহিত রোগ বলে এর চিকিৎসা খুব বেশি আশাব্যঞ্জক নয়। আমার জানা মতে, দেশে ইতিপূর্বে কোনো প্রজেরিয়া রোগী পাওয়া যায়নি। সেদিক দিয়ে তুহিনকে আমরা বাংলাদেশের প্রথম প্রজেরিয়া কেস হিসেবে ধরে নিতে পারি। তবে এ ধরনের অসুখে কেবল ‘সাপোর্টিভ; চিকিৎসা ছাড়া চিকিৎসকদের তেমন কিছু করার নেই। রোগ নির্ণয়ের জন্য রোগীর সামগ্রিক শারীরিক অবস্থা পর্যালোচনা করাই যথেষ্ট। সাক্ষাৎকার: তানজিনা হোসেন