‘দেশের উন্নয়নের চাকা ঘোরাচ্ছেন নারীরা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দেশের উন্নয়নের চাকা ঘোরাচ্ছেন নারীরা। নারীরাই পারবে দেশকে উন্নয়নের শিকড়ে নিয়ে যেতে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রাধিকার ভিত্তিতে নারীর সমঅধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন। যা সহ্য হচ্ছে না কিছু মানুষের। তাঁরা ইসলামের দোহাই দিয়ে নারী সমাজকে দাবিয়ে রাখতে চান। তিনি ৮ মার্চ রাঙ্গুনিয়ায় মহিলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা গণমিলনায়তন মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভপতিত্ব করেন উপজলা নারী ভাইস চেয়ারম্যান রেহেনা আকতার। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী ও সাংসদ সারাহ বেগম কবরী, সাংসদ হাসিনা মান্নান এবং চেমন আরা তৈয়ব। সম্মেলন উদ্বোধন করেন উত্তর জেলা আওয়ামী লীগের সভানেত্রী সাবিহা মুছা। সাংসদ সারাহ বেগম কবরী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর নারীর সমঅধিকার আইন প্রণয়ন করে। নিশ্চিত করেছে সমমজুরিও। নারীর অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। এদিকে সম্মেলনে কমিটি গঠন করার কথা থাকলেও তা পরে হয়নি। এ প্রসঙ্গে সাবিহা মুছা জানান, সময় স্বল্পতার কারণে শেষ পর্যন্ত কমিটি গঠন করা হয়নি। পরবর্তী সময়ে গঠনতন্ত্র অনুযায়ী কমিটি গঠন করা হবে। আর এই কমিটি হবে রাঙ্গুনিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রথম কমিটি।