‘দোকান দিতে টাকা-পয়সার দরকার আছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদপুর কৃষি মার্কেটের মাছের বাজারের পাশেই ছোট্ট একটি রেস্তোরাঁ। ঠিক রেস্তোরাঁ বলা যাবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। বসার জন্য কোনো চেয়ার নেই। এখানে গরম গরম শিঙাড়া আর সমুচা ভাজা হচ্ছে। বাজারের মানুষ তা নিয়ে নিয়ে যাচ্ছে। যদি এখানে খেতে হয়, তাহলে দাঁড়িয়ে খেতে হবে। কাচের একটি বাক্সে খাবার রাখা হয়। তারই ওপর ছোট ছোট প্লেটে খাবার দেওয়া হয়।নিপুণ হাতে যিনি সবদিক সামলাচ্ছেন, তাঁর সঙ্গেই কথা বলি। সামনে একটি ছেলে শিঙারা ভাজছে। তিনি সবকিছুর দেখভাল করছেন।কী নাম আপনার? ‘আমার নাম আলমগীর।’কোথায় থাকেন?‘থাকি মিরপুরে। ওখান থেকে এইখানে আসি। ডিউটি করি। সকালে শিঙাড়া, সমুচা বানাই। তারপর পাকুড়ার (পকৌড়া) মাল কাটি। ওইগুলি বিকালের আইটেম। এরপর পুরি বানাই। ইফতারির যত আইটেম আছে, সব বানাই। রাত দশটায় মিরপুর চইলা যাই।’ দিনের বেলায় বাসায় যান না?‘হ্যাঁ, যাই। দিনের বেলায় বারোটা, সাড়ে বারোটায় কাজ শেষ হয়। ওই টাইমে বাসায় যাইগা। আবার মনে করেন, সাড়ে তিনটার দিকে এইখানে আইসা পড়ি। এরপর একটানা কাজ করি। তারপর রাইত সাড়ে নয়টা-দশটার দিকে চইলা যাই।’আপনার বয়স কত?‘মনে হয় চৌত্রিশ হবে।’বাড়িতে কে কে আছে?‘দেশের বাড়িতে আমার মা-বাবা আছে। এইখানে মেয়ে আছে। ওয়াইফ আছে। আমার মেয়ে লেখাপড়া করে। ওয়াইফ চাকরি করে। মেয়ে ক্লাস থ্রিতে পড়ে। ওয়াইফ সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করে।’দুইজনের বেতনে সংসার চলে যায়?‘মোটামুটি চলে আরকি!’দুপুরে তো বাড়ি যান, তার মানে ভাবি রান্না করে?‘হ্যাঁ, রান্না করে।’কী রান্না করে?‘ওই তো, যহন যেইটা কিনতে পারি, বাজার করতে পারি।’ কী কেনেন?‘ওই তো, শাক-সবজি-মাছ।’এর মধ্যে ক্রেতার আগমন। শুরু হয় তাঁদের মধ্যে কথাবার্তা।‘শিঙাড়া কত করে?’‘তিন টাকা পিস।’দুটো শিঙাড়া বিক্রি হয়ে গেল। আবার আমরা কথায় ফিরে যাই।দেশের বাড়ি কোথায়?‘দেশের বাড়ি বরিশাল।’ঢাকায় আইছিলেন কেন?‘ঢাকায় আইছিলাম কাজ করতে।’দেশে কাজ পাইলেন না?‘দেশে কাজ পাওয়া যায় না। পাইলেও স্যালারি কম হয়। এই জন্যই ঢাকা আসতে হইছে।’এখানে ‘স্যালারি’ ভালো?‘ওইখানের চেয়ে তো ভালো হয়।’বরিশাল মানে তো লঞ্চ?‘হ্যাঁ। লঞ্চেও যাওয়া যায়, গাড়িতেও যাওয়া যায়।’দেশে যান মাঝে মাঝে?‘হ্যাঁ, যাই। ঈদ হইলে যাই। এমনি যাই না। খরচায় পোষায় না।’ নিজের এই রকম দোকান দিতে ইচ্ছা করে না?‘ইচ্ছা করে, কিন্তু দোকান দিতে টাকা-পয়সার দরকার আছে।’ সেইটা জমাইতে পারেন?‘কষ্ট হইয়া যায়।’কত দিন এখানে কাজ করেন?‘এখানে কাজ করছি এক বছর ধইরা।’এক বছর! আগে কী করতেন?‘আগে পাঁচ বছর করছি। মাঝখানে ছিলাম না। আবার আসছি।’ আপনার শিঙড়া তো খুব মজা। কীভাবে এত সুস্বাদু করেন?‘মজা হয়, মশলা-টশলা ঠিকমতো দিলে আরকি!’মালিক কি আপনার এলাকার?‘না। মালিক চাঁদপুরের।’ বিক্রি কেমন হয়?‘বিক্রি ভালো হয়। জিনিস ভালো দিই, তাই বারবার ফিরে আসে। এখানে যা-ই তৈরি হয়, তা-ই সেল হয়।’বাবা-মা কি আপনার সঙ্গে থাকেন?‘না, উনারা দেশে থাকেন।’ বাবা-মাকে টাকা পাঠান?‘পাঠাইতে কষ্ট হয়, তাও কম-বেশি পাঠাই।’আপনার স্বপ্ন কী?‘আমার স্বপ্ন হইল, আমি বাইচ্চা থাকতে বাবা-মারে যেন সুখে রাখতে পারি। এইটাই আমার আশা।’