'দ্বিতীয়রাই' যেখানে প্রথম!

সেহতাজ আর আলভির বন্ধুত্বের গল্পটার শুরু একদম ছোটবেলায়। একই এলাকায় থাকতেন, একসঙ্গে স্কুল-কলেজে বন্ধুত্বের পথ পাড়ি দিয়ে দুজনের ঠিকানা হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিবিএ বিভাগে। বন্ধুত্বের বোঝাপড়াকে পুঁজি করেই একসঙ্গে অংশ নেন বেশ কিছু ব্যবসায়িক ভাবনা উপস্থাপনের প্রতিযোগিতায়। সঙ্গে যোগ দেন অন্তিকা আর ফাইযা। চারজনের দলের নাম দেওয়া হলো ‘সেকেন্ড স্ট্রিং’। কিন্তু ভাগ্যের ফেরে দলটার আর প্রথম হওয়া হয় না। প্রায় সব প্রতিযোগিতায় কীভাবে যেন ঘুরেফিরে তাঁরা দ্বিতীয়তে এসে আটকে যান। ক্যাম্পাসের সবাই বলে, ‘দলের নামটা বদলে “ফার্স্ট স্ট্রিং” রাখলেই হয়!’ কিন্তু সেহতাজদের জেদ চেপে গিয়েছিল। নাম বদল না করে তারা বরং পরিশ্রম আর প্রস্তুতির দিকেই মনোযোগ দিয়েছিলেন।
ফলাফল? দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের (আইবিএ) যৌথ উদ্যোগে আয়োজিত ‘এইচএসবিসি-আইবিএ বিজনেস কেইস কমপিটিশনে’ সেকেন্ড স্ট্রিং হয়েছে প্রথম! যার চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা হয়ে গেল ২২ এপ্রিল রাজধানীর লেকশোর হোটেলে। এতে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সেহতাজ রশীদ চৌধুরী, মো. আমিন উল বশির আলভি, অন্তিকা দেবনাথ ও ফাইযা যাহিন—চার তরুণের দল সেকেন্ড স্ট্রিং। সবাই তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
এইচএসবিসি বিজনেস কেইস কমপিটিশনটির বাংলাদেশ পর্ব মূলত একটি আঞ্চলিক প্রতিযোগিতা। ২০১৩ সাল থেকে এর যাত্রা শুরু। এখানে সাধারণত স্নাতক পর্যায়ের ব্যবসায় শিক্ষাপড়ুয়ারা অংশ নিতে পারেন। প্রতিযোগিতায় ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পাওয়ার সুবাদে জুনে হংকংয়ে রিজিওনাল ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে ‘সেকেন্ড স্ট্রিং’। এইচএসবিসির শাখা আছে, এমন ১৯ দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় থেকে আসা প্রতিযোগীদের মুখোমুখি হবেন তাঁরা।
২৬ এপ্রিল ‘স্বপ্ন নিয়ে’র আমন্ত্রণে চার তরুণ এসেছিলেন প্রথম আলোর কার্যালয়ে। জানালেন, প্রথম হওয়াটা সহজ ছিল না। আলভি বললেন, ‘মোট চারটা ধাপ পেরোতে হয়েছে। প্রথমে নিজেদের বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রতিযোগিতায় চারটি দল নির্বাচিত হয়েছিল। সেখান থেকে আইবিএতে সারা দেশ থেকে আসা ৪২টি দলের মধ্যে চলে প্রাথমিক পর্বের প্রতিযোগিতা। ২৪টি দল বাছাই হয় এই পর্বে।’ আলভিকে দম ফেলার সুযোগ না দিয়েই অন্তিকা বলেন বাকিটুকু, ‘২৪ দল থেকে ফাইনালে সুযোগ পেয়েছিল ৬টা দল।’ পাশ থেকে ফাইযা স্মরণ করিয়ে দেন, ‘সবচেয়ে মজার ব্যাপার হলো, সবগুলো সিলেকশন রাউন্ড থাকলেও প্রত্যেক রাউন্ডেই প্রথম হওয়ার সুবাদে পরের রাউন্ডে অংশ নিই আমরা।’ বোঝা গেল, গোটা দেশকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব নিতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে তাঁদের।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। উপস্থিত ছিলেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী ফ্রান্সওঁয়া দ্য ম্যারিকো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ারসহ অনেকেই। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সিলভার ও ব্রোঞ্জ দুটি পুরস্কারই গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ঝুলিতে। দ্বিতীয় হয়েছে ‘চ্যালেঞ্জ এক্সেপ্টেড’। আর তৃতীয় পুরস্কার জিতে নেওয়া দলটির নাম ‘টিম পটার’।
সেকেন্ড স্ট্রিংকে জটিল এক সমস্যার সমাধান করতে হয়েছিল চূড়ান্ত পর্বে। অন্তিকা বলছিলেন, ‘ধরুন, একটা বহুজাতিক মোবাইল কোম্পানির মূল পেটেন্ট অন্য দেশে চুরি হয়ে যাচ্ছে। যে কারণে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে প্রতিষ্ঠানটির ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে। একই অবস্থা হচ্ছে কানাডাতেও। আমাদের বলা হয়েছিল, এমন একটা সমাধান খুঁজে বের করতে হবে, যেন কানাডাতে কোম্পানিটা টিকে থাকে।’ প্রতিটি পর্বেই এমন কঠিন সব সমস্যার সমাধান দিয়ে এবার হংকং যাত্রার পালা। সেকেন্ড স্ট্রিং এবারও ‘ফার্স্ট’ হতে দৃঢ়প্রত্যয়ী!