‘দ্রুত বাজারবান্ধব সিদ্ধান্ত নিতে হবে’
শেয়ারবাজারে অনিয়মের তদন্ত প্রতিবেদন অনুযায়ী দ্রুত সতর্কতার সঙ্গে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন বিশ্লেষকেরা। কারণ তাঁরা এর ওপর অনেকাংশেই বাজারে স্থিতিশীলতার বিষয়টি জড়িত বলে মনে করেন। উল্লেখ্য, শেয়ারবাজারে অনিয়মে গঠিত তদন্ত কমিটি গত বৃহস্পতিবার অর্থমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। পাশাপাশি কমিটির সদস্যরা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) বিভিন্ন বিধিবিধান সংশোধন, এর পুনর্গঠনের ওপরও জোর দিচ্ছেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘গত সপ্তাহে বাজার মোটামুটি ভারসাম্যপূর্ণ অবস্থায় ছিল। কেনাবেচাও ভালো হয়েছে। বৃহস্পতিবার আমরা তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। বাজারের গতিশীলতার স্বার্থে এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। সরকারকে প্রতিবেদনের আলোকে একটি পুঁজিবাজারবান্ধব সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে এ নিয়ে বিনিয়োগকারী, বাজার বিশ্লেষকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে তাঁদের মতামতের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া যেতে পারে।’ সিএসইর সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ জবাবদিহির ভিত্তিতে এসইসির বিধিবিধান ঢেলে সাজানোর ওপর গুরুত্ব দেন। চিটাগাং ক্যাপিটাল লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক দীপক কুমার পালিত বলেন, ‘শেয়ারবাজার কারসাজিতে জড়িতরা যথেষ্ট প্রভাবশালী বলে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া যেমন ঝুঁকিপূর্ণ তেমনি একেবারে নমনীয় হওয়াও ঠিক হবে না। এ অবস্থায় খুব সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে। কারণ এতে সামান্য হেরফের আবার বাজারকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে। যা সাধারণ বিনিয়োগকারীদের ভোগান্তি বাড়াবে।’ তিনি বাজারে গতিশীলতার জন্য এসইসির নীতিমালার পরিবর্তন, পুনর্গঠন, প্রতিটি শেয়ারের দাম ১০ টাকা নির্ধারণের বিষয়গুলো বিবেচনার কথা বলেন। সাধারণ বিনিয়োগকারীরাও তদন্ত প্রতিবেদন অনুযায়ী যথাযথব্যবস্থা গ্রহণে কালক্ষেপণ না করার দাবি জানান। বিনিয়োগকারী আসিফ আলী বলেন, ‘তদন্ত প্রতিবেদনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে যেন কোনো ধরনের শৈথিল্য দেখানো না হয়—এটাই আমাদের প্রত্যাশা।’ অপর বিনিয়োগকারী মোহাম্মদ শাহ বলেন, ‘শেয়ারবাজারের কারসাজিতে জড়িতদের সবার নাম প্রকাশ করা উচিত। কারণ পুঁজিবাজারে তাঁদেরও বিনিয়োগ রয়েছে। আমরা যদি এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম জানতে পারি তাহলে আমরা বিনিয়োগের ব্যাপারে সতর্ক হতে পারব।’