'দ্রুত বিচার না হলে ভূজপুরের মতো ঘটনা দেশে ঘটতেই থাকবে'
ফটিকছড়ি উপজেলার ভূজপুরের তাণ্ডবের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অতি দ্রুত বিচার না হলে এ ধরনের ঘটনা দেশে ঘটতেই থাকবে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভূজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সংলগ্ন মাঠে আয়োজিত ভূজপুর তাণ্ডবের ঘটনায় নিহতদের স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। বিএনপি-জামায়াত শিবির ও হেফাজতের তাণ্ডবের ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ এ স্মরণসভার আয়োজন করেন।
সভায় প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না। যে দল দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি তারাই হত্যার রাজনীতি করছে। তিনি ভূজপুর তাণ্ডবের ঘটনায় প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত অভিযোগপত্র দাখিলের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সাবেক রাষ্ট্রদূত ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী স্থানীয় হেফাজতের নেতাদের উদ্দেশ করে বলেন, ‘এই মসজিদ-মাদ্রাসা থেকে মাইকে মিথ্যা ঘোষণা দিয়ে নির্মমভাবে আমাদের নেতা-কর্মীদের হত্যা করা হয়। অথচ তারাই আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করছে।’
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম বলেন, ধর্মের নামে রাজনীতি বন্ধ করা না হলে এ ধরনের হামলার বিচারও হবে না। তিনি জামায়াতকে নিষিদ্ধের দাবি জানান।
আওয়ামী লীগের নেতা এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, ভূজপুরের ঘটনার বিচার না হলে এ দেশে বঙ্গবন্ধুর আদর্শ প্রকৃতপক্ষে বাস্তবায়ন করা যাবে না।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম, ফকরুল আনোয়ার, মুজিবুল হক চৌধুরী, এস এম সোলাইমান, দিদারুল বশর চৌধুরী, আবু তালেব চৌধুরী, নাজিম উদ্দিন মুহুরী প্রমুখ।