
চারপাশে উৎসবের আমেজ। মঞ্চ থেকে ভেসে আসছে কবিতার ধ্বনি। রাজনৈতিক অস্থিরতা ছাপিয়ে কবি ও আবৃত্তিশিল্পীদের পদচারণে সরব চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ।
নগরের জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বসেছিল সম্মিলিত আবৃত্তি জোটের আয়োজনে তিন দিনের আবৃত্তি উৎসব। ২৫ জানুয়ারি ছিল উৎসবের সমাপনী দিন। ‘ধর্মান্ধতা নয়, কবিতাই আনবে সকাল’ স্লোগানে তিন দিনব্যাপী উৎসবে ছিল একক, দ্বৈত, সমবেত আবৃত্তির পরিবেশনা, কথামালা ও কর্মশালা।
সমাপনী দিনে বিকেলে মুক্তমঞ্চে শুরুতে ছিল একক আবৃত্তির পরিবেশনা। এতে অংশ নেন আবু নাসের, শান্তনু বিশ্বাস, সুপ্রিয়া চৌধুরী, হোসনে আরা, সুস্মিতা দত্ত, মুরাদ হোসেন, সাইদুল করিম, শাহরীয়ার তানজিম, সঞ্জয় সুন্দর, শামীমা ইয়াসমিন, বীথি রহমান, নাইমা আক্তার, সুমি চৌধুরী ও ফয়সাল আহমেদ। একক আবৃত্তি শেষে কবির কণ্ঠে কবিতা পাঠের আসর। এতে কবিতা পাঠ করেন ভাগ্যধন বড়ুয়া, শাহিদ হাসান, মনিরুল মনির ও ফারহানা আনন্দময়ী। আয়োজনে দ্বৈত আবৃত্তি পরিবেশন করেন সেঁজুতি শ্রেয়া ও রিয়াজুল কবির। ত্রয়ী আবৃত্তি পরিবেশন করেন সঞ্জয় পাল, শারমিন মৃত্তিকা ও তৈয়বা জহির।
এরপর চলে কর্মশালার সনদ বিতরণ। এতে প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। জোটের সভাপতি রণজিৎ রক্ষিতের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন জোটের যুগ্ম সম্পাদক মো. মছরুর হোসেন। আলোচনা শেষে ‘রক্ত-সন্ত্রাস এবং দীর্ঘশ্বাস’ শিরোনামে বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন উচ্চারক আবৃত্তি কুঞ্জের সদস্যরা। এরপর শ্রুতিনাটকের পরিবেশনা। বিবাহ শিরোনামে স্বপ্নযাত্রীর এই পরিবেশনার মাধ্যমে শেষ হয় আয়োজন।
২৩ জানুয়ারি বিকেল সাড়ে চারটায় শিল্পকলার অনিরুদ্ধ মুক্তমঞ্চে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন শহীদজায়া বেগম মুশতারী শফি। উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন জোটের সভাপতি রণজিৎ রক্ষিত। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন মাহিদুল ইসলাম ও সাইফুল আলম। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ফারুক তাহের। উদ্বোধনী সন্ধ্যার আয়োজনে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে ত্রিতরঙ্গ আবৃত্তি দল, তারুণ্যের উচ্ছ্বাস ও শব্দনোঙর আবৃত্তি সংগঠন। গত শনিবার উৎসবের দ্বিতীয় দিন বিকেলে মুক্তমঞ্চের আয়োজনের শুরুতে ছিল ‘ধর্মান্ধতা নয়, কবিতাই আনবে সকাল’ শিরোনামে মুক্ত আলোচনা। এতে প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া। এরপর আবৃত্তি পরিবেশন করেন জোটভুক্ত আবৃত্তি সংগঠনগুলোর শিল্পীরা।