‘ধৈর্য ধরুন, ভয় পাওয়ার কিছু নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনটিও ভালো কাটেনি বিনিয়োগকারীদের। লেনদেনের শুরু থেকেই সূচক কমতে থাকে। দিন শেষে সাধারণ সূচক ৩৩৬ দশমিক ৮৩ পয়েন্ট কমে ১৮৭০৩ দশমিক ২৮ পয়েন্টে গিয়ে দাঁড়ায়। সিএসইতে এদিন ৭৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। যা এর আগের দিনের তুলনায় ১৯ কোটি টাকা কম। আগের দিন ৯২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। দরপতন দিয়েই এ স্টক এক্সচেঞ্জে সপ্তাহের লেনদেন শুরু হয় ৬ ফেব্রুয়ারি। এর মধ্যে গত মঙ্গলবারই শুধু লেনদেন ভালো হয়েছে। এদিন সূচক বেড়ে এক লাফে ১০৬২ দশমিক ৩৮-তে গিয়ে ঠেকে। এরপর থেকে আবার সূচক পড়তে থাকে। শেয়ারবাজারের এ রকম আচরণে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে চরম হতাশা দেখা দেয়। তাঁদের সঙ্গে এ বিষয়ে কথা বলে বোঝা যায়, আস্থাহীনতা কাটেনি বেশির ভাগ বিনিয়োগকারীর। বাজার বিশ্লেষকদের অনেকেও বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে কোনা মন্তব্য করতে রাজি হননি।গত কয়েকদিনে বিভিন্ন ব্রোকারেজ হাউসে দেখা গেছে, সূচকের নিম্নগতি দেখে লেনদেন শুরুর ঘণ্টাখানেক পরেই বিনিয়োগকারীরা বেরিয়ে পড়ছেন। নিজেদের আলাপ-আলোচনায় ক্ষোভের প্রকাশ ঘটালেও কেউই রাস্তায় বেরিয়ে আসেনি বা কোনো বিক্ষোভ, সহিংসতার ঘটনা ঘটাননি। তাঁরা বাজারের পরিস্থিতির জন্য সরকারকেই দুষছেন। তাঁরা মনে করেন, সরকার চাইলেই বাজারে স্থিতিশীলতা ফিরে আসতে পারে। এ প্রসঙ্গে কাজী আলতাফ হোসেন নামে এক বিনিয়োগকারীর মন্তব্য, ‘আমাদের এভাবে ভোগানোর কী দরকার। প্রতিদিনই ভাবছি বাজার স্থিতিশীল হবে। কিন্তু হতাশ হচ্ছি প্রতিদিনই। সবাই আমাদের ধৈর্য ধরতে বলছেন। কিন্তু তা কত দিন বলতে পারেন? আমরা মনে করি, সরকার চাইলেই বাজারে গতিশীলতা ফিরে আসবে।’ বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রেসিডেন্ট ফখর উদ্দিন আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘‘আমি কিন্তু এখনো বিনিয়োগকারীদের বলব ‘আপনারা ধৈর্য ধরুন, ভয় পাওয়ার কিছু নেই। কারণ সামনে বেশ কিছু নতুন শেয়ার আসছে তখন পরিস্থিতি পাল্টে যাবে। আর যাঁরা খারাপ শেয়ার কিনেছেন তাঁরা সেগুলো বাদ দিয়ে ভালো মৌলভিত্তির শেয়ার কিনলে আর ঝুঁকি থাকবে না।’’ তিনি পুরোনো বিনিয়োগকারীদের ‘পেনিক সেল’ বা গুজবে বিক্রির সিদ্ধান্ত পরিহার করতে বলেছেন। তাঁর মতে, ভালো মৌলভিত্তির শেয়ারে তো সামনে ডিভিডেন্ট পাওয়ার সুযোগ রয়েছে। কাজেই শুধু শুধু বিভ্রান্ত হওয়ার দরকার নেই।