'নগর মন্দিরের রক্ষকেরা'

‘প্রতিদিন দেখা হলেও হয়তো আমরা তাঁদের লক্ষ করি না। যেখানে তাঁদের দেখা মেলে, সেই জায়গাগুলো জাদুময়, জিনিসপত্রে উপচে পড়া, রঙের রংধনু আর গল্পে ভরা। আটপৌরে বেসাতির নগরে নগর মন্দিরের তাঁরাই রক্ষক। তাঁরা কখনো আবেগপ্রবণ, কখনো মজার, কখনো খাঁটি আর কখনো বা ভীতিকর।’

এভাবেই নিজের তোলা ছবির পাত্র-পাত্রীদের পরিচয় করিয়ে দেন মন্ট্রিয়লে বসবাসকারী ফরাসি আলোকচিত্রী ভ্লাদিমির আনতাকি। লন্ডন, প্যারিস, নিউইয়র্ক, বার্লিন, আমস্টারডাম, ভিয়েনা, বৈরুত, লাস ভেগাস ও মন্ট্রিয়লে ঘুরে ঘুরে সেখানকার দোকানিদের ছবি তুলেছেন আনতাকি। ‘নগর মন্দিরের রক্ষকেরা’ নামে আনতাকির এই সিরিজের কিছু ছবি নিয়ে দ্য গার্ডিয়ান অবলম্বনে এই ফটো-ফিচার।

বিশ্বের বিভিন্ন নগরের দোকানি নিয়ে এই আলোকচিত্র সিরিজ সম্পর্কে ভ্লাদিমির আনতাকি বলেন, ‘দ্য গার্ডিয়ানস অব আরবান টেম্পলসের সৃষ্টি হয়েছে এই মানুষগুলোর কাজকে প্রামাণ্যচিত্রে ধরে রাখা এবং তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে।’ নগরে নগরে ঘুরে বেড়ানো এই শিল্পী বলেন, ‘নগরে ঘুরে বেড়ানোর ঝুট-ঝঞ্ঝাট থেকেই এই কাজের শুরু। প্রাথমিক ভাবনাটা ছিল নগর প্রতীক হয়ে ওঠা জায়গাগুলো এড়িয়ে শক্তিশালী দৃশ্যপটের জায়গাগুলোতে স্বতঃস্ফূর্তভাবে ঢুকে পড়া। সব নগরকেই আমি একটা ধাঁধার মতো করে দেখতে এবং হারিয়ে গিয়ে সেখানে লুকিয়ে থাকা সম্পদগুলো আবিষ্কারে আনন্দ পাই।’

এই আলোকচিত্র সিরিজের বিশেষ ওয়েবসাইটে আনতাকি লিখেছেন, ‘অনেক সময়ই দেখেছি আমার তোলা ছবিগুলোই হয়তো এই “রক্ষকদের” দৈনন্দিন কর্মক্ষেত্রের পরিপার্শ্বে তাঁদের একমাত্র স্মারক। ওই ছবিই হয়তো ওই জায়গাটার একমাত্র ভিজুয়াল রেকর্ড, আলোকচিত্রে ধরে রাখা একমাত্র স্মৃতি। মানুষ তাঁর পরিবেশের প্রতি খুব একটা মনোযোগী হয় না। মানুষ সব সময় ছোটাছুটির মধ্যেই থাকে। দুর্ভাগ্যজনক হলো, আমাদের চারপাশে এই জায়গাগুলো হয়তো একসময় আর থাকবে না। এটাই এই দোকানিদের ছবি তুলে রাখার ক্ষেত্রে আমার অন্যতম প্রণোদনা হিসেবে কাজ করেছে।’

উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ার নয়টি নগরে ঘুরে ঘুরে প্রায় ২৫০ জন দোকানির ছবি তুলেছেন আনতাকি। বেশির ভাগ ক্ষেত্রেই প্রথম সাক্ষাতেই দোকানিদের ছবি তুলেছেন এই আলোকচিত্রী। আনতাকি বলেন, একবার সম্পর্ক স্থাপন হয়ে গেলে আলোকচিত্রী আর তাঁর ছবির চরিত্রের মধ্যে কোনো না কোনো যোগসূত্র তৈরি হয়েই যায়। অনেক ক্ষেত্রেই এমন হয়েছে যে, দোকানি তাঁকে কিছু না কিছু উপহার দিয়ে দিয়েছেন। তবে, সব সময়ই নিজের ক্যামেরায় ধরে রাখা দোকানির মুখচ্ছবিই আনতাকির সবচেয়ে বড় পাওনা।

ফরাসি এই আলোকচিত্রী বলেন, ‘আলোকচিত্রের মুহূর্তটা নির্ভর করে ব্যক্তির সঙ্গে আলোকচিত্রীর তাত্ক্ষণিক ও সংক্ষিপ্ত যোগাযোগের ওপর। আমি চেষ্টা করি দর্শকের কাছে ব্যক্তি এবং স্থানের চারিত্রিক বৈশিষ্ট্যটাকে তুলে ধরতে। আমার আগ্রহ নিজের জায়গাটার সঙ্গে দোকানির সম্পর্কটাকে আবিষ্কার করায়; তিনি কীভাবে ওই পরিসরে নিজেকে হাজির করেন তাতে।’

দোকানে দোকানে ঘুরে ঘুরে দোকানিদের নিয়ে কাজ করতে গিয়ে অনেকের সঙ্গেই তাঁর পেশা এবং পেশাজীবী হিসেবে তাঁর সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে গভীর আলাপচারিতায় জড়িয়ে পড়েছেন ফরাসি বংশোদ্ভূত আলোকচিত্রী আনতাকি। কানাডার মন্ট্রিয়লে একটা বইয়ের দোকান পরিচালনা করেন টেরেন্স। আনতাকিকে টেরেন্স বলেন, ‘তুমি জানো বইয়ের দোকান এক ধরনের কমিউনিটি সেন্টারের মতো। অনেক লোকই এখানে আসে বসে থেকে বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা মারার জন্য। আমি এমনও দেখেছি যে, এখানে এসেই ওই নারী-পুরুষদের প্রথম আলাপ-পরিচয় হয়েছে এবং শেষে তাঁদের সম্পর্ক স্বর্গীয় বন্ধনে বা বিয়েতেই গড়িয়েছে।’

দোকানিদের ঘনিষ্ঠভাবে জানতে গিয়ে আলোকচিত্রী আনতাকি দেখেছেন যে, এখন পুরোদস্তুর দোকানি বনে যাওয়া অনেক নারী-পুরুষই একসময় অন্য কোনো পেশায় সফল জীবন যাপন করেছেন। আবার অনেকেই এই পেশা বেছে নিয়েছেন নিঃসঙ্গ সময় না কাটিয়ে আটপৌরে জীবনে মানুষের সঙ্গে মেলামেশার সুযোগের জন্যই। ‘বার্ডম্যান’ নামে পরিচিত নিউইয়র্কের ‘রেইনবো মিউজিক’-এর দোকানি একসময় ছিলেন ওয়াল স্ট্রিটের শেয়ার ব্যবসায়ী। ৩৫ থেকে ৫৭ বছর পর্যন্ত শেয়ার ব্যবসায় কাটানোর পর দোকানির জীবন বেছে নিয়েছেন তিনি। বিশাল ওই দোকানে রাখা হাজার হাজার সিডির হিসাব রাখতে কোনো কম্পিউটার বা রেজিস্ট্রার খাতাও ব্যবহার করেন না বার্ডম্যান। প্রখর স্মৃতিশক্তির এই লোক এমনকি এখনো কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না।
আলোকচিত্রী ভ্লাদিমির আনতাকির এই সিরিজের আরও ছবি দেখতে ভিজিট করতে পারেন এই ঠিকানায়: http://the-guardians.info