চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী একজন প্রকৌশলী। নগরের জলাবদ্ধতা নিয়ে গঠিত সিটি করপোরেশনের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তিনি। নগরের জলাবদ্ধতা নিয়ে তাঁর সঙ্গে কথা বলেন একরামুল হক। প্রথম আলো: জোয়ারের পানি নগরবাসীর জন্য নতুন বিড়ম্বনা। বিশেষ করে, এতে আগ্রাবাদ, হালিশহর ও বাকলিয়া এলাকার নাগরিকদের ভোগান্তি বেড়েছে। এ থেকে উত্তরণের উপায় কী?বিজয় কুমার চৌধুরী: খালের মুখগুলোতে স্লুইস গেট নির্মাণের চিন্তাভাবনা আছে। বিষয়টি প্রক্রিয়াধীন। এটি বাস্তবায়ন হলে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হবে না। প্রথম আলো: এ জন্য সিটি করপোরেশন কোনো বরাদ্দ রেখেছে?বিজয় কুমার চৌধুরী: জলাবদ্ধতা দূর করতে সিটি করপোরেশন ৫০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। এটি বাস্তবায়নের কাজ চলছে। এই প্রকল্পের মধ্যে স্লুইসগেটের কথাটিও উল্লেখ আছে। প্রথম আলো: নগরের খালগুলো পরিষ্কার করার ব্যাপারে আপনারা কী করছেন?বিজয় কুমার চৌধুরী: জলাবদ্ধতা নিরসনের জন্য একজন নির্বাহী প্রকৌশলীর তত্ত্বাবধানে একটি পর্যবেক্ষণ সেল গঠন করা হয়েছে। খালগুলো খনন ও দখলমুক্ত রাখতে সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য কাজ চলছে। এটি বাস্তবায়িত হলে নগরের জলাবদ্ধতা অনেক কমে যাবে। প্রথম আলো: প্রকল্পের আওতায় কয়টি খাল আছে কিংবা খালের দৈর্ঘ্য কত?বিজয় কুমার চৌধুরী: সিটি করপোরেশনে প্রাইমারি খালের দৈর্ঘ্য প্রায় ১৬৫ কিলোমিটার এবং সেকেন্ডারি খালের দৈর্ঘ্য ৪৭০ কিলোমিটার। খালগুলো পাঁচটি বিভাগে ভাগ করে খননের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম আলো: আপনারা তো খাল ইতিপূর্বেও খনন করেছেন। এর পরও জলাবদ্ধতা দূর হচ্ছে না কেন? বিজয় কুমার চৌধুরী: গত অর্থবছরে ১৩ কোটি টাকা খরচ করে নগরের খালগুলো খনন করা হয়। আমরা অনুসন্ধান করে জানতে পেরেছি, ঘর বা দোকানপাটের ময়লা-আবর্জনায় খালগুলো ভরে যায়। আসলে নগরবাসী সচেতন না হলে হাজার-কোটি টাকা খরচ করেও জলাবদ্ধতা দূর করা সম্ভব নয়।