‘নগরের বেশির ভাগ ভবন ঝুঁকিপূর্ণ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝারি ও তীব্রমাত্রার ভূমিকম্প হলে চট্টগ্রামের বেশির ভাগ বহুতল ভবন ও বিদ্যালয় ধসে পড়বে। সম্প্রতি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকিবিষয়ক সেমিনারে এই তথ্য দেন বক্তারা।সেমিনারে চুয়েটের দুর্যোগ ও পরিবেশ প্রকৌশল বিভাগের প্রধান জাহাঙ্গীর আলম মূল প্রবন্ধ পাঠ করেন। প্রবন্ধে উল্লেখ করা হয়, চট্টগ্রামের এক লাখ ৮২ হাজার বহুতল ভবনের মধ্যে এক লাখ ৪১ হাজার ভবন এবং এক হাজার ৩৩ বিদ্যালয় ভবনের ৭৩৯টি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রবন্ধে উল্লেখ করা হয়, মিয়ানমার বাংলাদেশ সীমান্তে ভূগর্ভস্থ মহাদেশীয় প্লেটের সংযোগস্থলে ৮ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা আছে। এ ক্ষেত্রে প্রথমে কক্সবাজার ও পরে চট্টগ্রাম ক্ষতিগ্রস্ত হবে। চট্টগ্রামে তখন ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হবে। এ মাত্রার ভূমিকম্পে চট্টগ্রামের এক হাজার ৩৩টি বিদ্যালয়ের মধ্যে ৭৩৯টি ভেঙে পড়তে পারে। প্রায় আড়াই থেকে তিন লাখ মানুষের মৃত্যু হতে পারে।জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামে অনেক আবাসিক ভবনে হাসপাতাল গড়ে উঠেছে। বড় ভূমিকম্প হলে হাসপাতালগুলোও ধসে পড়তে পারে। পাশাপাশি গ্যাস লাইন, পানির লাইন, বিদ্যুতের লাইন, টেলিফোন লাইনসহ সব অবকাঠামো বিধ্বস্ত হবে। ধ্বংসস্তূপের পরিমাণ হবে প্রায় ১৭ লাখ মেট্রিক টন, যেগুলো সরাতে ৭০ হাজার ট্রাকের প্রয়োজন হবে।প্রবন্ধে উল্লেখ করা হয়, মিরসরাই থেকে টেকনাফ পর্যন্ত একটি চ্যুতি আছে, যেখানে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হতে পারে। চট্টগ্রাম শহর থেকে এর দূরত্ব কম হওয়ায় চট্টগ্রাম শহর ক্ষতিগ্রস্ত হবে।প্রবন্ধে বলা হয়, ভূমিকম্পের কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। সে কারণে বিল্ডিং কোড মেনে ভবন তৈরি করতে হবে। পাশাপাশি ভূমিকম্প-পরবর্তী উদ্ধারকাজ পরিচালনা করার জন্য যথাযথ প্রস্তুতিও থাকা চাই।