ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা ফাহমিদা রহমান বুলি ফোটার পরই যে গানটি প্রথম গাইলেন তা ছিল কাজী নজরুল ইসলামের—‘পাষাণে ভাঙালে ঘুম কে তুমি সুরের ছোঁয়ায়...।’ দুই-আড়াই বছর বয়সে এই গান! সবাই হয়তো কিছুটা অবাকই হবেন। অবাক হওয়ারই কথা। তবে ফাহমিদার শুরুটা আদতে এ রকমই। তিনি বলেন, ‘আমাদের বাসার পরিবেশটাই ছিল অন্য রকম।’ শুক্রবার এক আড্ডায় নিজের বেড়ে ওঠার গল্পটা এভাবেই বললেন নজরুলসংগীত শিল্পী ফাহমিদা রহমান।ফাহমিদা বলেন, ‘আমার বাবা এ এইচ সাইদুর রহমান প্রতিদিন সকালে ঘুম ভাঙাতেন গান গেয়ে। ছোটবেলা থেকে বাবা-চাচাদের গান শুনতে শুনতে বড় হয়েছি। আমার বাবা ছিলেন সুধীন দাশদের সমসাময়িক। তিনি বাসায় নজরুলসংগীত শেখাতেন। শবনম মুশতারীসহ বাবার অনেক গুণী ছাত্রী ছিল। তিনি যখন তাঁদের শেখাতেন, বিভিন্ন জায়গা বারবার করাতেন, তখন শুনতে শুনতেই গান তুলে ফেলতাম। কারণ, সবসময় বাবার কাছে যাওয়ার সাহস পেতাম না, তিনি ছিলেন অত্যন্ত রাসভারী। বাবা ছিলেন নিভৃতচারী একজন মানুষ। তিনি নজরুলের অপরিচিত গানগুলো গাইতেন, স্বরলিপি সংগ্রহ করেছেন। এগুলো নজরুল একাডেমী থেকে প্রকাশিতও হয়েছে। এ জন্য তাঁকে মরণোত্তর সম্মাননাও দেওয়া হয় নজরুল একাডেমী থেকে। কিন্তু তিনি খুব কম সময়ে চলে গেলেন। আমরা তখনো ছোট। তাঁর অনেক কিছুই আমরা পাইনি।’বাবার অনেক কথা আজও ফাহমিদার হূদয়ে বাজে। বললেন, ‘তিনি যদি কখনো আমাদের ভাইবোনদের গান শুনতেন; হয়েছে এটা কখনো বলতেন না। বলতেন, এ জায়গাটা হয়নি, আবার করো। বাবার এই কথাটা আমার এগিয়ে যাওয়ার মন্ত্রণা হিসেবে কাজ করেছে। সব সময় চেষ্টায় থাকতাম কীভাবে আরও ভালো করা যায়। এখনো শেখার মধ্যেই আছি।’ তিনি বলেন, ‘নজরুলে আমার শুরু, নজরুলেই আমার ঠাঁই।’গানের হাতেখড়ি পরিবারে হলেও বাবার পরামর্শে ক্ল্যাসিক্যাল করেছেন ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার কাছে। তিনি বর্তমানে বাংলাদেশ বেতার ও টিভিতে নজরুল ও আধুনিকে তালিকাভুক্ত শিল্পী। নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে এবারের আয়োজনে নজরুল একাডেমী, ছায়ানটসহ বিভিন্ন টিভি চ্যানেলে অনুষ্ঠানে গান করেছেন। গেয়েছেন চট্টগ্রামের বিভিন্ন অনুষ্ঠানেও। গান নিয়ে ফাহমিদার সুখের স্মৃতি অসংখ্য। কিন্তু এর মধ্যে একেবারে দগদগে ক্ষত হয়ে আছে একটি কষ্টের ঘটনা। কাছের মানুষটির কাছ থেকে পাওয়া সেই কষ্ট কিছুতেই ভুলতে পারেন না। শুনুন ফাহমিদার মুখেই—‘ঘটনাটা ২০১০ সালের। তখন গান শেখাতে আমার কানাডা যাওয়ার কথা ছিল। কিন্তু আমার স্বামীর কিছু সমস্যা হওয়ায় তাঁর যাওয়াটা অনিশ্চিত হয়ে গেল। তিনি যেতে না পারায় আমি যাতে কানাডা যেতে না পারি, সে জন্য আমার কণ্ঠ স্তব্ধ করার ষড়যন্ত্র করেন। খাবার পানির সঙ্গে বিষ মিশিয়ে দেন যেন আমি আর গাইতে না পারি। পানিটা আমাকে পান করান হুজুরের পানি বলে। এর কয়েক দিন পর বোনানজায় আমার একটা অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে তিনটি গান করার পর আমার গলা বসে যায়। এদিকে, কানাডা যাওয়া আর হলো না। এরপর প্রায় দেড় বছর গান করতে পারিনি। দেশে আমি বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়ে ফল না পেয়ে দেশের বাইরে যাব চিন্তা করি, সেখানেও বাধা দেওয়া হয়। তারপর ব্যাংককে ধরা পড়ে আমাকে বছর খানেক আগে বিষ খাওয়ানো হয়েছিল। আমার স্বামী হুজুরের পানি পড়া বলে যে পানি খাইয়ে ছিল তাতেই ছিল বিষ। এরপর গত ডিসেম্বরে আমার গলায় অস্ত্রোপচার ও শরীরেরও যে বিষক্রিয়া ছড়িয়ে পড়ছিল সেজন্য আমাকে চিকিৎসা দেওয়া হয়।’লম্বা এ ঘটনা বলার পর কিছুটা দম নেন। দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, ‘চিকিৎসা শেষে দেশে ফিরে সিদ্ধান্ত নিলাম আজ আমার গান শেষ করতে চেয়েছে কাল হয়তো আমাকে...। তাই সংসারটা আর হলো না।’ গানের বাইরে শিল্পী ফাহমিদা রহমানের রয়েছে আরেক জগত। তিনি কাজ করেন চট্টগ্রাম ওয়াসার জনসংযোগ বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে নজরুল একাডেমীর সহসম্পাদক হিসেবেও কাজ করেছন। পেশাগত দায়িত্বের বাইরে গানের মানুষটি গানেই সারা জীবন মজে থাকতে চান। তিনি বলেন, ‘আমি শিল্পী হতে চেয়েছি, তারকা নয়। আমার ইচ্ছা নজরুলের যে সাড়ে তিন হাজার গান আছে আমি প্রতিটা গানই কণ্ঠস্থ করব। কেউ বললেই যেন আমি গেয়ে দিতে পারি। সেই অভিপ্রায়ে আমি প্রতিদিনই একটি নতুন গান তুলি। এ ছাড়া আমি নজরুলসংগীত শুদ্ধভাবে গাইতে আগ্রহী কিছু শিক্ষার্থীকে শেখাচ্ছি। নজরুলের গানের ক্ষেত্রে চলে স্বেচ্ছাচারিতা। যার যেভাবে খুশি সেভাবে গায়। আমি চাই নজরুলসংগীতের ক্ষেত্রেও শুদ্ধভাবে গাইতে পারা একটা দল তৈরি হবে। এটাই আমার সংকল্প।’