‘নতুন প্রজন্মকে প্রযুক্তি শিক্ষায় সমৃদ্ধ হতে হবে’
‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে কম্পিউটারে দক্ষতা ও ইংরেজি শিক্ষার বিকল্প নেই। এখন কাজের প্রতিটি ক্ষেত্রেই কম্পিউটারের প্রয়োজনীয়তা রয়েছে। তাই ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে নতুন প্রজন্মকে প্রযুক্তি শিক্ষায় সমৃদ্ধ হতে হবে।’৬ জুন কক্সবাজার জেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাজসেবা আইসিটি ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ৩১তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ মো. নুরুল বাসির এ কথা বলেন। শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদের সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক প্রিতম কুমার চৌধুরী, সহসভাপতি প্রিয়তোষ পাল, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক নিখিলচন্দ্র কর্মকার, প্রকৌশলী কানন পাল, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য আবু মোর্শেদ চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা কুমকুম আচার্য্য প্রমুখ। সভায় দেড় শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান প্রশিক্ষক পিন্টু দত্ত।