‘নদীতে পানি বাড়তে দেখলেই আতঙ্ক বাড়ে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নদীতে পানি বাড়লেই ভাঙন শুরু হয়। দুই মাস আগেও এখানে বাড়িঘর ছিল। ছিল প্রাণচাঞ্চল্য। বাঁকখালী নদীর ভাঙনে এখন সেসব বাড়িঘরের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। তাই নদীতে নতুন করে পানি বাড়তে দেখলেই মনে আতঙ্ক বাড়ে—কখন নিজের বাড়িটি ভেঙে পড়ে, এই ভয়ে।’ এমন আতঙ্ক ও ভয়ের কথা জানালেন নদীভাঙনে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা মো. সোলাইমান ও শফিউল্লাহ।খোঁজ নিয়ে জানা যায়, সাম্প্রতিক বর্ষায় শুধু এ গ্রামেই প্রায় ২০টি ভিটেবাড়ি বিলীন হয়ে গেছে বাঁকখালী নদীর ভাঙনে। উপজেলার আরও দেড় শতাধিক ভিটেবাড়ি বিলীন হয়েছে আট ইউনিয়নের ২০ গ্রামে। এ ছাড়া, হুমকির মুখে আছে কবরস্থান, শিক্ষা, ধর্মীয়, ব্যবসাপ্রতিষ্ঠানসহ পাঁচ শতাধিক বসতঘর।চাকমারকুল ইউনিয়নের চেয়ারম্যান মুফিদুল আলম জানান, সাম্প্রতিক বর্ষায় ইউনিয়নের মিস্ত্রিপাড়া এলাকায় মো. শফিউল্লাহ, মো. সোলাইমান, মো. ইউসূফ, আজিজুল হক, আলী হোসেন, কলিম উল্লাহ, ছৈয়দ আলম, আমান উল্লাহ ও মো. খালেকসহ ২০ পরিবারের ভিটেবাড়ি নদীতে তলিয়ে গেছে। তারা এখন মানবেতর দিন কাটাচ্ছে। এ ছাড়াও হুমকির মুখে আছে এলাকার একমাত্র জামে মসজিদসহ অর্ধশতাধিক বাড়িঘর। মো. সোলাইমান ও শফিউল্লাহ জানান, তাঁদের ৬০ শতক বসতভিটার প্রায় ৪০ শতক নদীতে বিলীন হয়ে গেছে। দুই ঘরের অর্ধেকটাও তলিয়ে গেছে। বর্তমানে নিরুপায় হয়ে ছেলেমেয়েদের নিয়ে ঝুঁকির মুখে ভাঙা ঘরে বসবাস করছেন তাঁরা। ক্ষতিগ্রস্ত আবদুল হাকিম বললেন, ‘যেদিন বৃষ্টি বেশি হয়, সেদিন রাত কাটে অনিদ্রায়। কখন বাড়িটি নদীতে ভেঙে পড়ে সে আতঙ্কে থাকি পরিবারের সবাই।’রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুর রহিম জানান, বর্ষায় ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় পাঁচটি ভিটেবাড়ি বাঁকখালীতে তলিয়ে গেছে। হুমকির মুখে আছে আরও ২০-৩০টি বসতঘর। তিনি নদীভাঙন রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান। কচ্ছপিয়ার ইউনিয়নের বাসিন্দা জ ম ওবাইদুর রহমান জানান, ইউনিয়নের বড় জামছড়ি, গর্জনিয়ার পূর্ব বোমাংখিল, মাঝিরকাটা ও ডেইঙ্গার চর এলাকায় প্রায় ৩০টি ভিটেবাড়ি নদীতে তলিয়ে গেছে। বর্তমানে এসব পরিবারের দুই শতাধিক শিশু ও নারী-পুরুষ দুর্ভোগে আছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল পশ্চিমপাড়া, চরপাড়া, পূর্বপাড়া, রাজারকুলের পূর্ব রাজারকুল, দক্ষিণ রাজারকুল, সিকদারপাড়া, পালপাড়া, ফতেখাঁরকুলের খন্দকারপাড়া, লম্বরিপাড়া, দক্ষিণমিঠাছড়ি ইউনিয়নের উমখালী এবং জোয়ারিয়ানালাসহ আটটি ইউনিয়নের ২০টি গ্রামের দেড় শতাধিক ভিটেবাড়ি, মুরগির খামার, ব্যবসাপ্রতিষ্ঠান বাঁকখালীতে বিলীন হয়ে গেছে।রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আশা করছি, আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে কিছু বরাদ্দ পাব।’