
স্কুলের প্রথম দিন থেকেই নাহিদা আর সাথির (ছদ্মনাম) খুব বন্ধুত্ব। একই স্কুল, একই কলেজ, একসঙ্গে তাদের বেড়ে ওঠা। মজা করে বলত, এক বাড়িতেই নাকি বিয়ে করবে তারা। যা-ই হোক, বিশ্ববিদ্যালয়েও ভর্তি হয়েছিল একসঙ্গে। তবে এক বছরের মাথায় সাথি অস্ট্রেলিয়া চলে যায় পড়তে। এদিকে স্নাতক শেষ হওয়ামাত্র নাহিদার বিয়ে ঠিক হয়ে যায়। সাথিকে বারবার করে আসতে বলেছিল নাহিদা। ওদিকে বেচারার পরীক্ষা, নাকমুখ গুঁজে চলছে পড়াশোনা। তা ছাড়া অনেক দূরের পথ। সাথিকে ছাড়াই নাহিদার বিয়ে হয়। রাগে-দুঃখে সাথির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতেও বাকি রাখেনি নাহিদা। সাথিরও আফসোসের সীমা ছিল না। তাদের ঘটনাটি বলার একটাই কারণ। অনেক সময় এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এসে পড়ে যে কাছের মানুষগুলোও জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলোতে উপস্থিত থাকতে পারে না। সেটা যে শুধুই বিয়ে, তাই নয়। যেকোনো অনুষ্ঠানে হতে পারে, যেকোনো দিন হতে পারে।
কাজের চাপ বেশি থাকতে পারে। দূরের রাস্তায় কারও জন্য যাতায়াত খরচটা বেশি হয়ে যায়, আবার কেউ কেউ ভ্রমণের দখলটা সহ্য করতে পারে না। অসুস্থতার দিকটাও চলে আসে। এমন অনেক সমস্যা আসতেই পারে। আমন্ত্রণকারী এবং আমন্ত্রিত, দুপক্ষেরেই এখানে করণীয় আছে।
আপনি যদি অনুষ্ঠানে যোগ দিতে না পারেন, তবে আগেভাগেই তা জানিয়ে রাখুন। নিজের কারণটা বলার মতো হলে সেটা খুলে বলুন, দুঃখ প্রকাশ করুন। আত্মার আত্মীয় সে মানুষটি নিশ্চয় বুঝবেন। আগেভাগে জানিয়েই খালাস, এমনটা যেন না হয়। আপনি যে ভুলে যাননি, অনুষ্ঠান আয়োজনের দিন আরেকবার ফোন করে শুভেচ্ছাবার্তা পাঠান। তবে এত কিছুর পরও মনে একটা খুঁতখুঁতে ভাব থেকেই যায়, ‘না গেলে যে কী মনে করবেন!’ আমন্ত্রণকারী মনে কিছু না করলেও, আমন্ত্রিত মানুষটি মনঃকষ্টে থাকেন এবং সুযোগ না থাকলেও অনুষ্ঠানে উপস্থিত থাকার চাপ অনুভব করেন। এই দোটানা থেকে মুক্তি কিন্তু নিমন্ত্রণকারীই দিতে পারেন।
এ ব্যাপারে ওয়েটিং ফর বার্ডি-এর লেখিকা ক্যাথেরিন নিউম্যান একবার এক প্রশ্নের উত্তরে লিখেছিলেন, আমার প্রথম সন্তানের বেবি শাওয়ারে আমার মা উপস্থিত ছিলেন না। সে সময় তিনি ছিলেন নিউইয়র্কে, আর আমি ক্যালিফোর্নিয়ায়। তবে তিনি তাঁর বক্তব্যগুলো লিখে পাঠিয়ে বলেছিলেন, অনুষ্ঠানের দিন যেন সবাইকে শুনিয়ে সেটা পড়া হয়।
নিমন্ত্রণ জানানোর সময় এমনই কিছু করতে পারেন। সেটা নিমন্ত্রণপত্রে হোক কিংবা ফোন করে। জীবনের বিশেষ দিনটিতে নিমন্ত্রিত মানুষটিকে আপনাদের মধ্যে পেয়ে যে আপনি অত্যন্ত আনন্দিত হবেন সে কথা উল্লেখ করে বলতে পারেন, ‘আমি বুঝতে পারছি যে আপনি অনেক দূরে থাকেন অথবা ব্যস্ত থাকেন কিংবা আসাটা আপনার জন্য অনেক কষ্টের হবে। তবু আপনার উপস্থিতি আয়োজনটাকে আরও সমৃদ্ধ করবে। একান্তই যদি না আসতে পারেন তবু আপনার আশীর্বাদ যেন আমরা পাই। আমাদের জন্য দোয়া করতে এবং দুই লাইন লিখতে ভুলবেন না।’
প্রযুক্তিমনা চাকরিজীবী আকতার হোসেন অবশ্য আরেকটু যোগ করতে চাইলেন। তিনি বললেন, ‘ভিডিও কল করা এখন অনেক সহজ। থ্রিজি নেটওয়ার্কে তো বটেই, ভাইবার, হোয়াটসঅ্যাপের মতো অ্যাপে ভিডিও কল করে সহজেই সেদিন নিজের কথাগুলো সরাসরি জানাতে পারেন। এতে সশরীরে উপস্থিত না হওয়ার দুঃখ কিছুটা হলেও ঘুচবে।’
এ ব্যাপারে জানতে চেয়ে লিখেছিলাম প্রশ্নোত্তরভিত্তিক সামাজিক যোগাযোগের ওয়েবসাইট কোরাতে। সেখানে অনেকটা একই উত্তর দিয়েছেন ক্যারোল আন্টার এবং মেরি মুর। তাঁরাও বলেছেন আমন্ত্রণপত্রে বিষয়টি উল্লেখ করে দিতে। সঙ্গে যোগ করেন, ‘তবে এ ক্ষেত্রে লেখার ভাষাটা যথেষ্ট নরম হতে হবে। নিমন্ত্রিত মানুষটি যেন “গেলেও হয়, না গেলেও চলে” মনোভাব পোষণ না করেন।’