নাট্য সংগঠন তির্যক নাট্যদল ও থিয়েটার স্টুডিওর যৌথ উদ্যোগে আয়োজিত তিন মাসব্যাপী স্বল্পমেয়াদি থিয়েটার প্রশিক্ষণ কোর্সের ষষ্ঠ ব্যাচের সমাপনী অনুষ্ঠান ২৬ এপ্রিল নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) লেকচার থিয়েটার হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন।
তিনি বলেন, নাটক অসাধারণ এক শিল্পমাধ্যম, যা মানুষকে নিরন্তর পরিশীলিত করে। পৃথিবীর প্রাচীন এই শিল্পমাধ্যমটি অপরাপর শিল্পমাধ্যমের তুলনায় সরাসরি শিল্পগ্রহীতাদের প্রভাবিত করে।
কোর্স সম্পন্নকারী ২২ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেন অতিথি। অনুষ্ঠানে নাটকের গান পরিবেশন করেন তির্যকের নাট্যশিল্পীরা।
উল্লেখ্য, থিয়েটার স্টুডিও ও তির্যক নাট্যদল নিয়মিতভাবে এই প্রশিক্ষণ কোর্স আয়োজন করে থাকে। এতে মূলত শারীরিক ও বাচিক অভিনয়, ছন্দ, থিয়েটারের ইতিহাস, উচ্চারণ, মুভমেন্ট, চরিত্র বিশ্লেষণ ও অনুধাবন ইত্যাদির প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া একটি নাটক নির্মাণ–সম্পর্কিত প্রস্তুতিমূলক ব্যবহারিক ধারণাও দেওয়া হয় প্রশিক্ষণে। সপ্তম ব্যাচের প্রশিক্ষণ কোর্স শুরু হবে আগামী আগস্ট মাসে। বিজ্ঞপ্তি।