‘নাটকপাড়ার অনেক তারকাই পীর-ফকিরের কাছে যান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরনে ট্রাউজার আর সাদা টি-শার্ট। হাতটা বাড়িয়ে ধরেছেন পাশের সোফায় বসা জ্যোতিষীর দিকে। আমাদের দেখেই বললেন, পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে। ওরা কদম আলী কিংবা ঢ়াড়াংয়ের মামুনুর রশীদ জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন? ঠিক করলাম আলাপের শুরুতেই জেনে নেব। মামুনুর রশীদের হাত দেখতে দেখতে গম্ভীর স্বরে জ্যোতিষী বললেন, ‘ওই যে বললাম, কী রঙের কাপড় পরবেন সেটা গুরুত্বপূর্ণ...’ চট্টগ্রাম সিটি করপোরেশনের সংবর্ধনা নিতে এবং বিশ্বনাট্য দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিতে চট্টগ্রাম এসেছিলেন মামুনুর রশীদ। ব্যস্ততার এক ফাঁকে গত বুধবার দুপুরে নাট্যজন আহমেদ ইকবাল হায়দারের বাসায় কথা বললেন প্রথম আলোর সঙ্গে। প্রাণখোলা মানুষ তিনি। কথাবার্তায় সহজ সাধারণ। তাই ঘণ্টা দুয়েকের আড্ডায় খ্যাতিমান নাট্যকার, অভিনেতা ও নির্দেশক এই তিন পরিচয় ছাপিয়ে হয়ে উঠলেন জমজমাট বৈঠকি মানুষ।জ্যোতিষী বিদায় নিতেই প্রশ্ন করি,‘ভাগ্যে বিশ্বাস করেন?’ যেন তৈরিই ছিলেন তিনি। বললেন, ‘না। একেবারেই না। নিছক উনাকে (মধাব আচার্য) পেয়ে কৌতূহল জাগল। তাই হাত দেখালাম। তবে নাটকপাড়ার অনেক তারকাই ভাগ্যে বিশ্বাস করেন। পীর-ফকির কিংবা জ্যোতিষীর কাছে যান। এর কারণও আছে। নাটকের জগতে অনেক প্রতিভাবান মানুষ পরিশ্রম করেও প্রতিষ্ঠা পাননি। আবার অনেকে তেমন মেধাবী না হয়েও তারকা বনে গেছেন। আমাদের অনেক নাটক খুব খেটে দাঁড় করানোর পর দেখা গেল, দর্শক নিল না। এমন ঘটনা অনেককেই অদৃষ্টবাদী করেছে।জীবনের সাইকেল বইয়ের একটি লেখায় মন্তব্য করেছিলেন, ‘বাংলাদেশ এক মহান আত্মীয়তার দেশ।’ সে কথার সূত্র ধরে প্রশ্ন করি, চট্টগ্রামের সঙ্গে আত্মীয়তার বন্ধনটা কেমন? বললেন, ‘সত্তরের দশকে আমরা যখন নাটক করছি, তখন চট্টগ্রামেও থিয়েটার সেভেনটি থ্রি, অরিন্দম কিংবা তীর্যকের মতো দল হয়েছে। খুব ভালো কাজ হয়েছে তখন চট্টগ্রামে। এ ছাড়া এখানকার বইঘর প্রকাশনা থেকে বের হয়েছিল আল মাহমুদের কালের কলস, শামসুর রাহমানের বিধ্বস্ত নীলিমা , পশ্চিমবঙ্গের অসীম রায়ের উপন্যাস আবহমানসহ অনেক বিখ্যাত লেখকের বই। চট্টগ্রামের পটভূমিতে লেখা আলাউদ্দীন আল আজদের কর্ণফুলী পড়ে মুগ্ধ হয়েছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রতিষ্ঠাতা শিল্পী রশীদ চৌধুরী ছিলেন আমার বন্ধুর বড় ভাই। তাঁর ছবির খুব অনুরাগী ছিলাম। এ ছাড়া সেই সময় অধ্যাপক আনিসুজ্জামান, আবু হেনা মোস্তফা কামাল, সৈয়দ আলী আহসানসহ অনেক খ্যাতনামা বুদ্ধিজীবীর কর্মস্থল ছিল চট্টগ্রাম। তাই চট্টগ্রামের সঙ্গে একটা উষ্ণ সম্পর্ক তৈরি হয়েছে তরুণ বয়সেই।’জানালেন, এখানকার ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য, পাহাড়ের নিসর্গ ও আদিবাসীদের সংস্কৃতি এসবের কারণেও চট্টগ্রামের প্রতি দুর্বলতা জন্মেছে। পছন্দ করেন চট্টগ্রামের শুঁটকি, গরুর মাংসের কালো ভুনা ও মেজবানের মাংস। চট্টগ্রামের জেলে ও নাবিকদের তাঁর মনে হয় বিখ্যাত নাট্যকার সিনেজর সমুদ্রপিপাসা নাটকের সংগ্রামী চরিত্রের মতো। সমুদ্রের দুর্বার আকর্ষণে জীবনকে তুচ্ছ করেন তাঁরা। চট্টগ্রামের নাটকের দর্শক সম্পর্কে তাঁর উচ্ছ্বসিত মন্তব্য, ‘এখানকার দর্শকেরা অসাধারণ। তাঁরা ভালো নাটকের কদর করেন। ঢাকায় প্রিমিয়ার শো-এর পরপরই আমাদের প্রায় সব নাটকের মঞ্চায়ন হয়েছে চট্টগ্রামে।’ এখানকার নাটকের ক্ষেত্রে সীমাবদ্ধতা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ‘থিয়েটার ইনস্টিটিউট বাদে অন্য মঞ্চগুলো ঠিক নাটকের উপযোগী নয়। শিল্পকলা কিংবা মুসলিম হল ইনস্টিটিউট মিলনায়তনের অনেক সমস্যা আছে। এখানকার ভালো নাটকও মিডিয়ায় তেমন প্রচার পায় না। সরকার চাইলে শিল্পকলা, ওয়াজিউল্লাহ ইনস্টিটিউট ও মুসলিম হলে আধুনিক প্রযুক্তিনির্ভর মঞ্চ তৈরি করতে পারে। ’ সত্তরের দশকে কবর নাটকের মধ্য দিয়ে আরণ্যকের যাত্রা শুরু। এরপর আপনার নির্দেশনায় ওরা কদম আলী, ইবলিশ, সর্বশেষ ঢ়াড়াং-এর মতো দেশে-বিদেশে প্রশংসিত নাটক উপহার পেল দর্শকেরা। একজন সফল নির্দেশক হিসেবে কেমন মানুষ আপনি? উদার না স্বৈরাচারী? এই প্রশ্নের উত্তরে হেসে উঠলেন মামুনুর রশীদ। বললেন, ‘উদার হলে তো নাটকের দল টিকবে না। নির্দেশনা দেওয়ার সময় খুব কঠিন হূদয়ের মানুষে পরিণত হই। শৃঙ্খলা রক্ষার জন্য দলের অনেক ভালো কর্মীকে বাদ দিতে হয়েছে।’ আলাপ জমে উঠছিল ক্রমেই। উঠল প্রেমের প্রসঙ্গও। বললেন, ‘এখনো প্রেমে পড়ি। ভবিষ্যতেও পড়ব।’ আহমেদ শরীফকে উদ্ধৃত করে বললেন, ‘প্রীতিহীন জীবন শুষ্ক মরু।’ ভালোবাসাময় হোক পৃথিবী। এমন একটা আশাবাদও উচ্চারিত হলো তাঁর মুখ থেকে। শেষ হয়েও শেষ হলো না আমাদের আড্ডা।