টিভিতে ঈদের বিশেষ নাটক, সিনেমা বা অনুষ্ঠানের মাঝে বিরক্তির অন্যতম কারণ বিজ্ঞাপন। কিন্তু এই বিজ্ঞাপনই যদি হতো ঈদের প্রধান আকর্ষণ, তাহলে কে কী বলতেন—ভেবে দেখেছেন সোহাইল রহমান
এঁকেছেন নাইমুর রহমান
অভিনয়শিল্পী
গত বছরই দর্শকদের কথা দিয়েছিলাম, এখন থেকে বেছে বেছে কাজ করব। সে কথা রাখতেই এবারের ঈদে আমি মাত্র দেড় শ বিজ্ঞাপনে কাজ করেছি, যেগুলো বিভিন্ন চ্যানেলে ঈদের সময় সাত দিন ধরে প্রচারিত হবে। আশা করি, বিজ্ঞাপনগুলো দর্শকদের ভালো লাগবে। সবাইকে পরিবারসহ বিজ্ঞাপন উপভোগ করার অনুরোধ করছি। আর অত্যধিক মাত্রায় নাটকের বিরতির জন্য ঠিকমতো বিজ্ঞাপন দেখা যায় না বলে দর্শকদের যে অভিযোগ, সে বিষয়ে আসলে আমার কিছু বলার নেই। এটা চ্যানেল কর্তৃপক্ষের দেখার বিষয়। তবে আমি তাদের কাছে অনুরোধ করব, অন্তত ঈদের সময়টাতে নাটক প্রচার বাদ দিয়ে বা কমিয়ে দর্শকদের বিজ্ঞাপন দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।
টিভি চ্যানেলের কর্তা
মোট সাত দিনব্যাপী ঈদের বিশেষ বিজ্ঞাপনমালা নিয়ে হাজির আমাদের চ্যানেল। ঈদের প্রথম দিন থেকে টানা সাত দিন রাত সাড়ে নয়টায় দেখুন রোমান্টিক টেলিফিল্ম চলো চাঁদে চা খাই প্রেজেন্টস সাত পর্বের ধারাবাহিক বিজ্ঞাপন ‘স্ট্রবেরি লুঙ্গি; এক লুঙ্গিতেই জীবন পার’, পাওয়ার্ড বাই কমেডি নাটক হাসির সংসার। আরও দেখবেন ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টায় আমরাও প্রেমিক সিনেমা নিবেদিত সেলিব্রিটিদের অংশগ্রহণে বিশেষ বিজ্ঞাপন অনুষ্ঠান ‘তাঁহারা চায়ে কোন দুধ খান’। এ ছাড়া থাকবে আরও নানান ধরনের ধারাবাহিক ও এক পর্বের বিজ্ঞাপন। সবচেয়ে কম নাট্যবিরতি-সংবলিত এসব বিজ্ঞাপন উপভোগ করতে চোখ রাখুন শুধু ‘অ-টিভিতে’।
সমালোচক
প্রতিবারের মতো এবারের ঈদেও টিভিতে সেই পুরোনো ফ্লেভারের বস্তাপচা বিজ্ঞাপনই হচ্ছে। কোথাও কোনো নতুনত্ব নেই। একদিকে বিরক্তিকর ন্যাকামি আর অন্যদিকে সুড়সুড়িমূলক বিজ্ঞাপন প্রচার করে দর্শকদের কাছে পণ্য বিক্রির চেষ্টা চালানো হচ্ছে। এভাবে চললে দর্শকেরা খুব স্বাভাবিকভাবেই অন্যান্য দেশের বিজ্ঞাপনের প্রতি আকৃষ্ট হবেন। আর বিজ্ঞাপনের মাঝে নাটকের বিরতি নিয়ে নতুন করে কিছুই বলার নেই। প্রতিবারই আশ্বাস দেওয়া হয়, এবার বিরতিতে অল্প সময় নাটক প্রচার করা হবে। কিন্তু এসবই ফাঁকা বুলি। আমি অদূরেই ঈদের প্রধান আকর্ষণ বাংলা বিজ্ঞাপনের শেষ দেখতে পাচ্ছি।
সাধারণ দর্শক
নাহ্, এবার ঈদেও টিভি দেখার মতো কোনো অবস্থা নেই। অনেক আশা নিয়ে ফ্যামিলির সবাই একসঙ্গে বসেছিলাম বিজ্ঞাপন দেখব বলে। কিন্তু সে আশার গুড়ে বালি। ১০টা ২ মিনিটের বিজ্ঞাপনের মাঝে কমপক্ষে ৪ মিনিটের নাট্যবিরতি। আসলে বলা ভালো, বিজ্ঞাপনের বিরতিতে নাটক নয়, যেন নাটকের বিরতিতে বিজ্ঞাপন দেখলাম। এত বেশি নাটক দিলে আর কী বলব! বিজ্ঞাপন দেখার মুডই নষ্ট হয়। আর এক-দুইটা নয়, প্রায় প্রতিটা চ্যানেলেই এ রকম অতিরিক্ত নাটকের বিরতি চলছেই। নাটকের মাঝে বিজ্ঞাপন আর কত? যাই, এভাবে বিজ্ঞাপনের নামে নাটক দেখার চেয়ে একটা ঘুম দিই।