কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতজন্মবার্ষিকী উপলক্ষে ‘নানা রবীন্দ্রনাথের একখানা মালা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ। বোধনের বছরব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় আয়োজন ছিল এটি। ১ অক্টোবর সন্ধ্যায় নগরের মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানের মূল বিষয় ছিল রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম নিয়ে। একক ও বৃন্দ আবৃত্তি ছাড়াও ছিল কবিগুরুকে নিয়ে কথামালা। আলোচক ছিলেন সাহিত্যিক হরিশংকর জলদাস ও আবৃত্তিকার মীর বরকত। কবিগুরুর কবিতার পাশাপাশি চিঠি ও গল্প পাঠ করা হয়। শিশুদের মধ্যে প্রিতম পালের ‘দস্তানা’, মীমের ‘জ্যোতিষশাস্ত্র’, অবন্তিকার ‘সমব্যথী’, সেজান হোসেনের ‘ভুলুরাম শর্মা’ এবং রোহিত চক্রবর্তীর ‘মনে পড়া’ আবৃত্তি ছিল মুগ্ধতাজাগানিয়া। আবৃত্তির ফাঁকে ফাঁকে চলে আলোচনা। মীর বরকত বলেন, ‘যখন আমরা বাংলা কবিতা আবৃত্তি করব, বাংলা উচ্চারণে যাব, তখন অবশ্যই আমাদের রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের সাহায্য লাগবে।’ তিনি আবৃত্তি করেন, ‘রূপনারাণের কূলে’ ও ‘প্রথম দিনের সুখ’ কবিতা দুটি। হরিশংকর জলদাস ব্যক্তি রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করেন বেশি। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ হচ্ছে বাংলা সাহিত্যের সংবিধান। যে কজন বাংলা সাহিত্য শাসন করে আসছেন তাঁদের মধ্যে কবিগুরু অন্যতম।’ এরই মাঝে আবৃত্তি নিয়ে আসে বোধনের খ বিভাগের আবৃত্তিকারেরা। রমিজ উদ্দীন ‘কৃপণ’, মোহিনী সংগীতা সিংহ ‘দুই পাখি’, লায়লা নূর ‘অনন্ত প্রেম’, হোসনে আরা ‘হারিয়ে যাওয়া’ এবং রীমা দাশের ‘চিত্রকূট’ ও ‘যাত্রী’ কবিতার ছন্দ মন কেড়েছে দর্শকের। ‘আছে আছে স্থান’ কবিতা দিয়ে দর্শকদের মুগ্ধ করেন রীমা দাশ। ফারুক আজম পাঠ করেন ‘মীনু’ গল্প। অনুষ্ঠান শেষ হয় শিশুদের বৃন্দ পরিবেশনা ‘শ্রাদ্ধ’ এর মাধ্যমে। অনুষ্ঠান উপস্থাপনা করেন মিথিলা চৌধুরী। এদিকে, বোধন আবৃত্তি স্কুলের ১৭ বছর পূর্তি অনুষ্ঠান কাল (শুক্রবার) বিকেল পাঁচটায় নগরের জেলা শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হবে। এতে থাকবে আবৃত্তি, গান, গল্প-আড্ডা, স্মৃতি-তর্পণসহ নানা আয়োজন। বোধন পরিবারের সবাইকে এতে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।বন্ধুসভার শরৎকালীন সাহিত্য আড্ডা প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও শরৎকালীন সাহিত্য আড্ডা সম্প্রতি অনুষ্ঠিত হলো চেরাগি পাহাড়ের কদম মোবারক উচ্চবিদ্যালয় মিলনায়তনে। আবু সুফিয়ানের সঞ্চালনে, উপদেষ্টা আলাউদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি নতুন ও পুরোনো বন্ধুদের অংশগ্রহণে প্রাণবন্ত ছিল। এরপর ছিল শরৎকালীন সাহিত্য আড্ডা। শরৎ-বন্দনার ডালি মেলে ধরেন জীবিকার টানে দূরে গিয়ে প্রাণের টানে ফিরে আসা পুরোনো বন্ধুরা। স্মৃতিচারণ করে বন্ধুদের হারানো দিনে ফিরিয়ে নিয়ে যান বন্ধু জহিরুল ইসলাম, জাহাঙ্গীর খান, স্বপন দেবনাথ, পুলক দেবদাস, আশরাফুল হক ও আফরিন নিগার। স্বরচিত কবিতা পড়েন নুরুন্নাহার বেগম, রনি চক্রবর্তী ও আবদুল মজিদ। স্বরচিত নাটক মুঠোফোন-এর কাহিনি বর্ণনা করেন বন্ধু নজরুল ইসলাম। বুদ্ধদেব বসুর ‘চিল্কায় সকাল’ কবিতা আবৃত্তি করেন সুলতানা নাসরিন। শরৎ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ‘শারদা’ পাঠ করেন নুরুন্নাহার বেগম। এ ছাড়া অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নেন সিরাজুম মুনিরা, সঞ্জয় আচার্য, গৌতম কানুনগো, শেলিনা শেলী, মুজিবুল হক, ওসমান হারুন, পুলক শীল, মিজানুর রহমান প্রমুখ। — মোহাম্মদ শাহজাহানজুয়েল চৌধুরীর ভক্তিগীতি অপু সেনগুপ্তের লেখা আটটি ভক্তিগীতি নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে জুয়েল চৌধুরীর অডিও অ্যালবাম কৃপা করো ঠাকুর। গানগুলোতে সুরারোপ ও সংগীত পরিচালনা করেছেন সুজিত রায়। চট্টগ্রামের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান আমিন স্টোরের ব্যানারে বাজারে এসেছে অ্যালবামটি। এতে অন্তর্ভুক্ত গানগুলো হচ্ছে—‘জয় শুভ জন্মাষ্টমী’, ‘পঞ্চগাণ্ডবের রথের সারথি’, ‘যে জন অহংকার পরিহারে’, ‘আমার জীবন তরী’, ‘এক দিন যে হবে মরণ’, ‘তিরিশে ভাদ্র তাল নবমী’, ‘রাধা গোবিন্দ নাম’ ও ‘আজি হতে প্রভু’। শিল্পী আবেগময় কণ্ঠে গানগুলো পরিবেশন করেছেন। এ ছাড়া নিপুণ স্টুডিওতে ধারণ করা এ অ্যালবামের রেকর্ডিং মানও ভালো হয়েছে। এ অ্যালবামের গানের সূচনায় ধারা বর্ণনা দিয়েছেন আবৃত্তিকার রণজিৎ রক্ষিত ও ইন্দিরা চৌধুরী। যন্ত্রানুষঙ্গে ছিলেন সাখাওয়াত, রতন, সাইদুল ও মিঠু। পরিবেশনার কাজটি করছে নগরের রিয়াজউদ্দিন বাজারের আমিনস্ অডিও অ্যান্ড সিডি কমপ্লেক্স। — আলোকিত প্রতিবেদক