'নামের আগে শিল্পী কথাটি লিখবেন না'
>এ বছর ভারতের মঞ্জু গুপ্ত স্মৃতি পদক পেয়েছেন চট্টগ্রামের সংগীতশিল্পী পূরবী বড়ুয়া। কলকাতার সংগীতশিক্ষা প্রতিষ্ঠান ‘ঋদ্ধি দ্য স্টেপ ফর মিউজিক’ অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল রায় ও রজনীকান্ত সেনের গানের ওপর সম্ভাবনাময় নবীন শিল্পীদের এই পুরস্কার দিচ্ছে গত কয়েক বছর ধরে। বাংলাদেশের প্রথম কেউ এই পদক পেলেও পূরবী একে বড় করে দেখতে নারাজ। সংগীত তঁার সমর্পণ ও সাধনার জায়গা

আলাপ তখন শেষ। এক ফঁাকে ফটো সেশনও হয়ে গেল। বিদায় নিয়ে দরজা দিয়ে এক পা বাইরে রেখেও আবার ফিরে এলেন পূরবী বড়ুয়া। দুই হাত একসঙ্গে জড়ো করে বললেন, ‘একটা অনুরোধ, আর যা–ই লেখেন আমার নামের আগে শিল্পী কথাটি লিখবেন না। শিল্পী হওয়া অনেক বড় বিষয়। আমি আসলে গানের মধ্যেই থাকতে চাই সারা জীবন।’
গত সোমবার সংগীত দল রক্তকরবীর সদস্য পূরবী বড়ুয়ার সঙ্গে আলাপ হচ্ছিল প্রথম আলো কার্যালয়ে। মূলত রবীন্দ্রসংগীতশিল্পী তিনি। পাশাপাশি করেন তিন গীতিকবির গান। আলাপের শুরুতে উঠেছিল মঞ্জু গুপ্ত পদকের বিষয়টি। পূরবী জানান, ভারতের শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের সংগীত প্রতিষ্ঠন থেকে এই পুরস্কার দেওয়া হয়। গত বছর চট্টগ্রামে আসেন ঋদ্ধি। তখন পূরবীর গান শুনে তিনি এই পুরস্কারের জন্য নির্বাচিত করেন তঁাকে। গত ২৩ এপ্রিল ফুলকিতে আয়োজিত এক অনুষ্ঠানে তঁার হাতে পুরস্কারটি তুলে দেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়।
চতুর্থ শ্রেণিতে পড়ার সময় ১৯৯৪ সালে পূরবী ছড়া গানের শিল্পী হিসেবে বেতারের তালিকাভুক্ত হন। সে থেকে এখনো বেতারে নিয়মিত রবীন্দ্রনাথ, অতুলপ্রসাদ, রজনীকান্ত ও ডি এল রায়ের গান করছেন। কৈশোরে খেলাঘরের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় পেয়েছেন পুরস্কার। কয়েক বছর আগে বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিভা অন্বেষণেও মিলেছে স্বীকৃতি। কণিকা বন্দ্যোপাধ্যায়, মিতা হক, তানিয়া মান্নান, লাইসা আহমেদ, অদিতি মহসিন, প্রমিলা চক্রবর্তী ও শুক্লা দাশ তাঁর প্রিয় শিল্পী। বড় হয়েছেন এঁদের গান শুনেই।
দুই ভাইবোনের মধ্যে মা প্রণতি বড়ুয়ার মনোযোগ বরাবরই তাঁর দিকে একটু বেশিই ছিল। তাঁর আগ্রহেই পূরবীর গানের জগতে আসা। পূরবী জানান, মা কখনো লেখাপড়ার জন্য বকা দেননি। কিন্তু ঠিকমতো রেওয়াজ না করায় তাঁর মার খেতে হয়েছে।
সংগীতে হাতেখড়ি সুজন বড়ুয়ার কাছে। এরপর ফুলকি পরিচালিত গানের স্কুল তানসেনে ভর্তি হন ১৯৯৫ সালে। তখন পড়তেন পঞ্চম শ্রেণিতে। শীলা মোমেন, প্রদীপ দাশ ও জবা চৌধুরীর কাছ থেকে সে সময় গান শিখেছেন। তবে পূরবীর কথায়, গানের রুচি তৈরি হয়েছে শীলা মোমেনের সংস্পর্শে এসেই। প্রতিটি গানের ভেতরের বাণী আত্মস্থ করে গান করতে শিখিয়েছেন তিনিই।
রক্তকরবীতে যোগ দিয়ে এ পর্যন্ত তালিম নিয়েছেন ভারত ও বাংলাদেশের বেশ কয়েকজন শিল্পীর কাছ থেকে। এঁদের মধ্যে আছেন নিলোৎপল সাধ্য, শ্রভ্রা গুহ, সাবিনা মুমতাজ ইসলাম ও ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়।
রক্তকরবীর সঙ্গে ভারতে ও বাংলাদেশে বেশ কয়েকটি সংগীতের আসরে অংশও নিয়েছেন তিনি। সর্বশেষ কলকাতায় গত মার্চ মাসে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় ও শীলা মোমেনের সঙ্গে এক মঞ্চে গান করেছেন।
ডি এল রায়ের ‘সে কেন দেখা দিল রে’ কিংবা রজনীকান্তের ‘আমি তো তোমারে চাহিনি জীবনে’ গাইতে গাইতে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। কদিন আগে এক অনুষ্ঠানে পূরবীর সংগীতগুরু শীলা মোমেন বলেছিলেন সে কথা। সে প্রসঙ্গ তুলতেই পূরবী বললেন, ‘আসলে গান যখন করি কথাগুলো যেন ভেতরে তোলপাড় করে। তবে সব সময় আবেগপ্রবণ হই না।’
ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর শিক্ষা শেষ করে পূরবী এখন শিশুশিক্ষা প্রতিষ্ঠান ফুলকিতে শিক্ষকতা করছেন। পাশাপাশি সংগীত দল রক্তকরবীতে চালিয়ে যাচ্ছেন গানের চর্চা। গানের অ্যালবাম কখন বের হবে জানতে চাইলে বলেন, ‘না না, ওসব নিয়ে মোটেই ভাবছি না। আসলে গান থেকে যে অনেক কিছু পাচ্ছি এটাই বড় কথা। আমি শিল্পী তো নই। গানের মানুষ, গানেই বাঁচতে চাই।’