‘নারীমাত্রই বেদনাবতী...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাবিবুর রহমান (ছদ্মনাম) একজন ব্যাংকার। তাঁর স্ত্রী আফসানা ইয়াসমিন (ছদ্মনাম) কলেজের শিক্ষক। দুজনই উচ্চশিক্ষিত। প্রতিষ্ঠিত নিজ নিজ পেশায়। কিন্তু উচ্চশিক্ষিত হওয়ার পরও মানসিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারেননি হাবিব। সন্তান গর্ভে ধারণ করার ক্ষমতা ছিল না বলে আফসানার ওপর নেমে আসে নির্যাতন। একসময় সহ্যের সীমা ছাড়িয়ে যায়। স্বামী হাবিবুর রহমানের কাছে পাঠান তালাকের চিঠি। চট্টগ্রাম মহানগর আদালতের সদ্য বিদায়ী হাকিম ও সালিসি পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহাবুবুর রহমান তাঁদের তালাক কার্যকর করেন। আদেশের চুম্বক অংশ তুলে ধরা হলো। সালিসি পরিষদকে আফসানা ইয়াসমিন বলেন, ‘স্যার, আমি অনেক অত্যাচার সহ্য করেছি। এবার মুক্তি চাই। আমি একজন কলেজের শিক্ষিকা। এই পদমর্যাদা থাকার পরও নিপীড়নের শিকার। ওর সংসার করতে হলে আমি মারা যাব। আমার আত্মহত্যা করা ছাড়া আর উপায় থাকবে না।’আফসানার কথা টেনে নিয়ে তাঁর স্বামী হাবিবুর রহমান বলেন, ‘স্যার, আমিও একজন ব্যাংক-কর্মকর্তা। আমি তাঁর (আফসানা) ওপর কোনো অত্যাচার-নিপীড়ন করিনি। সন্তান না হওয়ায় আমাদের মধ্যে সমস্যা দেখা দিয়েছে। আমরা উভয়েই পরীক্ষা করিয়েছি। ডাক্তার দেখিয়েছি। সন্তান হওয়া না হওয়া সৃষ্টিকর্তার ইচ্ছাধীন। তা ছাড়া সর্বশেষ জানা গেছে ওরই সমস্যা।’ হাবিবুর রহমানের কথা থামছিল না। আবার বলছিলেন, ‘স্যার, ওর (আফসানা) চাকরিটাও আমার বদৌলতে হয়েছে।’ জবাব দেন আফসানাও। বলেন, ‘স্যার, এটা ঠিক নয়। আমি নিজ যোগ্যতায় চাকরি পেয়েছি।’ হাবিবুর রহমান আবার কথা টেনে নিয়ে বলেন, ‘অস্বীকার করলে তো আর কিছু বলার নেই।’ প্রসঙ্গ পাল্টিয়ে আফসানা এবার তাঁর ওপর নির্যাতনের কাহিনি বর্ণনা করেন। সালিসি পরিষদকে তিনি বলেন, ‘স্যার, অনেক রাতে আমি কাঁদতাম তাঁর (হাবিবুর রহমান) অত্যাচারে। একটি দিনের জন্যও ভালো ছিলাম না। আমার তালাক কার্যকর করা হোক।’ এ সময় হাবিবুর রহমানকে খুবই বিমর্ষ মনে হচ্ছিল। আফসানাও কাঁদছিলেন। এতে এক বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়। একপর্যায়ে নেমে আসে পিনপতন নীরবতা। কেউ আর কথা বলছিলেন না। তখন কবি আল মাহমুদের ‘বেদনাবতী’ কবিতার কিছু পংক্তি মনে পড়ে যায়। কবি বলেছিলেন, ‘পৃথিবীতে ভাঙন ছাড়া ছিন্নভিন্ন হওয়া ছাড়া/ আমি তো আর কোনো খেলা দেখি না/ নারীমাত্রই বেদনাবতী...’যাই হোক বিধিবদ্ধ ৯০ দিন পার হয়েছে। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী তালাক কার্যকর করা হলো।