‘নারীর মর্যাদা রক্ষায় প্রীতিলতার আত্মত্যাগ অনুপ্রেরণা জোগাবে’
পরাধীনতার শৃঙ্খল মুক্তির ইতিহাসে প্রথম শহীদ কন্যা হিসেবে চির ভাস্মর হয়ে থাকবেন বীরকন্যা প্রীতিলতা। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির জন্য যাঁরা মানুষকে অনুরণিত করেছেন প্রীতিলতা তাঁদেরই একজন। তাঁর আত্মত্যাগের শিক্ষা ও আদর্শ সবার মাঝে পৌঁছে দিতে হবে। তবেই মানুষের মধ্যে দেশপ্রেম ও মূল্যবোধের সঞ্চার ঘটবে। গত বৃহস্পতিবার প্রেসক্লাবে বীরকন্যা প্রীতিলতার জন্মশতবর্ষ উপলক্ষে প্রীতিলতা ট্রাস্ট আয়োজিত ‘মুক্তির সংগ্রামে নারী ও প্রীতিলতা’ শীর্ষক আলোচনা সভায় আলোচকেরা এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. ইমরান হোসেন। নারী নেত্রী জেসমিন সুলতানার সভাপতিত্বে সভার উদ্বোধন করেন শহীদ জায়া বেগম মুশতারী শফী। স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তী। প্রীতিলতার গৌরবগাথা জীবনী নিয়ে সেমিনারে প্রবন্ধ পাঠ করেন শিক্ষাবিদ রীতা দত্ত। সেমিনারে আরও বক্তব্য দেন ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত, সুদর্শন চক্রবর্তী প্রমুখ।