‘নালিশটা কী নিয়ে যে জানে না তা কেহ সে’
আজ থেকে ১৫ বছর আগে ১৯৯৬ সালে নগরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে নগর পুলিশের যানবাহন (ট্রাফিক) শাখার কর্মকর্তারা গাড়িচালকদের জাল সনদ জব্দ করেন। ওই অভিযানের পর পুলিশ পাঁচ চালকের বিরুদ্ধে মামলা ঠুকে দেন। চালকেরা হলেন—মো. বাদল হোসেন, মো. মনির, মোজাম্মেল মিয়া, আবুল মিয়া ও শফি উদ্দিন। এ মামলাটি ‘রাষ্ট্র বনাম মনির হোসেন ও অন্য চারজন’ নামে পরিচিত। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান দুইজনের সাক্ষ্যের ভিত্তিতে সম্প্রতি মামলাটি নিষ্পত্তি করেন। উভয় সাক্ষী পুলিশের যানবাহন শাখার কর্মকর্তা। এজাহারে ত্রুটি ও অস্পষ্ট বক্তব্যের কারণে আসামিরা খালাস পান। রায়ের চুম্বক অংশ তুলে ধরা হলো: এজাহারকারীর জেরা ও বক্তব্য থেকে বোঝা যায়, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী নন। এ ছাড়া উভয় সাক্ষীর জবানবন্দি পর্যালোচনা করলে দেখা যায়, আনীত অভিযোগ সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট নয়। ঘটনাস্থল এবং তারিখও সুস্পষ্ট নয়। বিভিন্ন দিনের ঘটনা একত্র করে মামলা করা হয়েছে, যা একপ্রকার দায়সারা গোছের মনে হয়েছে। এটা একপ্রকার দায়িত্বজ্ঞানহীনতারও পরিচায়ক। সুনির্দিষ্ট ঘটনা, ঘটনার তারিখ ও সুনির্দিষ্ট ঘটনাস্থল এজাহারে উল্লেখ না থাকলে আনীত অভিযোগ সম্পর্কে ধারণা পাওয়া কষ্টকর। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ‘কারা’, ‘কখন’, ‘কোথায়’ এবং ‘কীভাবে’ জাল সনদ বানিয়েছেন—এর কোনো সুনির্দিষ্ট বিবরণ এজাহার কিংবা প্রতিবেদনে নেই। ‘প্রত্যেক সনদ জব্দ করার ঘটনা’ আলাদা মামলার ভিত্তি সৃষ্টি করে। ভিন্ন ভিন্ন তারিখে সন্দেহজনক লাইসেন্স (অনুমতিপত্র) জব্দ করে একই এজাহারে মামলা দায়ের করাটা মারাত্মকভাবে ত্রুটিপূর্ণ। এ ক্ষেত্রে যেকোনো সাধারণ বোধসম্পন্ন মানুষের পক্ষে এটা ধারণা করা অমূলক নয় যে, কোনো বিশেষ উদ্দেশ্যে এ ধরনের ত্রুটিপূর্ণ এজাহার দায়ের করা হয়েছে। এ ধরনের এজাহারের ওপর অভিযোগপত্র বা তদন্ত প্রতিবেদন দেওয়া বিবেকবান ব্যক্তির কাছে হাস্যকর মনে হবে। অবস্থাদৃষ্টে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্যাটায়ার ঢঙের ‘মামলা’ কবিতাটির কিছু পঙিক্ত প্রাসঙ্গিক মনে হচ্ছে। কবি বলেছেন, ‘হানাহানি চলছেই একেবারে বেহোঁশে,/ নালিশটা কী নিয়ে যে জানে না তা কেহ সে।/ সে কি লেজ নিয়ে, সে কি গোঁফ নিয়ে তক্রার-/ হিসেবে কি গোল আছে নখগুলো বখরার।/ বাঙালি থিসিস্ওলা পড়ে গেছে ভাবনায়,/ ঠিকুজি মিলবে তার চাটগাঁ কি পাবনায়।’ ১৯৪০ সালের ফেব্রুয়ারি মাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বসে ‘মামলা’ কবিতাটি লেখেন। তাঁর সময়ে বিরাজমান বিভিন্নমুখী দুর্বলতা ও সীমাবদ্ধতাগুলো আমরা আজও কাটিয়ে উঠতে পারিনি। যা হোক, সার্বিক বিবেচনায় আনীত অভিযোগ সম্পর্কে সন্দেহাবকাশ আসামি পক্ষের দিকে যায়। ওপরের আলোচনার পরিপ্রেক্ষিতে এবং উচ্চতর আদালতের পর্যবেক্ষণের আলোকে এ আদালত বিশ্বাস করে না যে, আসামিরা প্রতারণার উদ্দেশ্যে গাড়ির জাল সনদ বানিয়ে তা খাঁটি সনদ হিসেবে ব্যবহার করেছে। আসামিদের দোষী সাব্যস্ত করা যায় না এবং তাঁরা শাস্তি পাবার হকদার নয়। আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হলো। দুই সাক্ষী যা বলেন: মামলার বাদী নগর পুলিশের যানবাহন শাখার কর্মকর্তা জবানবন্দিতে বলেন, সার্জেন্ট দেলোয়ার, সার্জেন্ট জিল্লুর রহমান, সার্জেন্ট শামসুল ইসলাম, সার্জেন্ট সাইদ হাসান ট্রাফিক দায়িত্ব পালনের সময় গাড়ির কাগজপত্র পরীক্ষার পর সন্দেহ করে কাউছারসহ ২৬ জনের চালক সনদ (ড্রাইভিং লাইসেন্স) জব্দ করে। সনদগুলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে সত্যতা যাচাইয়ের জন্য পাঠানো হয়। বিআরটিএ থেকে সনদগুলো জাল বলে প্রতিবেদন দেয়। পরে আমি বাদী হয়ে ২৬ জনের বিরুদ্ধে মামলা করি। তবে অভিযানে আমি ছিলাম না। দ্বিতীয় সাক্ষী বলেন, সার্জেন্ট সাহেদ, সার্জেন্ট জিল্লুর, সার্জেন্ট শামসুল, সার্জেন্ট সাইদ আমার সঙ্গে নগরের বিভিন্ন সড়কে গাড়ির কাগজপত্র পরীক্ষা করেন। আমরা ২৬ জন চালকের সনদ জব্দ করি। পরে তা পরীক্ষার জন্য বিআরটিএ কার্যালয়ে পাঠাই।