‘নিউজউইক’-এর সেই ছবিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯১ সালের ২৯ এপ্রিল, জলোচ্ছ্বাস আঘাত হানে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায়। ছবি তুলতে ছুটে যান আলোকচিত্রী পাভেল রহমান। তাঁর তোলা সেই ছবিতে ফুটে ওঠে পুরো জলোচ্ছ্বাসের অবয়ব; ছাপা হয় মার্কিন সাপ্তাহিক নিউজউইকে। সেই ছবির পেছনের গল্প বলছেন পাভেল রহমান ঝড়টা যে বাংলাদেশের উপকূলে ধেয়ে আসেছে, তা মানতে রাজি নন এশিয়াউইক-এর ফটোজার্নালিস্ট কর্নিলস ম্যাটসেলার। কর্নিলস ১৯৯১ সালের সাধারণ নির্বাচন কাভার করতে তখন ঢাকায়। আবহাওয়ার বিপৎসংকেতটা উঠতে উঠতে বিকেলেই প্রায় আট নম্বর ছুঁয়েছে। আমি আবহাওয়া রিপোর্টের সঙ্গে ম্যাচ করা ছবির সন্ধানে ছুটছি সদরঘাটে। ‘নৌকা-ঝোড়ো হাওয়া-পানি’ এসবই ছবির টার্গেট। কর্নিলসও আমার সঙ্গে চলেছে সদরঘাটে। আমার মুখে ঝড়ের সংকেত শুনেও তেমন পাত্তা দেয় না ও। বলল, ‘তোমাদের এমন সিগন্যাল দিয়ে ঝড় আসে নাকি?’ ওর কথা আমার ভালো লাগে না। ১৯৯১ সালের ২৮ এপ্রিল সেই বিকেলেই আবহাওয়া অফিসের বিপৎসংকেত মহাবিপদের দিকে। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) দিল্লির রিজিওনাল অফিস থেকে ফটো এডিটর বারবারা ওয়ালটন আমাকে এরই মধ্যে সতর্ক করেছেন। বারবারা বলছিলেন, ‘তুমি বরঞ্চ তৈরি থাকো। মনে হচ্ছে ঝড়টা তোমাদের দেশেই ধেয়ে চলেছে।’ বুড়িগঙ্গায় ছবি তুলে দ্রুতই ফিরে এলাম অফিসে। কাপড়ের ব্যাগটা নিয়ে ছুটতে হবে রেলস্টেশনে। ঢাকায় ততক্ষণে বেড়ে গেছে ঝড়ের গতিবেগ। রেডিও-টিভিতে প্রচার হচ্ছে, মহাবিপদ সংকেত ১০! রাস্তাঘাটের মানুষ ছুটছে বাড়ির পথে।বার্তা সংস্থা ইউএনবির সাইফুল হুদা আর আমি ততক্ষণে ট্রেনে চেপে বসেছি। ঝড়ের ভয়ে ভীত মানুষ, তাই পুরো ট্রেনই খালি দাঁড়িয়ে। ঘণ্টা বাজিয়ে ট্রেন ছাড়ার মুহূর্তে দেখি কর্নিলসকে আসতে। কামরায় আমরা তিনজন সাংবাদিক, চলেছি ঝড়ের খোঁজে। ঝড়ের আগে ঝড়ের দিকে যাওয়ার ব্যাপারটা মা একদম পছন্দ করেন না। তাঁর কথা, ‘ঝড়টা আগে হয়ে যাক, তারপর না হয় যাস!’ সবাই যখন ঘরে ঢুকছে বিপদ থেকে বাঁচতে, তখন আমি ছুটছি বিপদের দিকেই ক্যামেরা হাতে। চট্টগ্রাম থেকে সাংবাদিক ওসমান গণি মনসুর খবর পাঠাচ্ছেন, ‘চট্টগ্রাম শহরেই যেন আছড়ে পড়ছে ঝড়!’ আমরা পৌঁছালাম কক্সবাজারে ৩০ এপ্রিল সকালে। মনসুর ব্যবস্থা করে ফেললেন কুতুবদিয়ার বাহন স্পিডবোট। ছোট বোটে আমরা চারজন কুতুবদিয়ার পথে বাঁকখালী নদীর ঘাট (ফিশারিস ঘাট) থেকে ছুটে চলেছি কুতুবদিয়ায়। মহেশখালীর বাঁক ভীতিকর এক খাড়ির পথ। মিনিট ১৫ চলার পর বড় সব ঢেউ আছড়ে পড়ল আমাদের ছোট বোটটির ওপর। বোটটা এতটাই ঢেউয়ের ভেতর আছড়ে পড়ছে যে, টালমাটাল অবস্থা। ড্রাইভার নিজেই ভীত হয়ে চিৎকার করছে, ‘আগেই মানা করেছিলাম, ওদিকে যাওয়া যাবে না!’ কিন্তু যেখানে কুতুবদিয়ায় কোনো মানুষ বেঁচে নেই—এমন খবর আসে, তখন কি নিজের নিরাপত্তার কথা মনে থাকে! আমরা আতঙ্কে জড়সড়। সামনে মৃত্যু, নিজেকে বোঝানোর চেষ্টা করছি। এমন সময় বোটটার সুইচ বন্ধ করা হলো। আমরা ঢেউয়ের তালে তালে ভাসতে ভাসতে এগিয়ে গেলাম পশ্চিমে। এ যাত্রায় জানে বেঁচে গেলাম কিন্তু মনের ভেতর কুতুবদিয়া না পৌঁছাতে পারার গ্লানি। এমন সময় দেখি, দূরে, আরও দূরে ভাসমান কিছু জীবিত মানুষ। চরের কাছেই তারা বুকসমান পানিতে দাঁড়িয়ে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। পানিতে দাঁড়িয়ে থাকা মানুষগুলো আমাদের দেখে আর্তনাদ করে ওঠে। ‘আমাদের বাঁচান! আমাদের বাঁচান!’ বলে চিৎকার করে কান্না জুড়ে দিল। আমি ছবি তুলে চলেছি। চোখে পড়ে যায় ১০ দিনের এক শিশুকে কোলে নিয়ে মা। কুতুবদিয়া থেকে ঝড়ের রাতে তিন কিলোমিটার পথ খড়ের গাদার ওপর ভাসতে ভাসতে এসেছে তারা। সেই থেকে এভাবেই দাঁড়িয়ে পানিতে।শিশু-মহিলা ও বৃদ্ধসহ ভয়ার্ত ওই মুখগুলো ঝড়েরই প্রতিচ্ছবি। শিশুসহ মাকে আমরা উঠিয়ে আনলাম কক্সবাজারে। পানিতে মহেশখালীর বাঁকে ততক্ষণে জমেছে বাঁশ ও ঝোপের মাঝে অনেক লাশ। অন্ধকারে সে সবকে বাঁচিয়ে আমরা খুঁজে পেলাম কক্সবাজার ফিশারিজ ঘাট। ছুটতে হবে ঢাকায়। ধরতে হবে রাত ১১টার ট্রেন। কক্সবাজার থেকে ড্রাইভার মো. আনোয়ার হোসেন ভয়াবহ ঝোড়ো স্পিডে উড়িয়ে নিয়ে এলেন তাঁর গাড়ি। চট্টগ্রাম রেলস্টেশনে যখন আমরা পৌঁছালাম, ততক্ষণে ট্রেন দিয়েছে ছেড়ে। দৌড়ে চলেছি আমি। ছুটছে কর্নিলস, তার পেছনে সাইফুল হুদা। ছুটতে ছুটতে উঠে পড়লাম ট্রেনে। সকাল সাতটায় ঢাকা। বাংলাদেশের টেলিযোগাযোগ বহির্বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ায় কলকাতায় পাঠাতে হলো ঝড়ের তোলা ফিল্মগুলো। বারবারা ওয়ালটন ঝড়ের ওই ছবিগুলো কলকাতার হোটেল ওবেরয় থেকে ছড়িয়ে দিলেন সারা বিশ্বে। নিউজউইক-এর প্রচ্ছদ হয়ে এল জলোচ্ছ্বাসের পর মহেশখালীর বাঁকে তোলা শিশু-মহিলা ও বৃদ্ধসহ ভয়ার্ত মুখগুলো। পাভেল রহমান: আলোকচিত্র সাংবাদিক