'নিজেকে প্রস্তুত করতে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে'
নিজেকে প্রস্তুত করতে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নেই। যেকোনো বিষয়ে লেখালেখি করতে হলে আগে ভালোভাবে জানতে ও বুঝতে হবে।
প্রথম আলো ফেনী বন্ধুসভা আয়োজিত লেখালেখিবিষয়ক দিনব্যাপী কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ২৮ অক্টোবর ফেনী সরকারি বালিকা বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত কর্মশালা উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ। এতে অংশ নেন বন্ধুসভার কর্মকর্তা ও সদস্যরা।
ফেনী বন্ধুসভার সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাখজাম হায়দারের সঞ্চালনায় কর্মশালার বক্তব্য দেন প্রথম আলো ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, ফেনী বন্ধুসভার সাবেক সভাপতি মনজুর তাজিম, সাবেক যুগ্ম সম্পাদক নাজমুল হক প্রমুখ। বক্তারা সংবাদ, গল্প, কবিতা, ছড়াসহ বিভিন্ন বিষয়ে কীভাবে লেখালেখি করতে হয়, তার পথ বাতলে দেন। কর্মশালা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।