‘নিজেরা যা ফলাই, তা-ই খাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেই স্বাস্থ্যকেন্দ্র বা মাতৃসদন। অসুখ হলে ভরসা পাহাড়ি গাছগাছড়া ও লতাপাতা। ঝিরি ও কুয়ার পানি দিয়েই মেটাতে হয় খাবার পানির অভাব। কাছে-ধারে হাটবাজার নেই বলে নিজেরা যে ফসল ফলান, তা দিয়েই সারা বছরের ক্ষুধা মেটাতে হয়। রয়েছে যাতায়াতের সমস্যা, বন্য হাতি ও সন্ত্রাসীদের উপদ্রব। এমন সব সমস্যা-সংকট সঙ্গী করে বেঁচে আছে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের বড়খোলা পল্লির আদিবাসীরা।সরফভাটা ইউনিয়নের চিরিঙ্গা থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণে পটিয়া ও বোয়ালখালী উপজেলার সীমান্তে বড়খোলা পল্লির অবস্থান। ছোট-বড় অসংখ্য পাহাড়ে ঘেরা এ পল্লিতে যেতে হলে কর্ণফুলী নদী পার হয়ে, হেঁটে পাহাড়ি আঁকাবাঁকা, উঁচু-নিচু সরু পথ ও একাধিক ঝরনাধারা পাড়ি দিতে হয়।সরেজমিনে দেখা গেছে, পল্লির পাহাড়ের ঢালুতে বিভিন্ন ফসলের চাষ করেছে আদিবাসীরা। নিকটবর্তী জলাশয়ে মাছ চাষ করা হয়েছে। প্রায় প্রতিটি পরিবার গবাদিপশু লালন-পালন করে। সামান্য কিছু শাকসবজি বাইরে বিক্রি হলেও সিংহভাগই গ্রামবাসী নিজেদের সারা বছরের খাদ্যের জন্য রেখে দেয়। এমনকি পরিধানের জন্য কোমর-তাঁতে কাপড়ও তৈরি করে তারা। যোগাযোগব্যবস্থা দুর্গম হওয়ায় গ্রামবাসীকে স্বয়ংসম্পূর্ণ হতে হয়েছে।পল্লির কার্বারি (গ্রাম প্রধান) অনন্ত মারমা (৫৭) বলেন, গ্রামের আদিবাসী নারী-পুরুষেরা পাহাড়ের ঢালুতে গ্রীষ্ম ও বর্ষাকালীন শাকসবজি, ফলমূল ও জুমচাষ করেন। নিচু এলাকায় আমন, আউশ ও ইরি-বোরো ধানের চাষ হয়। এসব ফসল দিয়ে পরিবারগুলো নিজেদের সারা বছরের প্রয়োজন মেটায়।অনন্ত মারমা আরও বলেন, বড়খোলা পল্লির প্রধান সমস্যা হচ্ছে যোগাযোগব্যবস্থা। পল্লিতে আসা-যাওয়ার জন্য কোনো সড়ক নেই। বর্ষা মৌসুমে গ্রামের পথে চলাচল করা অত্যন্ত দুরূহ। খাবার পানির সংকটের কারণে এলাকার লোকজন ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, পেটের পীড়াসহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়। এ ছাড়া এলাকায় ৩০০টি পরিবারের জন্য রয়েছে একটি মাত্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। সচেতনতার অভাবে বিদ্যালয়ে পড়তে যায় না গ্রামের অনেক ছেলেমেয়ে।পল্লির বাসিন্দা ওথুয়্যাই মারমা (৫২) বলেন, ‘জন্ম হওয়ার পর যেমন দেখেছি, তেমনই আছে বড়খোলা পল্লি। উন্নয়নের ছোঁয়া লাগেনি এই গ্রামে। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আর নিজেদের ফলানো খাদ্য খেয়ে কোনো রকমে বেঁচে আছি আমরা। স্বাস্থ্য, শিক্ষা, যাতায়াতসহ নানা সমস্যার কারণে ভালো নেই পল্লির আদিবাসীরা।’ পল্লির প্রবীণ বাসিন্দা মনুপ্রু মারমা (৭৬) বলেন, গ্রামের মানুষ অনেক কষ্ট করে ভোট দিতে যান। অথচ নির্বাচিত হওয়ার পর কোনো ইউপি চেয়ারম্যান বা মেম্বার এ পল্লিতে আসে না।’সরফভাটার ইউপি সদস্য মো. সাকের বলেন, ‘দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় মানুষ সচরাচর বড়খোলা পল্লিতে যান না। সব মৌলিক অধিকার থেকে বঞ্চিত এ গ্রামের মানুষজন।’রাঙ্গুনিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘সরফভাটা ইউনিয়নের বড়খোলা আদিবাসী পল্লির সার্বিক উন্নয়ন ও সন্ত্রাসীদের তৎপরতা বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। পল্লির উন্নয়নে বিশেষ নজর রাখার জন্য সরফভাটার ইউপি চেয়ারম্যানকে বলা হবে। পল্লির বাসিন্দারা এগিয়ে এলে এক্ষেত্রে দ্রুত সুফল পাওয়া যাবে।’