রেকর্ডিংটা হয়েছিল বেশ কয়েক বছর আগে, ঢাকার একটি স্টুডিওতে। এরপর প্রতিটি গানের যন্ত্রানুষঙ্গের কাজ হয় কলকাতায়। সব কাজ শেষ হতে দুই বছরেরও বেশি সময় পার হয়ে গেল। অবশেষে গত শনিবার প্রকাশিত হলো শুদ্ধ সংগীতের দল রক্তকরবীর ১০ শিল্পীর গান নিয়ে অ্যালবাম নিত্য তোমার যে ফুল ফোটে। রক্তকরবীর প্রধান ও সংগীতশিক্ষক শীলা মোমেনের কাছে হাতেখড়ি হয়েছিল এই শিল্পীদের। আজ তাঁরা কুঁড়ি থেকে ফুটন্ত ফুল। অ্যালবামের গানগুলো যেন সেই ফুলের সৌরভই ছড়িয়ে দিল চারদিকে। পাশাপাশি শীলা মোমেনের সংগীত পরিচালনায় এটি রক্তকরবীর প্রথম অ্যালবাম। তাই সংগঠনের জন্য দিনটা ছিল উদ্যাপনের।অ্যালবাম প্রকাশ উপলক্ষে শনিবার ফুলকি মিলনায়তনে হাজির হয়েছিলেন সংগীতপ্রেমী নাগরিকেরা। সন্ধ্যা সাতটায় ‘নবকুন্দধবলদলসুশীতলা/ অতি সুনির্মলা সুখসমুজ্জ্বলা’ ও ‘বাজে বাজে রম্য বীণা বাজে’ এ দুটি সমবেত সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অ্যালবামের প্রকাশনা উৎসব। এরপর মোড়ক উন্মোচন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন।শিল্পী লাকি দত্ত, মৃত্তিকা সহিতা, মোনালিসা বড়ুয়া, শ্রাবন্তি ধর, প্রিয়াসী মুৎসুদ্দী, সুভ্রতা দাশ, শুভাশিস চক্রবর্তী, সান্ত্ব্তনা রায় চৌধুরী, পূরবী বড়ুয়া, রুচিরা বড়ুয়া ও সত্যজিৎ ঘোষ—রক্তকরবীর এই ১০ জন শিল্পীর প্রত্যেকের একটি করে গান রাখা হয়েছে অ্যালবামটিতে। একটি সমবেত সংগীতসহ মোট ১১টি গান আছে এতে। দুর্বাদল চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে প্রতিটি গানের যন্ত্রানুষঙ্গ তৈরি করা হয় কলকাতায়। অ্যালবামের কাভার ডিজাইন করেন শিল্পী আবুল মনসুর। অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে সড়ক দুর্ঘটনায় নিহত রক্তকরবীর শিল্পী প্রিয়াসী মুৎসুদ্দীর স্মৃতির উদ্দেশে।অ্যালবামে প্রিয়াসীর গানও আছে। অথচ তিনি এখন না ফেরার দেশে। সে কারণে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে একটু যেন আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রিয়াসীর সংগীতগুরু শীলা মোমেন। তিনি বলেন, ‘প্রিয়াসী আমার খুব স্নেহের ছাত্রী ছিল। একদিন শুনলাম ওর বিয়ে ঠিক হয়েছে। বিয়ের পর তার সংগীতচর্চায় কোনো বাধা আসবে না শুনে আশ্বস্ত হয়েছিলাম। কিন্তু এরপর বান্দরবানে শিক্ষাসফরে যাওয়ার পথে ঘটল সেই সড়ক দুর্ঘটনা। দুুদিন তার লাশও পাওয়া যায়নি, আমি খুব আশায় ছিলাম। হয়তো প্রিয়াসী বেঁচে আছে। কিন্তু দু-দিন পর তার লাশ পাওয়া গেল। তখনো কপালের টিপটি যেমন ছিল তেমনই রয়ে গিয়েছিল। প্রিয়াসীর স্মৃতিও আমাদের কাছে তেমন অটুট আছে। এই অ্যালবামটি তাই তাকে উৎসর্গ করা হয়েছে। প্রিয়াসীর গাওয়া একটি গানের রেকর্ড তার মায়ের কাছ থেকে সংগ্রহ করে অ্যালবামে সংযোজন করেছি।’ এরপর লাকী দত্ত ‘আজি প্রণমি তোমারে’, পূরবী বড়ুয়া ‘মাঝে মাঝে তব দেখা পাই’, মৃত্তিকা সহিতা ‘প্রভু তোমার পানে’ গেয়ে শোনান। বেশ কয়েকটি একক ও সমবেত সংগীতের পর জাতীয় সংগীতের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী রাশেদ হাসান।