চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট গ্রামে গত ৩১ ডিসেম্বর শিক্ষাবিষয়ক আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ‘নিরক্ষরমুক্ত গ্রাম চাই, চল সবাই বিদ্যালয়ে যাই’ এই স্লোগানে আয়োজন করা হয় শোভাযাত্রা । উত্তর নিচিন্তাপুর শিক্ষা উন্নয়ন পরিষদ আয়োজিত এই শোভাযাত্রায় প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেয়।
এরপর শিক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উত্তর নিচিন্তাপুর শিক্ষা উন্নয়ন পরিষদের সভাপতি মো. নুরুল ইসলাম। সভায় বক্তব্য দেন উত্তর নিচিন্তাপুর মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মো. মাহমুদুল হক, সমিতিরহাট প্রবাসী পরিষদের সমন্বয়ক হারুনুর রশিদ, সমাজসেবক মো. মুজিবুল হক, চিকিৎসক জাফর আলম প্রমুখ।
শিক্ষা উন্নয়ন পরিষদের সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, ‘সমিতিরহাট এলাকার প্রায় চার কিলোমিটারের মধ্যে মাত্র একটি প্রাথমিক বিদ্যালয় আছে। দূরত্বের কারণে অনেক শিশু বিদ্যালয়ে যেতে পারে না। আমরা শোভাযাত্রা করে অভিভাবকদের শিক্ষার প্রতি উৎসাহিত করেছি যাতে তাঁরা নিজ নিজ সন্তানদের বিদ্যালয়ে পাঠান।’