গণসংযোগ করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন নারী প্রার্থীরা। ঘরে গিয়ে কাউকে ডাক দিলেই শোনা যায় মিনমিনে আওয়াজ। যেন অনেক দিনের কঠিন রোগে আক্রান্ত, কথাই বলতে পারছেন না। এমন রোগীর কাছে ভোট চাইতে গেলে মানবতার খাতিরে হলেও তো ওষুধ খাওয়ার জন্য দু-এক শ টাকা হাতে তুলে দিতে হয়। নির্বাচন এলে ঘরে ঘরে এত রোগী কোত্থেকে আসেন বোঝা কঠিন। তবে আশ্চর্যের বিষয় হলো, টাকা পেলেই রোগী ভালো হয়ে যান। তারপর বলেন, ‘দোয়া করছি, তুমি জিতবে।’ মনে হয় সবাই নির্বাচনী রোগী। ভোট চাইতে গিয়ে এমনই অদ্ভুত অভিজ্ঞতার কথা জানালেন চকরিয়া পৌরসভার একাধিক নারী কাউন্সিলর প্রার্থী। অবশ্য ভোটে প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কায় তাঁরা নাম প্রকাশ করতে রাজি হননি। চকরিয়া পৌরসভায় মেয়র পদে সাতজন এবং সাধারণ নয়টি ওয়ার্ডে লড়ছেন ৪২ পুরুষ কাউন্সিলর প্রার্থী। এ ছাড়া সংরক্ষিত তিনটি ওয়ার্ডের তিনটি চেয়ারের পেছনে ভোটযুদ্ধে নেমেছেন ১৫ নারী প্রার্থী।পুরুষদের পাশাপাশি এসব নারী প্রার্থীও সমানতালে প্রচারণা চালাচ্ছেন ভোটারদের ঘরে ঘরে। কেউ কেউ উঠোন-বৈঠক, পথসভা ইত্যাদি করে নানা রকম প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। পুরুষদের সমানতালে নারীদের এ রকম প্রচারণা দেখে ভোটার, বিশেষ করে অনেক মধ্যবয়সী ও প্রবীণ ব্যক্তি অবাক হচ্ছেন। ভোটাররা অপেক্ষায় রয়েছেন কোন তিন প্রার্থী চেয়ারে বসে শেষ হাসিটি হাসবেন। সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে কার সমর্থন বেশি, জানতে চাইলে এলাকার ভোটার ও রিকশাচালক নূর আহমদ (৪৫) বলেন, ‘এখানে এক বুলবুল এবং তিন বেগমের যুদ্ধ চলছে। এক বেগম এই পথে গেলে আরেক বেগম অন্য পথ ধরেন। এক বেগম এক ঘরে গেলে পিছু নেন অন্য বেগমও। তবে এখন বলা যাবে না কার জোর বেশি।’ এই ওয়ার্ডে এবার প্রার্থী হয়েছেন চারজন—জসনে আরা বুলবুল (কলস), জ্যোৎস্না বেগম (পদ্মফুল), মালেকা বেগম (সেলাইযন্ত্র) ও রাশেদা বেগম (নলকূপ)। মালেকা বেগম জানান, এ মুহূর্তে তিনি ঘরে ঘরে গিয়ে গণসংযোগ করছেন। এতে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন। জসনে আরা বুলবুল বলেন, ‘নির্বাচিত হলে নারীর স্বাস্থ্যসেবা ও শিক্ষার প্রসার এবং বেকার নারীদের কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করব।’ সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে প্রার্থী রয়েছেন তিনজন—রাজিয়া সুলতানা ওরফে খুকুমণি (কলস), নাসরিন ফেরদৌসি ওরফে রিনা (নলকূপ) ও রেহেনা খানম (বই)। ৩ নম্বর ওয়ার্ডে আট প্রার্থী—আনজুমান আরা বেগম (সেলাইযন্ত্র), আমেনা বেগম (বৈদ্যুতিক বাতি), নূর জাহান বেগম (নলকূপ), ফাতেমা জান্নাত (পদ্মফুল), ফাতেমাতুল মর্জিয়া (কলস), মনোয়ারা বেগম (বই), শাহীন আক্তার (পানপাতা) ও সাজেদা বেগম (ফুলের টব)।চিরিঙ্গা এলাকার ভোটার কলিম উল্লাহ (৩৪) বলেন, ‘এবার মুখের কথায় কাউকে ভোট দেব না। যাচাই-বাছাই করে শিক্ষিত, সমাজসচেতন ব্যক্তিকে ভোট দেব।’ এদিকে অনেকে নির্বাচন কমিশনের বিধান উপেক্ষা করে অতিরিক্ত অর্থ খরচ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কাউন্সিলর প্রার্থী অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী একজন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী দুই লাখ টাকার বেশি খরচ করতে পারেন না। কিন্তু এখানে পুরুষ প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে কিছু নারী প্রার্থীও বেশি টাকা, এমনকি কেউ কেউ ইতিমধ্যে ছয়-সাত লাখ টাকা পর্যন্ত খরচ করে ফেলেছেন। এতে যাঁরা টাকা খরচ করতে চান না, তাঁরা সমস্যায় পড়েছেন। চকরিয়ার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, তাঁরা এ পর্যন্ত (১৭ জানুয়ারি) আচরণবিধি লঙ্ঘনের সরাসরি কোনো অভিযোগ পাননি। এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তাঁরা তাৎক্ষণিকভাবে কয়েকজন প্রার্থীকে জরিমানা করেছেন।