চকরিয়ায় প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়
'নির্ভয়ে থাকুন, প্রত্যেক কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে'
তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২৩ এপ্রিল চকরিয়া উপজেলার ১২ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত সোমবার প্রার্থীদের সঙ্গে উপজেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা মতবিনিময় সভা করেছেন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ফাঁসিয়াখালী, বমুবিলছড়ি, খুটাখালী, ডুলাহাজারা, সাহারবিল, চিরিঙ্গা, লক্ষ্যারচর, কৈয়ারবিল, কাকারা, সুরাজপুর-মানিকপুর, বরইতলী ও হারবাং ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন ইউপি নির্বাচনের সমন্বয়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম। তিনি বলেন, ‘নির্ভয়ে থাকুন, প্রত্যেক কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকবে। ভোটাররাও নির্ভয়ে ভোট দিতে যাবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। প্রার্থীরা সহযোগিতা করলে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব। ইতিমধ্যে প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’
আচরণবিধি নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন। অন্যদের মধ্যে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বক্তব্য দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন প্রার্থীদের উদ্দেশে বলেন, ৭ এপ্রিল (আজ) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর শুরু হবে নির্বাচনী প্রচারণা। এ সময় নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবেন একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট।