'নিষিদ্ধ' প্রবাল সবার হাতে হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেড়াদিয়া দ্বীপে অবাধে বি​িক্র হচ্ছে সাগর থেকে আহরণ করা প্রবাল l প্রথম আলো
ছেড়াদিয়া দ্বীপে অবাধে বি​িক্র হচ্ছে সাগর থেকে আহরণ করা প্রবাল l প্রথম আলো

সেন্ট মার্টিন দ্বীপ থেকে প্রবাল আহরণ নিষিদ্ধ। কিন্তু কে শোনে কার কথা—অবাধে প্রবাল আহরণ চলছেই। নিষিদ্ধ প্রবাল এখন দ্বীপবাসীর হাতে হাতে। পর্যটকদের কাছে বিক্রির জন্য ফেরি করে ঘুরে বেড়ান তাঁরা।
গত ১৭ জানুয়ারি সরেজমিনে দেখা যায়, দ্বীপের জেটিঘাট, পশ্চিম ও উত্তর সৈকত এলাকায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে প্রবাল। পর্যটকেরা কেউ কেউ কিনেও নিচ্ছেন। অন্যদিকে সেন্ট মার্টিনের তিন কিলোমিটার দক্ষিণের আরেক দ্বীপ ছেড়াদিয়ায় তো রীতিমতো প্রবালের হাট। প্রায় ৫০ থেকে ৬০ জন শিশু-কিশোর ফেরি করে প্রবাল বিক্রি করছে। ২০ থেকে ১২০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে প্রবাল।
কথা হয় ছেড়াদিয়ায় বেড়াতে আসা কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আলম সিকদারের সঙ্গে। তিনি বলেন, অবাধে বিক্রি হচ্ছে প্রবাল-শৈবাল। কেউ বাধা দিচ্ছে না। প্রতিরোধে কোনো ব্যবস্থা নেই।

প্রবাল বি​িক্রর কাজে ব্যবহার ক​রা হয় শিশুদেরও l প্রথম আলো
প্রবাল বি​িক্রর কাজে ব্যবহার ক​রা হয় শিশুদেরও l প্রথম আলো

ছেড়াদিয়ার বিচ কর্মী আবদুল আমিন (৩০) জানান, প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণে আসছেন। এর মধ্যে অন্তত এক হাজার লোক ছেড়াদিয়া ভ্রমণে যাচ্ছেন। তাঁদের অনেকে প্রবাল ও শামুক-ঝিনুক কিনছেন। স্থানীয় কিছু লোক প্রবাল ও শামুক-ঝিনুক কক্সবাজার সৈকতের ঝিনুক মার্কেটেও পাচার করছেন।
তিনি আরও জানান, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথর স্তূপে জন্ম নেয় প্রবাল-শৈবাল। স্থানীয় লোকজন রাতে প্রবাল, শৈবাল ও শামুক-ঝিনুক আহরণ করে দোকান-ঘরবাড়িতে মজুত করেন। তারপর দিনে শিশু-কিশোরদের দিয়ে বিক্রি করান।
এদিকে সেন্ট মার্টিন জেটিতে প্রবাল, শৈবাল ও শামুক-ঝিনুক সংগ্রহ বা আহরণ না করার ব্যাপারে পর্যটকদের সতর্ক করেন (মাইকে) বেসরকারি উন্নয়ন সংস্থা ক্রেল-এর কর্মী রবিউল আলম। তিনি বলেন, ‘জাহাজ থেকে জেটিতে নেমে পর্যটকেরা সেন্ট মার্টিন ওঠার সময় প্রবাল ও শামুক ঝিনুক আহরণের ব্যাপারে সতর্ক করা হচ্ছে। কিন্তু ফেরার সময় অনেকে ব্যাগে ভরে প্রবাল ও শামুক-ঝিনুক নিয়ে যাচ্ছেন। ব্যাগ তল্লাশির ক্ষমতা আমাদের নেই।’
সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন জানান, সেন্ট মার্টিনের প্রবাল-শৈবাল প্রায় শেষ পর্যায়ে। এখন অল্প পরিমাণ যা আছে, তাও শেষ করা হচ্ছে। জীবিকার স্বার্থে এলাকার কিছু গরিব মানুষ এসব আহরণ করছেন। তঁাদের বিকল্প পেশায় আনার চেষ্টা চলছে।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী, প্রতিবেশ সংকটাপন্ন এই সেন্ট মার্টিন দ্বীপে প্রবাল শৈবাল, শামুক-ঝিনুক আহরণ নিষিদ্ধ। একসময় আকর্ষণীয় এই দ্বীপে ৬৬ প্রজাতির প্রবাল, ১৩ প্রজাতির শৈবাল, ১০১ প্রজাতির শামুক-ঝিনুকে ভরপুর ছিল। এখন তার সবই শেষ।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, মাত্র দুজন পরিবেশকর্মী দিয়ে প্রায় আট বর্গকিলোমিটারের সেন্ট মার্টিনের প্রবাল-শৈবালসহ জীববৈচিত্র্য রক্ষা করা যাচ্ছে না। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি সেন্ট মার্টিনের পরিবেশ বিষিয়ে তুলছে।
তিনি আরও জানান, দেশের ১২টি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার একটি সেন্ট মার্টিন। দ্বীপটিতে পাঁচ প্রজাতির কাছিম ছাড়াও ৬৮ প্রজাতির জীববৈচিত্র্য রয়েছে। দ্বীপটিকে ইকো ট্যুরিজম প্রকল্পের মাধ্যমে ব্যবস্থাপনায় আনার জন্য সরকারের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।
এ ব্যাপারে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহা জানান, তিনিও শিশুদের দিয়ে নিষিদ্ধ প্রবাল বিক্রি করতে দেখেছেন। সেন্ট মার্টিনকে রক্ষা করতে হলে প্রবাল-শৈবাল আহরণ বন্ধ করতে হবে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।