‘নীরবেই সব সয়ে গেল দিদি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার থালা থেকে ওই রাতে ভাত খেয়েছিল দিদি। ওকে প্রায়ই খেপাতাম—বলতাম, তোমার বর খুব কৃপণ, আমার জন্য কিছু আনে না। দিদিও তখন রাগ করার ভান করত। ওই রাতের পর দিদির সঙ্গে আর কথা হয়নি।’ বড় বোন সুমী চৌধুরীর (২৬) সঙ্গে শেষবার দেখার স্মৃতিচারণা করতে গিয়ে সপ্তম শ্রেণীর ছাত্র বিজয় বলছিল। মেঝের দিকে তাকিয়ে কথা বলছিল বিজয়। আর পরিবারের অন্য সদস্যরা সবাই নির্বাক হয়ে শুনছিলেন। ১৫ মার্চ নগরের বিটলিগঞ্জের রামপুকুরপাড় এলাকায় সুমীর বাসায় বসে কথা হচ্ছিল। পেছনের দেয়ালে তখনো ঝুলছে সুমীর ছবি। গত বুধবার ১৪ মার্চ রাতে নগরের দক্ষিণ নালাপাড়ায় শ্বশুরবাড়িতে রহস্যজনকভাবে মারা যান গৃহবধূ সুমী চৌধুরী। ময়নাতদন্ত শেষে পুলিশ জানিয়েছে, নিহতের গলায় কালো ফাঁসের দাগ পাওয়া গেছে। ওই রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে নিহত সুমীর স্বামী জয় প্রকাশ চৌধুরীকে আটক করে পুলিশে সোপর্দ করেন সুমীর স্বজনেরা। এ ঘটনায় সুমীর মা কনক চৌধুরী বাদী হয়ে নগরের ডবলমুরিং থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। সুমী শেষবার নিজের বাবার বাসায় এসেছিলেন ৯ মার্চ রাতে। কনক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ওই রাতে মেজো মেয়ে উর্মির বিয়ের পাকা কথা হয়। সুমী, ওর বর জয় এবং শ্বশুর দানীকুমার চৌধুরী এসেছিলেন। রাত সাড়ে ১১টার দিকে ওরা চলে যায়। যাওয়ার আগে মেজো বোনের বিয়ের নানা আয়োজন নিয়ে কথা বলেছিল সুমী। আমাকে বলেছিল হিসাব করে টাকা-পয়সা খরচ করতে। সব দিকে খেয়াল রাখতে। এরপর শনিবার (১০ মার্চ) রাতে মুঠোফোনে আমার সঙ্গে শেষবার কথা হয়।’ গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রেমের সম্পর্কের সূত্র ধরে সুমীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় জয় প্রকাশ চৌধুরীর। কনক চৌধুরী বলেন, ‘মুঠোফোনে জয় লেখাপড়ার বিষয়ে সুমীকে পরামর্শ দিত। জয়কে খুব বিশ্বাস করত সুমী। জয়ের পরিবারের আগ্রহেই আমরা বিয়েতে রাজি হই। বিয়ের সময় স্বর্ণালংকার ও আসবাবপত্র দিয়েছিলাম।’নিহত সুমী নগরের সরকারি সিটি কলেজে হিসাববিজ্ঞান বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্বামী জয় ইংরেজিতে স্নাতকোত্তর পাস করেছেন দুই বছর আগে। তবে একটি প্রতিষ্ঠানে সপ্তাহে দুটি ক্লাস নেওয়া ছাড়া তেমন কিছুই করতেন না তিনি। মেজো বোন উর্মি চৌধুরী, ছোট বোন পনি চৌধুরী ও ভাই বিজয় চৌধুরীর প্রিয় দিদি ছিলেন সুমী। তিনজনকেই খুব ভালোবাসতেন। দিদির ছবির দিকে তাকিয়ে চোখ মুছছিলেন ভাইবোনেরা। শুরুতে কেবল একবার কথা বলেই চুপ করে যায় বিজয়। কোনো কথা না বলে চুপচাপ বসেছিলেন উর্মিও।কেমন ছিল সুমীর দাম্পত্য জীবন? শোকে বিহ্বল পরিবারের সদস্যদের এই প্রশ্ন করে জানা গেল এক নির্মমতার (নির্মম) কাহিনি। সুমীর ছোট দুবোন জানান, আগেও একাধিকবার সুমীর গায়ে আঘাতের চিহ্ন দেখেছেন তাঁরা। কিন্তু কখনোই স্বামীর নির্যাতনের কথা স্বীকার করতে চাইতেন না তিনি। শোকে পাথর হয়ে যাওয়া ছোট বোন পনি বলেন, ‘চলতি মাসের শুরুর দিকে বাসায় এলে তাঁর হাতে দুটি আঘাতের চিহ্ন দেখি। জানতে চাইলে হেসে বলেছিল, কিছু হয়নি। নীরবেই সব সয়ে চলে গেল দিদি। বিয়ের পাঁচ মাস পরে একবার ওকে খুব মারধর করেছিল। সেবার হাতে-পায়ে ও চোখের নিচে আঘাতের চিহ্ন ছিল। আমরা জানতে চাইলে সে কখনো কিছু বলত না। শুধু বলত, জয় খুব একগুঁয়ে স্বভাবের। কোনো কিছু পছন্দ না হলে খুব রেগে যায়।’ কনক চৌধুরী বলেন, ‘আগেও দুয়েকবার সুমীর মুখে জয় বালিশ চেপে ধরেছিল। এ কথা সুমীই আমাকে জানিয়েছিল। প্রায় সময় শ্বশুরবাড়ির লোকেরা বিয়েতে তেমন কিছু দিইনি বলে সুমীকে খোঁটা দিত। মাস খানেক ধরে দুই লাখ টাকা যৌতুক দাবি করছিল জয়। সবার অগোচরে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে ২০ হাজার টাকা দিয়েছি গত মাসে।’ পরিবারের সদস্যরা জানান, ২০১১ সালের ৩ মার্চ সুমীর বিয়ের এক সপ্তাহ পরেই হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান তাঁর বাবা তরুণ বিকাশ চৌধুরী। এরপর থেকে নগরের ২৪ নম্বর টেরিবাজার বাই লেইনের বাড়িতে বাস করত সুমীর মা ও ভাই-বোনেরা। মাস তিনেক আগে সেখানে ফ্ল্যাট নির্মাণের কাজ শুরু হলে তাঁরা বিটলিগঞ্জের ভাড়া বাসায় চলে আসেন। সুমীর চাচাতো ভাই সন্তোষ কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ফ্ল্যাটের কাজ শুরু হওয়ার পর থেকেই যৌতুকের দাবিতে জয় সুমীকে চাপ দিয়ে আসছিল বলে জানতে পেরেছি। এতে রাজি না হওয়ায় সুমীকে মেরে ফেলা হয়েছে বলে আমরা ধারণা করছি।’ আলাপের একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন কনক চৌধুরী। বাষ্পরুদ্ধ কণ্ঠে তিনি বলেন, ‘গত বুধবার রাতে সুমীর শ্বশুর আমাকে ফোন করে বলেন সুমী বাথরুমে পড়ে গিয়েছে। মনে হয়, স্ট্রোক করেছে। ওকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়ে আমার মেয়ের লাশ দেখতে পাই। সুমীর পুরো শরীর ছিল ভেজা। গলায় নীলচে দাগ এবং ডান পায়ের পাতায় দাগ ছিল। আমার মেয়েটা ছিল চাপা স্বভাবের। নিজের কষ্টের কথা কাউকে বলতে চাইত না। আমি মেয়ের হত্যার বিচার চাই।’