গেল সপ্তাহে গেম অব থ্রোনসকে পেছনে ফেলে যে নাটকটি টিআরপির এক নম্বর স্থান দখল করেছে, তার নাম ‘নেইমার’। কিন্তু এই নাটকটির মধ্যে এমন কী আছে, যা জয় করেছে কোটি কোটি মানুষের হৃদয়? মানুষের কাছ থেকে গল্প শুনে নাটকটির রসালোচনা করার চেষ্টা করেছেন আসফিদুল হক
কাহিনি সংক্ষেপ
গার্লস কলেজের সামনে দাঁড়িয়ে থাকা কতিপয় যুবককে নিয়ে গড়ে উঠেছে নেইমার নাটকের গল্প। প্রতিটি গার্লস কলেজই সম্ভবত পৃথিবীর সবচেয়ে বিস্ময়জাগানিয়া স্থাপত্যশিল্প, যা দর্শনীয় না হওয়ার পরও প্রচুর দর্শনার্থী সকাল-বিকেল সেখানে ভিড় করে। এই দর্শনার্থীদের মধ্যে উঠতি বয়সের তরুণেরাই অগ্রগামী। সেই বাস্তবতায় নাটকের শুরুতে দেখা যায়, বার্সেলোনা কলেজের সামনে বহু উঠতি বয়সী তরুণের আনাগোনা। তবে তাদের মধ্যে আলাদা করে নজর কাড়ে তিন তরুণ—মেসি, সুয়ারেজ ও নেইমার (সংক্ষেপে এমএসএন)। মেয়েদের চোখেও এই এমএসএন আগ্রহের কেন্দ্রবিন্দু। কারণ, মিডফিল্ডার হিসেবে সবারই আছে ফিল্ডিংয়ে দুর্দান্ত দক্ষতা, লক্ষ্যভেদেও পটু এই তিনজন।
তবে সবার সমান দক্ষতা থাকলেও নাম ছড়ায় শুধু মেসির। বার্সেলোনা কলেজের প্রতিটি মেয়ের চোখের মধ্যমণি সে। মেসির চেহারা সুন্দর, ব্যবহারে নম্র-ভদ্র। তাই সবাই মেসির ভালোবাসা পেতে চায়, তাকে নিয়েই যত কাড়াকাড়ি। নেইমার শুরু থেকেই এসবে অভ্যস্ত। তবু মাঝেমধ্যে তার মন বিদ্রোহ করে বসে। সে ভাবে, অনেক হয়েছে, আর না। এবার সে একা একা অন্য কলেজের সামনে গিয়ে সময় দেবে। কিন্তু বাদ সাধেন ‘বার্সেলোনা ফিল্ডিং উন্নয়ন কমিটি’র সভাপতি জোসেপ বার্তোমেউ। তিনি পদে পদে মনে করিয়ে দেন, বার্সেলোনা কলেজের সামনে দাঁড়িয়ে থাকার জন্য প্রতিদিন কত কাপ চা এবং কতগুলো শিঙাড়া, আলুপুরি নেইমারের পেছনে ব্যয় করা হচ্ছে। এসব শুনে নেইমারও আর কিছু বলতে পারে না। তা ছাড়া মেসিও তাকে আপন ছোট ভাইয়ের মতো স্নেহ করে। তাই মাঝেমধ্যে মন খারাপ হলেও নেইমার প্রতিদিন বার্সেলোনা কলেজের সামনে এসেই দাঁড়ায়।
এভাবেই চলছিল সবকিছু। কিন্তু একদিন একটা ট্র্যাজেডি ঘটে গেল। এমএনএস-এর কমন ক্রাশ ‘মিস ইউরো’কে মেসি বলেছিল, তার রুই মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট খেতে ইচ্ছা করছে। মেসির ইচ্ছা বলে কথা, তাই পরদিনই মিস ইউরো বাসা থেকে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট রেঁধে নিয়ে এল। এবং সেটা মেসির হাতে তুলে দিয়ে বলল, ‘সবটুকু তোমার জন্য, আর কাউকে দেবে না কিন্তু!’
ক্রাশের কথামতো নেইমার আর সুয়ারেজের চোখের সামনে রুই মাছের মুড়িঘন্ট একাই খেয়ে ফেলল মেসি। সুয়ারেজের এতে তেমন একটা কষ্ট না লাগলেও নেইমারের বুক ভেঙে গেল অপমানে। পরদিনই সে গিয়ে পিএসজি কলেজের ‘ফিল্ডিং উন্নয়ন কমিটি’র সভাপতি নাসের আল খেলাইফির সঙ্গে দেখা করল। এবং জানিয়ে দিল, এখন থেকে পিএসজি কলেজের সামনে সে সময় দিতে চায়।
নাসের আল খেলাইফিও মনে মনে এটাই চাইছিলেন। নেইমারের চেহারা-সুরত ভালো, একটা ওয়াইল্ড ব্যাপার আছে। সে এলে পিএসজি কলেজের মেয়েরা, বিশেষ করে মিস পাউন্ড, মিস ফ্রাঁ বা মিস ডলার নতুন দৃষ্টিতে তাদের দিকে তাকাবে।
সবকিছু ঠিক হয়ে গেল গোপনে গোপনে। তারপর একদিন ইচ্ছে করে নেইমার বার্সার আরেক ফিল্ডার নেলসন সেমেদোরের সঙ্গে তুচ্ছ কারণে হাতাহাতি করে ঘোষণা দিল, কাল থেকে সে আর বার্সেলোনা কলেজের সামনে দাঁড়াবে না।
নেইমারের এই ঘোষণায় মন ভেঙে গেল সবার। মেসি কান্নাকাটি করে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করল। এমনকি মিস ইউরো পর্যন্ত একদিন এসে সুনীল স্টাইলে বলল, ‘কারওয়ান বাজার তন্নতন্ন করে খুঁজে এক শ আটটি রুই মাছের মাথা এনে তোমাকে মুড়িঘন্ট খাওয়াব, তবু যেয়ো না, নেইমার!’
কিন্তু কথা শোনেনি নেইমার। টাকা যেখানে কথা বলে সেখানে তেত্রিশ হাজার বছরেও কেউ কথা শোনে না।
রসালোচনা
নাটকের গল্প মেলোড্রামা হওয়ায় দর্শকের কাছে জনপ্রিয় হয়েছে। তবে চিত্রনাট্যে মুন্সিয়ানার অভাব ছিল। আর দৃশ্যায়নও বাস্তবমুখী হয়নি। দর্শক আগেই বুঝে ফেলেছে, পরে কী হবে। উপস্থাপনে কোনো চমক নেই। বিশেষ করে, গল্পের ইউনিক সেলিং পয়েন্ট মুড়িঘন্টকে ঠিকভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন পরিচালক। আশা করা যায়, এই পরিচালক এরপরে এসব ভুল-ত্রুটি ঠিক করে তারপর নতুন নাটক বানাতে বসবেন।