'নেতৃত্ব' পেতে নেতাদের দৌড়ঝাঁপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগ পর ২৮ জানুয়ারি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ১১ জানুয়ারি জেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মেলন ঘিরে চাঙা তৃণমূলের নেতা-কর্মীরা। এদিকে নতুন কমিটির ‘নেতৃত্ব’ পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন পদ প্রত্যাশী নেতারা।
এর আগে পাঁচ বার তারিখ ঘোষণা করেও সম্মেলন হয়নি। সম্মেলনের সর্বশেষ তারিখ ছিল গত বছরের ২৮ নভেম্বর।
দলের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ জানান, ২৮ জানুয়ারি বিকেলে শহীদ দৌলত ময়দানে দলের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম ও কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। উদ্বোধক থাকবেন সভাপতিমণ্ডলীর সদস্য ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। প্রধান বক্তা থাকবেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও বিশেষ অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর।
দলীয় সূত্র জানায়, ২০০৩ সালের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সম্মেলনে মুক্তিযোদ্ধা এ কে এম মোজাম্মেল হক সভাপতি ও সালাহ উদ্দিন আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৫ সালের ২৭ মে মোজাম্মেল হকের মৃত্যু হলে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান তৎকালীন সহসভাপতি এ কে আহমদ হোসেন। বর্তমান কমিটির তিন বছরের মেয়াদ শেষ হয়েছে ৯ বছর আগে।
নেতা-কর্মীরা জানান, বর্তমানে সভাপতি পদের প্রত্যাশী রয়েছেন চার নেতা। তাঁরা হলেন বর্তমান সভাপতি একে আহমদ হোসেন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী ও দলের যুগ্ম সম্পাদক সিরাজুল মোস্তফা। আর সাধারণ সম্পাদক পদে রয়েছেন সাতজন। তাঁরা হলেন শহর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, চকরিয়া উপজেলা আ. লীগের সভাপতি জাফর আলম, কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রেজাউল করিম, রামু উপজেলা আ. লীগের সভাপতি সোহেল সরওয়ার, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, জেলা আ. লীগের সদস্য রাশেদুল ইসলাম এবং জেলা আ. লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাশেদুল হক।
জেলা যুবলীগের সভাপতি খুরশেদ আলম জানান, তৃণমূলের নেতা-কর্মীরা চান সম্মেলনের মাধ্যমে জেলা কমিটির নতুন নেতৃত্ব তৈরি হোক। কিন্তু মেয়াদোত্তীর্ণ কমিটির অধিকাংশ নেতা সম্মেলন চাননি। এখন সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করায় তৃণমূলের নেতা-কর্মীরা খুশি। ২৯৮ জন কাউন্সিলর ভোট দিয়ে যোগ্য নেতৃত্ব নির্বাচন করবেন।