
রাজনৈতিক, সামাজিক নানা সমস্যার সমাধানে অনেকেই অনশনের পথ বেছে নেন। কিন্তু বই পড়ার দাবিতে আন্দোলন, অনশন! হাওরবেষ্টিত সুনামগঞ্জের ধরমপাশার কিছু তরুণ-যুবক বন্ধ গণপাঠাগার খুলে দেওয়ার দাবিতে কয়েক বছর ধরে আন্দোলন করে আসছেন। সম্প্রতি তাঁরা বসেছিলেন আমরণ অনশনে। শেষমেশ প্রশাসন গণপাঠাগারটি খুলে দেয়। বই পড়ার দাবিতে এই আন্দোলন, সংগ্রামের পুরোধা আনিসুল হক। ডাকনাম লিখন। পেশায় শিক্ষক ও ধরমপাশা সাহিত্য পরিষদের সভাপতি তিনি
কত দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন?
প্রায় পাঁচ বছর ধরে।
অনশনে বসেছিলেন কবে?
২৩ ডিসেম্বর সকাল ১০টায় আমরা ১৫০ জনের মতো মানুষ অনশন শুরু করি। আবৃত্তি, গান—এসব চালিয়ে যাচ্ছিলাম। বেলা তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে পাঠাগারের তালা খুলে দিয়ে আমাদের অনশন ভাঙান।
উদ্দেশ্য কী ছিল?
আমাদের একমাত্র গণপাঠাগারটি ছিল জ্ঞানের আশ্রম। এটি বন্ধ হয়ে যাওয়ার পর ছেলেরা নেশার দিকে, নষ্ট রাজনীতির দিকে ঝুঁকে পড়ে। ওদেরকে বই পড়ার দিকে ফেরাতে চাই।
পাঠাগারটি কেন তালাবদ্ধ ছিল?
এটি ধরমপাশার একমাত্র পাঠাগার। চলত উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায়। ১৯৯৩-এ এটি স্থাপিত হয়। ২০০৪-এর বন্যায় পানি ঢুকে বই ও আসবাব নষ্ট হয়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় পাঠাগারটি। ২০০৭-এর জানুয়ারিতে আবার চালু হয়। কিন্তু পরের বছরের মার্চে পাঠাগারের সব বই (আট শতাধিক) চুরি হয়ে যায়। এর পর থেকেই এটিতে তালা ঝুলছিল।
এখন পাঠাগারের অবস্থা কী?
আধাপাকা ঘরটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। বই রাখার কয়েকটি আলমারি ছাড়া কিছুই আর অবশিষ্ট নেই। বই সংগ্রহের প্রক্রিয়া চলছে।
পাঠাগার নিয়ে আপনি নাকি কবিতাও লিখেছেন?
অনশন কর্মসূচিতে বসে দুটি কবিতা লিখেছিলাম।
নিজের সম্পর্কে বলুন...
আমি সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করি। পাশাপাশি লেখালেখির চেষ্টা করি। আমার কয়েকটি বই প্রকাশিত হয়েছে। ভবিষ্যতে লেখক হওয়ার স্বপ্ন দেখি।
সাক্ষাৎকার: আবুল হাসনাত