
কক্সবাজার ও রামুর প্রধান সড়কের পাশে সারি সারি কলাগাছ। একটি দুটি নয়, অসংখ্য। কিছু স্থানে রয়েছে কলাগাছের তোরণ। এসব গাছে ঝুলছে নানা প্ল্যাকার্ড, তাতে লেখা—‘নৌকায় নয়, কলাগাছে ভোট দিন’, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমরা কমলকে চাই’। সাধারণ মানুষের মধ্যেও আলোচনার খোরাক জুগিয়েছে এ কাণ্ড!
দলীয় নেতা ও স্থানীয় লোকজনের সঙ্গে আলাপে জানা যায়, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইমুম সরওয়ার কমলের সমর্থকেরা এসব গাছ রোপণ করেন। তিনি এই আসনে মহাজোটের গতবারের প্রার্থী ছিলেন।
দলীয় সূত্র জানায়, এই আসনে দলের মনোনয়ন পেয়েছেন জেলা মহিলা আ.লীগের সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক। সোনালী ব্যাংকের সাবেক পরিচালক হিসেবে হলমার্ক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় কমল এবার বাদ পড়েন। এতে কমলের ক্ষুব্ধ সমর্থকেরা কলাগাছ রোপণ করা শুরু করেছেন।
জানা যায়, কমলকে দলীয় মনোনয়ন না দেওয়ায় তাঁর সমর্থকেরা গত শুক্রবার রামু চৌমুহনীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা হাবিব উল্লাহ চৌধুরী, মুক্তিযোদ্ধা ইসহাক বাঙ্গালী, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ইউনুছ রানা প্রমুখ।
ইউনুছ রানা বলেন, গত নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসাবে সাইমুম সরওয়ার কমল নির্বাচন করেন। কিন্তু দলীয় কোন্দলের কারণে বিএনপির প্রার্থীর কাছে তিনি হেরে যান। এরপর গত পাঁচ বছর তিনি জনগণের সঙ্গে ছিলেন। তার পরও তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি। কমল ছাড়া অন্য কেউ নির্বাচন করলে জামানত বাজেয়াপ্ত হবে। তাই এই আন্দোলন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার ভোররাতে একদল যুবক দুটি ট্রাকে করে শতাধিক কলাগাছ শহরে নিয়ে আসেন। তার পর এসব গাছ বিভিন্ন স্থানে রোপণ করা হয়।
সরেজমিনে দেখা গেছে, প্রধান সড়কের লালদীঘির পাড় এলাকার জেলা আওয়ামী লীগ, জাসদ, জাতীয় পার্টি ও ছাত্র ইউনিয়ন কার্যালয়ের সামনে, তার পাশে লালদীঘি জামে মসজিদের সীমানা প্রাচীর, পৌরসভা ভবনসহ বিভিন্ন বিপণিকেন্দ্রের সামনে এবং প্রধান সড়কের দুই পাশে কলাগাছ রোপণ করা হয়েছে। একইভাবে রামুর বিভিন্ন সড়কের দুই পাশেও কলাগাছ দেখা গেছে।
এ ছাড়া ভবনের ছাদে ও সড়কের ওপর তোরণ নির্মাণ করে ঝোলানো হয়েছে কলাগাছ। রামুর ঘরে ঘরে ওড়ানো হচ্ছে কালো পতাকাও।
জেলা যুবলীগের সভাপতি (এ আসনের মনোনয়নপ্রত্যাশী) খুরশেদ আলম বলেন, গত নির্বাচনে এই আসনে দলের প্রার্থী হিসেবে যখন সাবেক সাংসদ মোস্তাক আহমদ চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছিল, তখন কমলের সমর্থকেরা শহরের বিভিন্ন স্থানে কাঁটাযুক্ত মান্দারগাছ রোপণ করেছিলেন। পরে ঋণখেলাপির অভিযোগে মোস্তাক আহামদ চৌধুরীর মনোনয়ন বাতিল হলে দলের মনোনয়ন পান কমল। এবারও মোস্তাক আহমদ চৌধুরীর স্ত্রী কানিজ ফাতেমা মোস্তাককে দলের মনোনয়ন দেওয়া হলে ক্ষুব্ধ মহলটি কলাগাছ লাগিয়ে হীনম্মন্যতার পরিচয় দিচ্ছেন।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রণজিৎ দাশ বলেন, ‘আমরা ১৪ জন প্রার্থী এই আসনে দলে মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু পাইনি। শেখ হাসিনা যাঁকে মনোনয়ন দিয়েছেন, আমরা তাঁর পক্ষে কাজ করছি।’
জানতে চাইলে সাইমুম সরওয়ার কমল বলেন, ‘আমাকে মনোনয়ন না দেওয়ায় ক্ষুব্ধ সমর্থকেরা এসব কলাগাছ রোপণ করেছে। এর সঙ্গে আমার কোনো হাত নেই।’
এ প্রসঙ্গে দলের প্রার্থী কানিজ ফাতেমা মোস্তাক বলেন, ‘নৌকা নিয়ে এখন ভোটারদের কাছে যাচ্ছি। কলাগাছ নিয়ে ভাবার সময় কই। কর্মেই মানুষের পরিচয়।’
উল্লেখ্য, এই আসনে সাইমুম সরওয়ার, তাঁর ভাই সোহেল সরওয়ার কাজল ও বোন নাজনীন সরওয়ার ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন।