‘ন্যাশনাল ডিজিটাল টকিং লাইব্রেরি’ গড়তে চান ভাস্কর
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। আলোর দেখা পাননি কখনো। অথচ আজ তিনি আলোকিত একজন। আর আলোর পথ দেখাচ্ছেন তাঁরই মতো আরও অনেককে। তাঁর নাম ভাস্কর ভট্টাচার্য। বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসায় (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন) প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কর্মরত। আইসিটি অ্যান্ড রিসার্চ অন ডিজঅ্যাবিলিটি বিভাগের নেতৃত্ব দেন তিনি।একজন দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও পেশাগত জীবনে আইটি বিভাগে কাজ করছেন, কীভাবে তা সম্ভব হলো? জিজ্ঞেস করতেই ভাস্কর জানান তাঁর সংগ্রাম ও সাফল্যের কথা। মুরাদপুর অন্ধ সরকারি বিদ্যালয়ে ব্রেইল পদ্ধতির মাধ্যমে পড়ালেখা শুরু করেন। নানা সীমাবদ্ধতার মধ্যেও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্নাতক (অনার্স) পাস করেন। এর পরই তাঁর সুযোগ হয় জাপানে যাওয়ার। সেখানে ডাসকিন লিডারশিপ ট্রেনিং নিয়েছেন এক বছর। সেখানেই প্রথম কম্পিউটার ব্যবহার করেন। সেখানে একে একে জাপানি ব্রেইল সিস্টেম, জাপানি ব্লাইন্ড স্কুল সিস্টেম, কম্পিউটার ও ইনফরমেশন টেকনোলজি, ডেইজি (ডিজিটাল অ্যাকসেসিবল ইনফরমেশন সিস্টেম), সেল্টারড ওয়ার্কশপ ও লিডারশিপ ট্রেনিং শেষ করে দেশে ফেরেন। এই ট্রেনিংই তাঁকে আত্মপ্রত্যয়ী হয়ে জীবন গড়ায় সাহায্য করে বলে জানালেন ভাস্কর।যুক্তরাজ্য, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীনসহ অনেক দেশেই গিয়েছেন তিনি। জাপান থেকে ফিরে স্নাতকোত্তর শেষ করেন। তারপর প্রথম চট্টগ্রামে কম্পিউটারাইজড ব্রেইল প্রোডাকশন সেন্টার চালু করলেন। বাংলাদেশে ‘ডেইজি ফর অল প্রোজেক্টে’র ফোকাল পারসনও তিনি। ইপসাতে যোগ দেন ২০০৪ সালে। প্রতিবন্ধীদের জন্য তাঁর কাজ সম্পর্কে ভাস্কর বলেন, ‘প্রতিবন্ধীদের তথ্যপ্রযুক্তির অধিকার নিশ্চিত করতে মানসম্মত শিক্ষা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের জন্য দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এ প্রশিক্ষণে ডেইজি বুক প্রোডাকশন ও আমেরিকান জজ (জব একসেস অব স্পিচ) সফটওয়্যার ব্যবহার করতে শেখেন দৃষ্টিপ্রতিবন্ধীরা। কম্পিউটার ল্যাবটি ঘুরে দেখা গেল, ভাস্কর প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি জানালেন, এখান থেকে প্রায় ৩০০ জন প্রতিবন্ধী প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন এবং সীতাকুণ্ডেও তাঁদের চারটি টেলিসেন্টার ও একটা মাল্টিমিডিয়া সেন্টার আছে। নিজের এ সফলতার পেছনে পরিবারের সহায়তা ছাড়াও শিক্ষক আবদুস সামাদ এবং ইপসার নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের অবদানের কথা স্বীকার করলেন ভাস্কর। জন্মের সময়ই চোখ-মুখ থেকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে এ অন্ধত্বের শিকার হন তিনি। দুই বছর বয়সে চিকিৎসকেরা বুঝতে পারেন, ভাস্কর দৃষ্টিশক্তি হারিয়েছেন। সেই থেকে শত অন্ধকারের বাধা পেরিয়ে যেন এখন আলোর সমুদ্রে এসে পড়েছেন ভাস্কর। ব্যক্তিগত জীবনের কথা জানতে চাইলে সহাস্যে বললেন, ‘২০০৬ সালে সহকর্মী শ্যামশ্রী দাশকে ভালোবেসে বিয়ে করি। তিনি সম্পূর্ণ সুস্থ। আমাদের চার বছরের একটা মেয়েও আছে—শৈবলীনি ভট্টচার্য।’ ভাস্করের ভবিষ্যৎ পরিকল্পনা হলো একটা ন্যাশনাল ডিজিটাল টকিং লাইব্রেরি গড়া। আর এ লক্ষ্যেই এগিয়ে চলেছেন ভাস্কর। অন্ধজনকে আলোর মুখ দেখাতে সংগ্রাম করে চলেছেন আলোর পথযাত্রী হয়ে।