ছাত্র তখন পাটিগণিতে মত্ত। সে জানে না, টেবিলের এপ্রান্তে তার শিক্ষকও মনে মনে পাটিগণিত কষছেন। মায়ের জন্য শাড়ি, বাবার জন্য পাঞ্জাবি, বোনের জন্য পেনসিল বক্স...তালিকা লম্বা হতেই থাকে! মাস ফুরোলেই হাতে আসবে জীবনের প্রথম উপার্জন, তাই ‘গাছে কাঁঠাল দেখেই গোঁফে তেল দেওয়া’! টাকার অঙ্কটা হতে পারে ছোট, কিন্তু আবেগটা যে অনেক বড়!ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার শোভনের মতো অনেকের গল্পটাই হয়তো এমন। জীবনের প্রথম টিউশনি করতে গিয়ে তাঁর সে কী রোমাঞ্চ, সে কথাই বলছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে থাকাকালীন শাহরিয়ারের এবাড়ি-ওবাড়ি ছাত্র পড়ানোর শুরু। চতুর্থ বর্ষে এসে এত দিনে শাহরিয়ার মোটামুটি ‘অভিজ্ঞ গৃহশিক্ষক’ তকমা পেয়ে গেছেন। ‘মাস্টার মশাই’ হওয়ার নেশাটাও তাঁকে পেয়ে বসেছে। পড়ালেখা শেষ করে স্বনামধন্য কোনো স্কুল বা কলেজে শিক্ষকতা করতে চান, এমনটাই বললেন তিনি।ছাত্রজীবনে টুকটাক টিউশনি করেননি, এমন শিক্ষার্থীর সংখ্যা বোধ হয় নেহাতই অল্প। কখনো পাশের বাসার বাচ্চা মেয়েটাকে পড়া দেখিয়ে দেওয়ার সুযোগে, কখনো অঙ্কে কাঁচা খালাতো ভাইটাকে সাহায্য করতে গিয়ে টিউশনিটা করা হয়েই যায়। কারও কাছে টিউশনি শুধু শখ, কারও কাছে সময় কাটানো, কারও কাছে পুরোনো পড়াগুলো ঝালাই করে নেওয়ার চেষ্টা। আবার কারও কাছে কিছুটা বাড়তি উপার্জন। অন্যকে পড়িয়ে নিজের পড়ালেখার খরচ বহন করছেন, এমন শিক্ষার্থীর সংখ্যাও কম নয়। তাঁদের কাছে মাসের শেষে টিউশনির ফাঁকে খাবারের ট্রের সঙ্গে আসা সাদা খামটা কেবল সম্মানীই বহন করে না; বহন করে মেসের ভাড়া, পড়ার বই, যাতায়াতের খরচ, আর অনেক স্বপ্ন! একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মাশরুর হোসেন। বলছিলেন, ‘টিউশনির টাকা দিয়েই নিজে পড়ালেখা শেষ করেছি। তিনজনকে পড়াতাম। ঈদে বাবা-মাকেও ছোটখাটো উপহার দিতাম। এ কাজে শুধু যে আর্থিক সাহায্য হয়েছে, তা না। অনেক সম্মানও পেয়েছি।’ শুধু মাশরুর হোসেনই নন, আজকের দিনে প্রতিষ্ঠিত অনেকেই একসময় টিউশনির উপার্জনে পড়ালেখা করেছেন।নিজের পড়ার চাপ, তার ওপর আরেকজনের পড়ার বোঝা মাথায় নেওয়া, একটু কি কষ্টকর হয়ে যায়? অধিকাংশ গৃহশিক্ষকের মতে, রুটিনটা ঠিকমতো করে নিতে পারলে সমস্যা হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুনাব্বির অবশ্য তাঁর গোপন তথ্যটা ফাঁস করে দিলেন, ‘সারা দিন ক্লাস। রাস্তায় জ্যাম ঠেলে বাসায় ফিরে সত্যিই খুব ক্লান্তি লাগে। মাঝে মাঝে ছাত্র যদি ফোন করে বলে, “স্যার, আজকে পড়ব না,” ভাব দেখাই খুবই রাগ করলাম। মনে মনে কী যে ভালো লাগে! হা হা হা! পরে অবশ্য বেশি সময় ধরে পড়িয়ে দিই।’সৃজনশীল পদ্ধতির মাধ্যমে একজন শিক্ষার্থীকে স্বনির্ভরশীল করে তোলার প্রাণপণ চেষ্টা করছে সরকার। স্কুল-কলেজের শিক্ষকদেরও বলা হচ্ছে, ক্লাসেই যেন ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় পড়াটা বুঝে নিতে পারে। সেখানে একজন গৃহশিক্ষকের ভূমিকা কী হতে পারে? বুয়েটের ছাত্র আবির বললেন, ‘অন্যদের কথা জানি না। স্কুলে পড়ার সময় আমি বুয়েটের এক ভাইয়ার কাছে পড়তাম। তিনি আমার পড়ালেখার ধারাটাই বদলে দিয়েছেন। এত মজা করে পড়াতেন! আর অনেক গল্প করতেন। কখনো মুখস্ত করতে দিতেন না। তাঁর কাছ থেকে অনুপ্রাণিত হয়েই আজকে আমি বুয়েটে পড়ছি। এখন আমিও টিউশনি করি। চেষ্টা করি সেই ভাইয়ার মতো করে পড়াতে। আমি মনে করি, স্কুল-কলেজের শিক্ষকদের চেয়েও একজন গৃহশিক্ষকের দায়িত্বটা অনেক বড়। সপ্তাহে তিন-চার দিন একটা ছাত্রের মুখোমুখি এক-দেড় ঘণ্টা বসে থেকে তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া যায়।’