
ফটিকছড়ি উপজেলার ৩৮ কিলোমিটারের গহিরা-হেঁয়াকো সড়কে বেইলি সেতু রয়েছে সাতটি। এর মধ্যে চারটিই জরাজীর্ণ হয়ে পড়েছে। এসব সেতু এখন যাত্রীদের ‘পথের কাঁটা’।
গত জুন থেকে নভেম্বর মাসের মধ্যে জরাজীর্ণ মির্জারহাট, গজারিয়া, নারায়ণহাট বাজার ও নেপচুন চা-বাগান এলাকার বেইলি সেতুতে পাটাতন-পন্টুন ভেঙে কয়েকবার বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ। এ সময় দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ ছাড়া নয়াহাট, তকিরহাট ও লেলাংনাথ পাড়া এলাকার সেতু তিনটিও নড়বড়ে হয়ে পড়েছে। সড়কটি দিয়ে রাউজানের গহিরা, উত্তর ও দক্ষিণ ফটিকছড়ি এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি, রামগড় ও মিরসরাই উপজেলার লোকজন যাতায়াত করেন। চলাচল করে ট্রাক-বাসসহ সব ধরনের যানবাহন।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা বলেন, সবকটি বেইলি সেতু মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এসব সেতু মেরামত করে যোগাযোগব্যবস্থা সচল রাখতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের।
সরেজমিনে দেখা গেছে, সড়কের গজারিয়া খালের ওপরের সেতুতে পাটাতন ভেঙে হঁা হয়ে আছে। সেতুতে ওঠার স্থানটিও ঝুঁকিপূর্ণ। নেপচুন চা-বাগান, মির্জারহাট ও নারায়ণহাট বাজার এলাকার বেইলি সেতুরও একই অবস্থা। নড়বড়ে সেতুগুলো গাড়ি উঠলেই দুলতে থাকে।
সওজের কর্মীরা বলেন, প্রায় সময় সেতুর নাটবল্টু খুলে পড়ে। এ ছাড়া পাটাতনও ভেঙে যাচ্ছে। ভাঙা পাটাতন ঝালাই করে ঠিক রাখার চেষ্টা করা হয়। কিন্তু অতিরিক্ত মালবোঝাই ট্রাক চলাচলের কারণে পাটাতনের ঝালাই বেশি দিন টিকছে না।
সড়কের বাসচালক মো. আবুল মুনসুর বলেন, ‘সেতুগুলো যেভাবে নড়বড়ে হয়ে গেছে, তাতে গাড়ি চলাচলের সময় উদ্বিগ্ন থাকি কখন আবার সেতুর পাটাতন ভেঙে পড়ে।’
সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী উপজেলার হালদাভ্যালী চা-বাগানের ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সেতু পার হওয়ার সময় ভয়ে ভয়ে থাকি। সেতুগুলোর এখন যে অবস্থা তাতে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।’
সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, সড়কের গজারিয়া খালের ওপর থাকা বেইলি সেতুর ওপর দিয়ে গত ২২ নভেম্বর ধানভর্তি ট্রাক অতিক্রম করার সময় সেতুর কয়েকটি পাটাতন খুলে পড়ে। পরে সেতুটি মেরামত করা হলেও সপ্তাহ খানেক পর গাছভর্তি আরেকটি ট্রাক যাওয়ার সময় আবার ভেঙে যায়। তখন মেরামত করে চার দিন পর সেতুটি পুনরায় চলাচলের উপযোগী করা হয়। এদিকে ১৮ সেপ্টেম্বর হঠাৎ করে নারায়ণহাট নেপচুন চা-বাগান সেতুর দুটি পাটাতন খুলে পড়ে যায়। ওই দিন তিন ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ ছিল।
তবে ভোগান্তি বেশি পোহাতে হচ্ছে মির্জারহাট সেতুটির কারণে। এটি জুন ও অক্টোবর মাসে তিনবার ক্ষতিগ্রস্ত হয়। গত ২১ অক্টোবর পণ্যবাহী একটি ট্রাক সেতু পার হওয়ার সময় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। এর আগে জুনের প্রথম দিকে পাটাতন খুলে পড়ার কারণে সেতু ধসে পড়ে চার দিন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এ ছাড়া সেতুটির ওপর দিয়ে ২৫ জুন রাতে অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাক পার হওয়ার সময় সেটি একপাশে হেলে পড়ে। এ সময় সেতুর কয়েকটি পন্টুন বাঁকা হয়ে যায়। শেষ পর্যন্ত ট্রাকটি কোনো রকমে সেতু পার হতে পারলেও পরে তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। সওজ বিভাগ চার দিন চেষ্টার পর সেতু মেরামত করে যান চলাচলের ব্যবস্থা করে। সেতুটি যেকোনো মুহূর্তে অচল হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সওজের কর্মকর্তারা।
সওজ ফটিকছড়ি কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী শামশুল আরেফিন বলেন, ‘সবগুলো বেইলি সেতু মেয়াদোত্তীর্ণ। এসব সেতুর বড় সমস্যা হচ্ছে, এগুলোর কোনো যন্ত্রাংশ পাওয়া যায় না। তাই ক্ষতিগ্রস্ত সেতু ঠিক করতে আমরা হিমশিম খাচ্ছি। তবে এখন মেরামতের বরাদ্দও নেই। বরাদ্দ পেলে ভালোভাবে মেরামতের কাজ করা হবে।’
সওজ চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলম বলেন, ‘ভারী যান চলাচলের কারণে বেইলি সেতুগুলোর অবস্থা নাজুক হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে নিষেধ করা হলেও কেউই তা শুনছে না।’