'পরনের কাপড় পাল্টাব, সেই উপায়ও ছেল না'

‘টানা ১২ দিন এক কাপড়ে থাকিছি। বিটা লোক আর মেয়েলোক সব এক ঘরে। গোসল করতি পারিনি অনেক দিন। পরনের কাপড় পাল্টাব, সেই উপায়ও ছেল না।’ কথাগুলো বলছিলেন নাসিমা খাতুন (২৭)। ২০০৯ সালের মে মাসে ঘূর্ণিঝড় আইলায় ঘরবাড়ি হারিয়ে নাসিমা আশ্রয় নেন আশ্রয়কেন্দ্রে। তিনি সাতক্ষীরার সুন্দরবনসংলগ্ন বিচ্ছিন্ন দ্বীপ গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামের আমিরুল ইসলাম সরদারের স্ত্রী। আইলায় নিজের একটি কন্যাসন্তান ও পরিবারের আরও চার সদস্যকে হারান তিনি। ৫ জুলাই নাসিমার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়।
নাসিমা জানান, গোসলের পর শাড়ির এক মাথা রোদে মেলে দিয়ে শুকিয়ে নেওয়ার পর তা দিয়ে শরীর ঢেকে অন্য অংশ শুকাতে হতো। পা ফেলা দূরত্বে কয়েক শ পুরুষ মানুষের উপস্থিতি তাঁর মতো সেখানে উপস্থিত সব নারীকে বিড়ম্বনায় ফেলত। কিন্তু উপায়ান্তর না থাকায় তাঁরা নিজেরাই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতেন।
গোসলের বিষয়টি কোনোভাবে সারানো গেলেও প্রাকৃতিক কাজ সম্পন্নের বিষয়টি আরও বেশি লজ্জায় ফেলত নারীদের। নাসিমা বলেন, ‘আমরা কয়েকজন মেয়েলোক চারিদিকে কাপড় দিয়ে বেড়া তৈরি করে আরেকজনকে সাহায্য করতাম।’
নাসিমা যে আশ্রয়কেন্দ্রে ছিলেন, তাতে মাত্র তিনটি শৌচাগার ছিল। চার শতাধিক নারী-পুরুষ ও শিশু আশ্রয় নেওয়ায় প্রাকৃতিক কাজ সারতে ভীষণ সমস্যায় পড়তে হতো। অগত্যা আরও অনেকের মতো নাসিমাকেও কাপড়ের বেড়ার আড়ালে রাস্তার ওপরেই প্রাকৃতিক কাজ সারতে হয়েছে। সবার সামনে দিনের আলোয় প্রাকৃতিক কাজ যাতে সারতে না হয়, সে জন্য অনেক সময় না খেয়ে থেকেছেন নাসিমাসহ আরও অনেক নারী।
নাসিমা বলেন, ‘দেড় মাস ছেলাম আশ্রয়কেন্দ্রে। কিন্তু এক দিনও শান্তি পাইনি।’
নাসিমা জানান, নারী-পুরুষ একসঙ্গে থাকার কারণে অনেক নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত হতে হয়েছে। হতে হয়েছে যৌন নিপীড়নের শিকার। এ ধরনের ঘটনা এড়াতে প্রাকৃতিক দুর্যোগের পর উপকূলীয় এলাকার প্রতিটি গ্রামে একাধিক আশ্রয়কেন্দ্র গড়ে তোলার পাশাপাশি নারী ও পুরুষদের আলাদা থাকার ব্যবস্থা করারও পরামর্শ দেন নাসিমা। পরনের কাপড় পালটানো ও প্রাকৃতিক কাজ সারার জন্য আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সুযোগ–সুবিধা রাখা উচিত বলে মনে করেন তিনি।