'পরিচ্ছন্নতার জন্য বিদেশি সাহায্য লাগে না'
জরিমানা, জনসমক্ষে অপমান কিংবা নাগরিকদের সক্রিয়তা-প্রত্যেক নগরেরই পরিচ্ছন্নতার নিজস্ব মন্ত্র আছে। আর পরিচ্ছন্ন নগরের সংজ্ঞা নিয়েও আছে নানা মতভেদ। কিন্তু স্থানীয় লোকজনের উদ্যোগ এবং কঠোর আইনই কি নগরের পরিচ্ছন্নতায় সাফল্যের চাবিকাঠি? রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে যেমন রাজধানী কিগালির পরিচ্ছন্নতা নিয়ে বলেন, ‘উঠোন পরিচ্ছন্ন রাখতে বিদেশি সাহায্য লাগে না।’ দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ সম্পর্কে জানিয়েছে।

নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান মার্সার প্রকাশিত এক প্রতিবেদনে ২০১৪ সালে পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন নগরের তালিকায় ১ম স্থানে রয়েছে কানাডার তেল রাজধানী খ্যাত ক্যালগেরি। এ তালিকায় এর পরেই রয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, যুক্তরাষ্ট্রের হনুলুলু ও মিনিয়াপোলিস এবং জাপানের কোবে নগরের নাম।
সুইজারল্যান্ডের একটা নগরও এই তালিকায় দশের মধ্যে নেই দেখে ইউরোপ ভ্রমণকারীরা হতাশ হতে পারেন। কিন্তু জীবনমানের বিবেচনায় মার্সারের আরেকটি তালিকায় ২য় স্থানেই আছে শান্ত-স্নিগ্ধ জুরিখের নাম। আবার জীবনমান বিবেচনার তালিকায় ক্যালগেরি ৩৩তম অবস্থানে থাকলেও পরিচ্ছন্নতার তালিকার কোথাও কিন্তু জুরিখের নাম নেই।
মার্সারের পরিচ্ছন্ন নগরের তালিকা তৈরির ক্ষেত্রে জরিপ চালানো হয়েছে পাঁচটি স্বাস্থ্য বিষয়ক উপাত্তের ভিত্তিতে। প্রথমত পানীয় জলের প্রাপ্যতা ও মান, বর্জ্য অপসারণ, পয়োনিষ্কাশন ব্যবস্থা, বায়ু দূষণের মাত্রা এবং যানবাহনের ভিড় বা ট্রাফিক জ্যামের পরিমাণ। মজার বিষয় হলো, এই জরিপে কোথাও যত্রতত্র বর্জ্য ফেলে রাখার বিষয়টিকে আমলে নেওয়া হয়নি।
অবশ্য, এটা নিশ্চিত যে, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে রাখার বিষয়টি বিবেচনায় নিলেও ক্যালগেরির অবস্থানের নড়চড় হওয়ার কারণ নেই। কেননা, সিগারেটের ফিল্টার কিংবা গাড়ির জানালা দিয়ে ময়লা ফেলার জন্য ১ হাজার ডলার জরিমানার বিধান থাকায় ক্যালগেরিতে এসব ভাবাও যায় না। কিন্তু মার্সারের তালিকায় বিবেচনায় নেওয়া হয়েছে ক্যালগেরির সবুজায়নের কর্মসূচি এবং আলাবার্টা রাজ্যের বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচিকে। পরিচ্ছন্নতার জন্য কঠোর নাগরিক আইনের কথা উঠলে আমরা অবশ্যই সিঙ্গাপুরের দিকে নজর ফেরাতে পারি। রাস্তায় চুইংগাম ফেলার জন্য ১০০ ডলার, পাবলিক টয়লেট ব্যবহার করে ফ্লাশ না করলে ১০০ ডলার কিংবা লিফটে প্রস্রাব করলে ৫০০ ডলার জরিমানার বিধান বিশ্বজুড়ে আলোচিত বিষয়।

রুয়ান্ডার রাজধানী কিগালির গল্প কিন্তু একেবারেই আলাদা। কোনো জরিমানার বিধান বা কঠোর নাগরিক আইনের হুমকি ছাড়াই কিগালির রাস্তাঘাট ঝকঝকে-তকতকে থাকে। সেখানে যত্রতত্র ময়লা-আবর্জনাও পড়ে থাকে দেখা যায় না। নিউইয়র্ক ভিত্তিক মার্সারের কোনো তালিকাতেই কিগালির নাম না থাকলেও পরিষ্কার-পরিচ্ছন্ন আধুনিক কিগালি চমৎকার এক নগর। গাছ-পালায় আচ্ছাদিত ঢাল বেয়ে গড়ে ওঠা কংক্রিটের এই শহরে পরিচ্ছন্নতার ধরনটাই আলাদা।
রুয়ান্ডার উমুগান্ডা
কিগালির পরিচ্ছন্নতার মূলমন্ত্রের সঙ্গে জড়িয়ে আছে ওই রুয়ান্ডার ‘উমুগান্ডা’ নীতি। শব্দটির অর্থের সঙ্গে ‘সম্প্রদায়’, ‘পরিশোধ’ সহ অনেকগুলো ধারণা জড়িয়ে আছে। রুয়ান্ডা আফ্রিকায় বেলজিয়ামের সাম্রাজ্যের উপনিবেশ হওয়ার আগে থেকেই এই ‘উমুগান্ডা’ নীতি সেখানে কার্যকর ছিল। ১৯ শতকেও রুয়ান্ডার নাগরিকদের সপ্তাহে দুই দিন স্থানীয় নেতার অধীনে সম্প্রদায়ের জন্য কাজ করতে হতো। বেলজিয়ামের উপনিবেশ থাকার সময়েও নাগরিক দায়িত্ববোধ বাড়ানোর কাজে উমুগান্ডার নীতিকে উৎসাহিত করা হয়।
১৯৪৪ সালে রুয়ান্ডা গণহত্যার আগের বছরগুলোতেও প্রেসিডেন্ট জুভেনাইল হাবিয়ারিমানা উমুগান্ডা নীতিকে রুয়ান্ডার মানুষদের সত্যিকার আত্মপরিচয়ের অংশ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। রাষ্ট্রীয় উদ্যোগে স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট, বাঁধ এবং পয়োনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে উমুগান্ডা নীতির অধীনেই বাধ্যতামূলক শ্রম দেন রুয়ান্ডার মানুষেরা। অবশ্য, দুঃখজনক হলেও সত্যি যে, হাবিয়ারিমানার আমলেই হুতু জাতিসত্তার মানুষদের ওপরও এই উমুগান্ডা চাপিয়ে দেওয়া হয় এবং এটা জাতিগত শুদ্ধতার প্রশ্নের সঙ্গে জড়িয়ে যায়।

২০০০ সালে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট পল কাগামে যুদ্ধ বিধ্বস্ত রাজধানী কিগালিকে পুনরায় গড়ে তুলতে এবং জাতীয় আত্মপরিচয় প্রতিষ্ঠায় আবারও উমুগান্ডা নীতিকে সামনে নিয়ে আসেন। এখন কিগালির পরিচ্ছন্নতায় প্রতি মাসের শেষ শনিবার সকালে এয়ারপোর্টগামী ট্যাক্সি থেকে শুরু করে পুরো নগরের সব যানবাহন তিন ঘণ্টার জন্য থেমে থাকে। এই সময়টায় পুরো নগরজুড়ে চলে পরিচ্ছন্নতার অভিযান। এই দিনটিকে বলা হয় ‘উমুনসি উমুগান্ডা’, যার অর্থ অনেকটা ‘সম্প্রদায়গত অবদান’। শারীরিকভাবে সক্ষম ১৮ থেকে ৬৫ বছর বয়সী সব নারী-পুরুষকে এদিন এই পরিচ্ছন্নতা অভিযানে নামতে হয়।
এই নগরের বাসিন্দারা এই ভেবে গর্ব করেন যে,‘লন্ডন কিংবা নিউইয়র্কের চেয়েও পরিচ্ছন্ন কিগালি।’ প্রতি মাসের শেষ শনিবারের ‘উমুনসি উমুগান্ডা’ ছাড়াও সারা বছরজুড়ে নগরের পরিচ্ছন্নতায় যুক্ত থাকে বিপুলসংখ্যক নারী। মূলত তাঁদের সস্তা শ্রম পরিচ্ছন্ন কিগালির একটা বড় শক্তি। এই নারী শ্রমিকেরা নিজেদের এই কাজকে দেশপ্রেমের অংশ বলে মনে করেন। পরিচ্ছন্নতার কাজে যুক্ত এমন একটি সমিতির এক নারী বলেন,‘বিদেশিরা যখন আমাদের নগরের পরিচ্ছন্নতা দেখে অবাক হয়ে দেশে গিয়ে গল্প করে সেটাই আমাদের অনুপ্রেরণা দেয়।’
কিগালির মেয়র এনদাইসাবা ফিদেলে এখন প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে পড়ানোর উদ্যোগ নিয়েছেন। আর এ বিষয়ে রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের কথা হলো—‘কিগালির উঠোন পরিচ্ছন্ন রাখতে বিদেশি সাহায্য প্রয়োজন নেই।’