'পরিবেশের অস্কার' এখন বান্দরবানে

পাহাড়ের বাসিন্দাদের অংশগ্রহণে বন সংরক্ষণের উদ্যোগ নেওয়ার পরিবেশের অস্কার হিসেবে খ্যাত ‘এনার্জি গ্লোব পুরস্কার’ জিতেছিল বান্দরবানের বেসরকারি সংস্থা তাজিংডং। খবরটি পুরোনো, তবে নতুন খবর হলো মর্যাদাসম্পন্ন এই পুরস্কারের ট্রফি এখন শোভা পাচ্ছে তাজিংডংয়ের বান্দরবানের উজানিপাড়া কার্যালয়ে।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ১৭ মার্চ তাজিংডংয়ের নির্বাহী পরিচালক অংশৈসিং মারমার হাতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেন এনার্জি গ্লোব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উলফগ্যাং নয়ম্যান। ১০ কেজি ওজনের ধাতুর তৈরি ট্রফিটি দেখার জন্য তাজিংডংয়ের উজানিপাড়া কার্যালয়ে ভিড় করছেন লোকজন।
তাজিংডংয়ের এই অর্জন নিয়ে উচ্ছ্বসিত এলাকার বাসিন্দারাও। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আগামীকাল শুক্রবার রাঙামাটিতে তাজিংডংয়ের কর্মকর্তা-কর্মচারীদের সংবর্ধনা দেবে বলে জানা গেছে।
তাজিংডংয়ের নির্বাহী পরিচালক অংশৈসিং মারমা ১৯ মার্চ পুরস্কার নিয়ে বান্দরবান পৌঁছানোর পর সংস্থার কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা উচ্ছ্বসিত হয়ে পড়েন। অংশৈসিং মারমা বলেন, পরুবেশ রক্ষায় তাজিংডংয়ের কর্মীরা যে কাজ করেছেন, তাতে সহযোগিতা করেছে আরণ্যক ফাউন্ডেশন। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনে অনুকূল সরকারি আইনকানুন রয়েছে। এ জন্য এ পুরস্কার শুধু তাজিংডং ও আরণ্যক ফাউন্ডেশনের নয়, এটি বাংলাদেশেরই অর্জন।
তাজিংডংয়ের কর্মকর্তা উচনু মারমা বলেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এনার্জি গ্লোব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উলফগ্যাং নয়ম্যান পুরস্কারটি ১৭ মার্চ অংশৈসিং মারমার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে তাজিংডংয়ের ‘সামজিক অংশগ্রহণে গ্রামীণ সাধারণ বন সংরক্ষণ’ সম্পর্কে ভিডিওচিত্রে দেখানো হয়। তাজিংডং বান্দরবান পার্বত্য জেলায় সাধারণ মানুষের অংশগ্রহণে একদিকে পাহাড়িদের বিলুপ্তপ্রায় বনাঞ্চল ও পরিবেশ সংরক্ষণের ঐতিহ্য পুনরুজ্জীবিত করেছে। অপর দিকে প্রাকৃতিক বনভূমি রক্ষা করে প্রাণ ও উদ্ভিদ বৈচিত্র্যকে সংরক্ষণ করেছে। বন সংরক্ষণের এই প্রকল্পে জন্য নয়টি পাহাড়ি জাতিগোষ্ঠীর প্রায় এক হাজার মানুষের অংশগ্রহণ রয়েছে বলে তাঁরা জানিয়েছেন।
অংশৈসিং মারমা বলেন, ২০১৬ সালে এনার্জি গ্লোব পুরস্কারের জন্য ১৭৮টি দেশ থেকে ২ হাজার প্রকল্পের মধ্যে প্রতিযোগিতা করে আর্থ ক্যাটাগরিতে তাজিংডং বিজয়ী হয়েছে। এনার্জি গ্লোব ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশ সংরক্ষণে অবদান রাখার জন্য ৬টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়। ২০১৬ সালের পুরস্কারটি গত ৯ নভেম্বর মরক্কোর মারাকাসে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ঘোষণা করা হয়।