যুক্তরাষ্ট্রের জলবায়ুবিষয়ক উপবিশেষ দূত ইঙ্গিত দিয়েছেন, তাঁর দেশ জাতিসংঘের কর্মকৌশল ইউএনএফসিসিসির বাইরে গিয়ে অন্য বড় অর্থনীতির দেশগুলোর সঙ্গে নতুন একটি চুক্তি করতে পারে। এ ব্যাপারে ভারতের অবস্থান ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তাদের পরিকল্পনা জানতে টাইম সাময়িকী কথা বলেছে দেশটির পরিবেশমন্ত্রী ও জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত প্রধান আলোচক জয়রাম রমেশের সঙ্গে।টাইম: যুক্তরাষ্ট্র যদি ইউএনএফসিসিসির বাইরে গিয়ে জলবায়ু নিয়ে নতুন চুক্তি স্বাক্ষরের চেষ্টা করে, তবে ভারতের অবস্থান কী হবে?জয়রাম রমেশ: আমি জানি, ইউএনএফসিসিসির প্রচুর ব্যর্থতা রয়েছে। কিন্তু এটাও মানতে হবে, এটাই আমাদের কাছে একমাত্র বহুপক্ষীয় চুক্তি। এটা মোটামুটিভাবে একমাত্র আইনগত বাধ্যবাধকতাসম্পন্ন চুক্তিও। ইউএনএফসিসিসি যাতে ভেস্তে না যায়, সে জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। কিন্তু অন্য কিছু ক্ষেত্রে আমরা (বাইরে) চুক্তি করতেই পারি। যেমন বনায়ন নিয়ে একটি আন্তর্জাতিক চুক্তি হতে পারে।টাইম: ভারত সম্প্রতি জলবায়ু নিয়ে নতুন পরিকল্পনা ঘোষণা করেছে, যাতে নবায়নযোগ্য জ্বালানিকে প্রধান উপাদান হিসেবে ধরা হয়েছে। ভারতের মতো দেশে নিম্ন কার্বন অর্থনীতি চালু করা কতটা বাস্তবানুগ, যেখানে কয়লাভিত্তিক জ্বালানির ওপর নির্ভরশীলতা খুব বেশি আর নতুন প্রযুক্তিতে যাওয়াও ব্যয়বহুল? জয়রাম রমেশ: আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে ২০২০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ২০০৫ সালের পর্যায়ের ২০ থেকে ২৫ শতাংশ কমিয়ে আনা হবে। আমি শতভাগ নিশ্চিত যে আমরা এই লক্ষ্যমাত্রা আরও উন্নত করতে পারব। কিন্তু আমরা ইউরোপের দেশগুলোর মতো অত বড় হ্রাস করতে পারব না। এর প্রথম কারণ হচ্ছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি সমস্যার জন্য আমরা দায়ী নই। এবং দ্বিতীয় কারণ হলো, আমরা এখনো উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে আছি। উদাহরণ হিসেবে বলা যায়, এখনো দেশের ৩০ থেকে ৪০ কোটি মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছাতে হবে আমাদের। টাইম: ভারত বর্তমানে গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী তৃতীয় বৃহত্তম দেশ। আপনাকে কি এটা উদ্বিগ্ন করে যে ভারত একসময় যুক্তরাষ্ট্র ও চীনকে টপকে বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশে পরিণত হবে?জয়রাম রমেশ: নিঃসরণে চীনকে টপকানোর কোনো আশঙ্কা নেই ভারতের। চীন বৈশ্বিক গ্রিনহাউস গ্যাসের ২৩ শতাংশ নিঃসরণ করে প্রথম স্থানে আছে। যুক্তরাষ্ট্র এখন নিঃসরণ করে ২০ থেকে ২১ শতাংশ। ভারত করে মাত্র প্রায় পাঁচ শতাংশ। কাজেই আমরা তাদের সারিতে নই। টাইম: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভারত কি বৃহত্তর আঞ্চলিক সহযোগিতায় আগ্রহী?জয়রাম রমেশ: জলবায়ু বিষয়ে সহযোগিতাকে আমি প্রতিবেশীদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর কৌশল হিসেবে দেখি। হিমবাহ নিয়ে চীন, নেপাল, ভুটান ও পাকিস্তানের সঙ্গে আঞ্চলিক কর্মসূচি তৈরির চেষ্টা করছি আমরা। মালদ্বীপে সার্ক কোস্টাল জোন ম্যানেজমেন্ট সেন্টার ও থিম্পুতে সার্ক ফরেস্ট্রি সেন্টার তৈরির জন্য ভারত ২০ লাখ মার্কিন ডলার দিয়েছে। এ ছাড়া আমরা এ বছরের এপ্রিলে পরিবেশবিষয়ক সার্ক কনভেনশনে স্বাক্ষর করেছি। সুন্দরবনের বাস্তুসংস্থান নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি যৌথ ফোরাম গঠন করেছি আমরা।টাইম: পরিবেশ রক্ষার উদ্যোগ ও বড় ধরনের উন্নয়ন প্রকল্প, এ দুইয়ের ভারসাম্য কীভাবে রক্ষা করেন আপনারা?জয়রাম রমেশ: অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা আমাদের অপরিহার্য অগ্রাধিকার। কোনো সন্দেহ নেই যে আমাদের বছরে আট/নয় শতাংশ করে প্রবৃদ্ধি হতে হবে। কিন্তু অনেক বছর আগেই আমাদের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যেমনটা বলেছিলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে হবে; তবে তা কোনোভাবেই পরিবেশ, প্রকৃতি, আমাদের বন, পাহাড় ও ভূমি নষ্ট করার বিনিময়ে নয়। তাই আমাদের পরিবেশ ও উন্নয়নের মধ্যে সমন্বয়ের উপায় খুঁজে বের করতে হবে। এ পর্যন্ত আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধির আর্থিক দিকটির ওপর গুরুত্ব দিয়ে এসেছি। এখন থেকে প্রবৃদ্ধির পরিবেশগত প্রভাবের ওপর নজর দিতে হবে।টাইম: এই যদি অবস্থা হয়, তবে ভারত ই-বর্জ্য সমস্যা মোকাবিলা করছে কীভাবে? জাতিসংঘের একটি নতুন প্রতিবেদন অনুযায়ী, আগামী ১০ বছরে শুধু ভারতেই কম্পিউটার বর্জ্য ৫০০ শতাংশ বাড়বে। জয়রাম রমেশ: ই-বর্জ্যের ব্যাপারে আমরা কিছু নতুন আইন জারি করেছি। আমাদের ই-বর্জ্য আইন বর্তমানে অনেক কঠিন এবং এ বিষয়ে বিশ্বের সেরা আইনগুলোর সমতূল্য। আমি একমত যে ই-বর্জ্য বা অন্য সব ঝুঁকিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনায় সাধারণভাবে আমাদের অবকাঠামো অপর্যাপ্ত। শুধু ই-বর্জ্য নয়, রাসায়নিক বর্জ্যের ব্যাপারে বিশ্বব্যাংকের সঙ্গে আমরা নয় কোটি মার্কিন ডলারের চুক্তি সই করেছি। উত্তরাধিকার সূত্রে আমরা ১৪০টি স্থান পেয়েছি, যা দূষণমুক্ত করা উচিত। প্রথমে আমরা ১০টি স্থান নিয়ে কাজ শুরু করব। কিন্তু আমাদের এটা সম্প্রসারিত করতে হবে। নির্দিষ্ট করে ই-বর্জ্যের জন্য আমরা দুটি নতুন সমন্বিত স্থাপনা চালু করেছি। তবে আমি স্বীকার করি যে আমরা এসব ব্যাপারে অতীতে মনোযোগী হইনি। টাইম: ভারতের আন্তনদী প্রকল্প নিয়েও দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। (বন্যাকবলিত ও খরাপ্রবণ এলাকায় পানির সমবণ্টন নিশ্চিত করতে উত্তর ভারতে হিমালয়ের ১৪ নদী ও দক্ষিণ ভারতীয় উপদ্বীপের ১৬ নদীকে যুক্ত করার পরিকল্পনা)। আপনি যখন ২০০৯ সালে দায়িত্ব গ্রহণ করেন, তখন এ প্রকল্পকে পরিবেশগত বিপর্যয় বলে উল্লেখ করেছিলেন। জয়রাম রমেশ: প্রকৃতির ওপর হস্তক্ষেপ করে এমন বড় মাপের নদী সংযোগ প্রকল্প নিয়ে আমার ব্যাপক উদ্বেগ রয়েছে। এ ধরনের প্রকল্পের বিরাট পরিবেশগত ও মানবিক প্রভাব রয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমি প্রযুক্তি দিয়ে যাবতীয় মুশকিল আসানের ব্যাপারে সন্দীহান হয়ে উঠেছি। এটি মূলত মানবিক ও সামাজিক ইস্যু। পুরো আন্তনদী সংযোগ ব্যবস্থা একটি প্রকৌশলগত অলীক কল্পনা, যাতে মানবিক ও সামাজিক বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়নি। টাইম: গত কয়েক মাসে আপনার মন্ত্রণালয় পিওএসসিওর স্টিল কারখানার কাজ স্থগিত করা ও নিজামগিরি হিলে বক্সাইট খননের ব্যাপারে বেদান্তের ছাড়পত্র বাতিলের মতো বিভিন্ন উদ্যোগ নিয়ে আইন অমান্যকারী প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।জয়রাম রমেশ: আমরা অন্ধ হয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির পেছনে ছুটতে পারি না। আমাদের অবশ্যই এমন অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে হবে, যা মানুষের ব্যাপারে সচেতন থাকবে। জমি অধিগ্রহণ ও পরিবেশের ব্যাপারে অনেক চিন্তাভাবনার বিষয় আছে। পরিবেশ আজ ভারতে একটি গুরত্বিপূর্ণ জনস্বাস্থ্য ইস্যুতে পরিণত হয়েছে এবং এটা আর মধ্যবিত্তের অবসরের আড্ডার বিষয় নয়। আমাদের মানুষের কথা শুনতে হবে। ভারতের বেসরকারি খাতের জন্য আমার চেয়ে বড় পৃষ্ঠপোষক আর নেই। অনেক আগে থেকেই আমি বেসরকারিকরণের পক্ষে কথা বলে আসছি। যাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এমন অনেক ব্যক্তিই আমার বন্ধু। কিন্তু এখানে বন্ধুত্বের কোনো অবকাশ নেই। আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে। আমার কাজ আইন প্রয়োগ করা। টাইম: সমালোচকদের কেউ কেউ বলছেন যে ভারতের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার বিষয়টি ভারসাম্যহীন ও ধীরগতির হয়ে পড়েছে। জয়রাম রমেশ: একটি বিশেষজ্ঞ কমিটি পুরো বিষয়টি বাস্তবায়নের জন্য কাজ করছে। আশা করছি, ডিসেম্বরে এ সংক্রান্ত প্রতিবেদন পাব। বনের ওপর ব্যক্তি পর্যায়ে অধিকার প্রতিষ্ঠায় বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ পর্যন্ত বনের ওপর সামাজিক অধিকারের বাস্তবায়ন খুবই সীমিত। পুরো দেশে বনের ওপর সামাজিক অধিকারের স্বীকৃতি না দেওয়ার বিষয়টি এই আইনের অন্যতম দুর্বল দিক। এ বিষয়ে আমাদের কাজ করা প্রয়োজন। টাইম: ভারতের জন্য একটি পরিবেশবান্ধব সবুজ পথ গড়া কি চ্যালেঞ্জিং না হতাশাব্যঞ্জক?জয়রাম রমেশ: আমি এটাকে হতাশাব্যঞ্জক বলব না। বরং বলব চ্যালেঞ্জিং। এমনকি হয়তো ধন্যবাদও মিলবে না। কিন্তু হতাশাব্যঞ্জক নয়। আমি হয়তো একটা সিদ্ধান্ত নিলাম, যাতে পরিবেশবাদীরা খুব খুশি কিন্তু প্রবৃদ্ধির পক্ষের লোকজন নারাজ হলো। আবার পরে আমি আরেকটি সিদ্ধান্ত নিলে প্রবৃদ্ধিওয়ালারা খুশি হয় কিন্তু পরিবেশবাদীরা হয় নারাজ। আমি সবাইকে খুশি করতে পারব না।ভাষান্তর: মাহবুব আলম