
তানজিনা আক্তার
প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী, শ্রীপুর, গাজীপুর
প্রাথমিক সমাপনী পরীক্ষার আড়াই মাস আগে বিয়ে হয়ে ১৩ বছর বয়সী তানজিনা আক্তারের। কথা ছিল, বিয়ের পর স্বামী পড়াশোনা করাবেন। কিন্তু কথা রাখেননি। বিয়ের পর একরকম বন্দী জীবন কাটাতে বাধ্য হয় কিশোরী তানজিনা। কিন্তু নিজের তীব্র ইচ্ছা ও মা-বাবার চেষ্টায় অবশেষে সম্প্রতি প্রাথমিক সমাপনী পরীক্ষা দেয় গাজীপুরের শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের তানজিনা আক্তার
এত অল্প বয়সে বিয়ে করলে কেন?
আমি বিয়ে করতে চাইনি। আমার ইচ্ছা ছিল পড়াশোনা করার। আমাদের পরিবারের অবস্থা খারাপ, বাবা অসুস্থ, মা আর ভাই মিলে কোনো রকমে সংসার চালান। তাই আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশী মিলে জোর করে বিয়ে দেয় আমাকে। বিয়ের দিনও আমি অনেক কান্নাকাটি করেছি। কেউ আমার কথা শোনেনি। তখন স্বামীও বলছে, সে আমাকে পড়াশোনা করাবে।
বিয়ের পরে কি পড়াশোনা শুরু করেছিলে?
না, শুরু করতে পারিনি। আমার স্বামী কথা দিয়েছিল বিয়ের পর পড়াশোনা করাবে। কিন্তু সে কথা রাখেনি। আমি স্কুলে যেতে চাইলে বাধা দিত। গালি দিত। পরে সবকিছু আমি আমার মাকে জানাই। একসময় আমি প্রাথমিক সমাপনী পরীক্ষা দেওয়ার জন্য কান্নাকাটি করি। তখন মা যান শ্রীপুর থানায়। পুলিশ আসে। পরীক্ষার ঠিক আগের দিন শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে আমাদের বাড়িতে নিয়ে যান তাঁরা। পরের দিন থেকে আমি পরীক্ষা দিতে শুরু করি। আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে। আমি এখন অনেক খুশি।
বড় হয়ে কী হতে চাও?
আমার খুব ইচ্ছা বড় হয়ে শিক্ষক হব। আমার মতো যাদের পড়াশোনার প্রতি আগ্রহ আছে, তাদের নিজ দায়িত্বে পড়াশোনা করাব।
সাক্ষাৎকার: মো. রুবেল