‘পর্বত ওকে কাবু করতে পারবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্বতের ‘গ্যালি’ থেকে ভিজে পাথরের পিচ্ছিল দেয়াল বেয়ে হাঁচড়ে-পিচড়ে ওপরে উঠে তো আমার চক্ষু চড়কগাছ। দেখি, দেয়ালের পিছে বিশাল লাল পিরামিডের মতো ‘পুমোরি’ শিখর ঘাপটি মেরে বসে আছে। পুমোরি নামের সুদর্শন পর্বতশৃঙ্গটি আজ সারা সকালই আমাদের সঙ্গী ছিল। এভারেস্ট-বেসক্যাম্পের পথে নেমেই পুমোরি পর্বতকে দেখেছি হাতের বাঁয়ে; আবার ফেরার পথে যখন আমরা দক্ষিণমুখী হয়েছি, পুমোরিকে পেয়েছি হাতের ডানে। তুষারে চারদিক হোয়াইট-আউট হয়ে গেলে পুমোরির আর দেখা মেলেনি। সন্ধ্যার লাল আলোয় এখন আবার তাকে দেখলাম, কিন্তু কীভাবে জানিনে, সে এবার আমার ট্রেইলের বাঁ পাশে চলে গেছে। আমরা এখন বেসক্যাম্প থেকে নেমে আসছি, পুমোরির থাকার কথা আমাদের ডান পাশে। না জানি কোন মন্ত্রবলে সে বাঁয়ে গিয়ে বসে আছে! পর্বত চিনতে ভুল করিনি তো! মনে হয় না, এমন মসৃণ পিরামিডশৃঙ্গ তো এভারেস্ট-ট্রেইলে দ্বিতীয়টি নেই। পর্বতের সরে বসার এই অলৌকিক ঘটনায় শিহরিত হয়েই হয়তো আমার কম্পমান দুই হাঁটুতে ঠোকাঠুকি শুরু হলো। পাথরের দেয়াল থেকে আমি দ্রুত নেমে এলাম।হিমালয়ের গহিনে সাড়ে ১৭ হাজার ফুট উঁচু এ ট্রেইলে শিহরণ আর কাঁপুনি তো নিত্যদিনের সাথি। পাঁচ ঘণ্টা ধরে বিরতিহীন বৃষ্টি, শিলা আর তুষার পড়ছে। খুম্বু হিমবাহের কুখ্যাত হিমেল হাওয়া হাড় কাঁপানোর জন্য মরিয়া হয়েছে। মাথায় উলের মোটা টুপি শীত ঠেকালেও বৃষ্টি আর তুষারগলা পানি ঠেকাতে পারছে না। আজ নয় দিন হলো আমরা এভারেস্ট-ট্রেইলে হাঁটছি। আজই ছিল আমাদের দীর্ঘতম ট্রেকিং, সকাল-সন্ধ্যা একটানা হাঁটা। এভারেস্ট-ট্রেইলের শেষ সরাইখানা ‘গোরকেশপ’ থেকে বেসক্যাম্প পর্যন্ত যাওয়া আর ফিরে আসা। হিমালয়ে নয় দিন হেঁটে দীর্ঘ ট্রেকিংয়ের জন্য আমাদের শরীর যতটুকু দক্ষ হয়েছে, তারও বেশি কাবু হয়েছে অপুষ্টি আর অক্সিজেনের স্বল্পতায়, তবে সকালের উষ্ণ রোদে আজ সরাইখানা ছেড়ে আমরা সাত বাংলাদেশি যখন ট্রেইলে পা রেখেছিলাম, তখন নিজেকে মোটেই কাবু মনে হয়নি। কিন্তু বেলা একটায় বেসক্যাম্প থেকে ফিরতি পথে দেখি, আমার পা আর সরে না। সামনে আবার সেই চার ঘণ্টার ট্রেইল, আবার সেই অন্তহীন চড়াই-উতরাই ভাবলেও পা ভারী হয়ে ওঠে।দুপুরের পর পর্বতে প্রায়ই আবহাওয়া বিগড়ে যায়। আজ একটু বেশিই গেছে, জোরদার শিলাবৃষ্টি শুরু হয়েছে। দলের সবার গতি শ্লথ করার দায় থেকে নিজেকে মুক্ত করার মতলবে ঠিক করলাম, আমরা দল ভেঙে যে যার আপন গতিতে ট্রেকিং করব, সদ্য চেনা ট্রেইল ধরে ফিরে যেতে পথ হারানোর ভয় নেই। যে কথা সেই কাজ, সবাই সাধ্যমতো দ্রুত পায়ে এগিয়ে গেল। দেখতে না-দেখতে তুষার-টুপি পরে নিশ্চল দাঁড়ানো বোল্ডার ছাড়া আমার পাশে আর কেউ নেই। বিচ্ছিন্ন হয়ে একাকী আমার গতি আরও কমে গেল, তবে পা যতক্ষণ সচল আছে ততক্ষণ ঘাবড়ানোর কিছু নেই, চার ঘণ্টার বদলে না হয় পাঁচ ঘণ্টায় গোরকেশপ পৌঁছাব।হাতঘড়িতে ছয়টা বেজেছে, সরাইখানার বাতি চোখে পড়েনি। যদিও হোয়াইট-আউটে দূরের কিছু প্রায়ই দেখা যায় না, তবুও আশা আছে ‘কালাপাত্থার’ পর্বতের পাশে এক সারি সৌরবিদ্যুতের বাতি আমাকে গোরকেশপের সন্ধান দেবে। পর্বতের এক গ্যালি ধরে চলতে চলতে একসময় মনে হলো, বেসক্যাম্পে যাওয়ার পথে এত লম্বা কোনো গ্যালি তো ছিল না, আমি কি পথ ভুল করেছি! বাধ্য হয়ে পাথরের দেয়াল বেয়ে ওপরে উঠে দিকনির্ণয়ের চেষ্টা করলাম এবং হাতের বাঁয়ে পুমোরিশৃঙ্গ দেখে হাবা হয়ে গেলাম। অলৌকিক এ ঘটনার একমাত্র ব্যাখ্যা হলো, পথে কোথাও ভুল মোড় নিয়ে উত্তরমুখী হয়ে আমি আবার বেসক্যাম্পের দিকেই চলে যাচ্ছি। কিন্তু বর্ষণমন্দ্রিত অন্ধকারে নির্জন পর্বতে শ্রান্ত কোনো ট্রেকারের পক্ষে এ কথা হূদয়ঙ্গম করা সহজ নয়, তবে পুমোরিশিখর হুট করে সরে বসতে পারে, তা মেনে নেওয়া আরও কঠিন। অতএব সিদ্ধান্ত, অবিলম্বে ফিরে যেতে হবে এবং ভুল মোড় খুঁজে নিয়ে ডানে ঘুরে গোরকেশপের পথে চলতে হবে। কতক্ষণ ভুল পথে হেঁটেছি জানিনে, অনুমান করি দুই ঘণ্টার বেশি নয়, বেশি হলে তো বেসক্যাম্পে পৌঁছে যেতাম। কালক্ষেপণ না করে স্যাঁতসেঁতে পাথরের ওপর একটা স্মার্ট অ্যাবাউট-টার্ন করে হেডল্যাম্প জ্বালিয়ে হাঁটতে শুরু করলাম।রাত আটটায় গোরকেশপ সরাইখানার ক্যাঁচকেঁচে দরজা খুলে উঁকি দিতেই শোরগোল করে সবাই বলল, ‘স্বাগতম, স্বাগতম।’ ইয়াকঘোসির তাপে গনগনে স্টোভের চারপাশে বাংলাদেশি ট্রেকারদের উদ্বিগ্ন মুখে হাসি ফুটল। সরাইখানার শেরপা-রাঁধুনি বললেন, ‘বলেছিলাম না, কোনো চিন্তা নেই, সকালে আমার গার্লিক-স্যুপ খেয়ে গেছে, পর্বত ওকে কাবু করতে পারবে না।’