মিল্ক ভিটার কারখানার স্থান পরিদর্শনে এ কে এম বদরুল মজিদ
'পশ্চিম পটিয়া কর্ণফুলী এলাকায় গড়ে উঠবে দুগ্ধপল্লি'
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম বদরুল মজিদ বলেছেন, খামারিদের দাবির পরিপ্রেক্ষিতে পশ্চিম পটিয়া-কর্ণফুলী এলাকায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লিমিটেডের (মিল্ক ভিটার) পূর্ণাঙ্গ কারখানা বাস্তবায়ন করা হবে। এর ফলে পশ্চিম পটিয়া-কর্ণফুলী এলাকায় গড়ে উঠবে দুগ্ধপল্লি। তিনি বলেন, পূর্ণাঙ্গ কারখানা নির্মাণ করা হলে খামারিরা লাভবান হবেন। চট্টগ্রামে মিল্ক ভিটার সব পণ্য বাজারজাতও সহজ হবে।
এ কে এম বদরুল মজিদ ৯ মে বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সিডিএ আবাসিক এলাকার পাশে মিল্ক ভিটার পূর্ণাঙ্গ কারখানার প্রস্তাবিত স্থান পরিদর্শনের সময় এসব কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মিল্ক ভিটার নবনির্বাচিত পরিচালক নাজিম উদ্দিন হায়দার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপপ্রধান মো. হুমায়ুন কবীর, পশ্চিম পটিয়া-কর্ণফুলী ডেইরি অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি জানে আলম, পটিয়া দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, দুগ্ধ সমবায় সমিতির সভাপতিদের মধ্যে বাদামতলের নুরুল আবছার চৌধুরী, শিকলবাহা চৌমুহনীর মো. হারুন চৌধুরী, উত্তর দেয়াংয়ের মুছা আদর্শ, দোহাজারীর বেলাল আহমদ প্রমুখ।
অতিরিক্ত সচিব আরও বলেন, পটিয়ায় পূর্ণাঙ্গ কারখানা হলে পার্বত্য চট্টগ্রাম বান্দরবান, নোয়াখালী, সুবর্ণচর, রামগঞ্জ, রায়পুরসহ চট্টগ্রামের বিভাগের খামারিদের দুধ পটিয়ার কারখানায় সরবরাহ করা হবে।
মিল্ক ভিটার পরিচালক নাজিম উদ্দিন হায়দার বলেন, পটিয়ায় মিল্ক ভিটার পূর্ণাঙ্গ কারখানা হলে চট্টগ্রামের দুধ চট্টগ্রামে বাজারজাত করা হবে। বর্তমানে পটিয়ার দুগ্ধ শীতলকরণ কেন্দ্রের দুধ ঢাকার মিরপুরের কারখানায় প্রসেসিং করে তা চট্টগ্রামে আসে। ফলে প্রতি লিটার দুধে ১৮ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে।