'পা ব্যথা হইলে বইয়া রেস্ট লই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষণিকের ফেরিওয়ালা আশহাদুল
ক্ষণিকের ফেরিওয়ালা আশহাদুল

‘এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা, হরেক রকম সদাই নিয়ে ঘুরি সারা বেলা...’ না, সিনেমার মতো তার গলায় এমন গান ফুটে না। তবে তিনি যে নতুন ফেরিওয়ালা, এও কিন্তু সত্য! হাতের ঝোলায় বুট, বাদাম, চিপস, নারকেল ভাজা, নিমকি, মুড়ির মোয়া, চিড়ার মোয়া আর পপকর্ন নিয়ে ফেরি করেন ঢাকার পথে পথে! দুই হাতে দুই ঝোলা, সদাইভর্তি ঝোলা ঝুলছে কাঁধ থেকেও!
নাম তাঁর আশহাদুল! বাড়ি হাওরঘেরা কিশোরগঞ্জের মিঠামইনে। বর্ষার সময়টায় বাড়ির আশপাশ সব জল থইথই অবস্থা। এক মাছ ধরা ছাড়া আর ‘কাজকর্ম’ সবাই অবসর নেয়। কিন্তু আমাদের এই আশহাদুল আবার মাছ ধরাতেও কাঁচা! ফলে নিজ এলাকার সব কাজ খুইয়ে পয়সা আয়ের আশায় এসে হাজির ঢাকার বুকে। জেনে অবাক হবেন যে আশহাদুল একা নন, ওঁদের গ্রাম থেকে ওঁর মতো আরও প্রায় ৫০ জন এসেছেন এই ক্ষণিকের ফেরিওয়ালার বেশে! ‘মনে হরুইন যে বর্ষার পানি নামলে দেশে কামের অভাব অইত না’, এই সূত্র মেনেই তাঁরা ক্ষণিকের ফেরিওয়ালা। বর্ষার বর্ষণ থামলে, আবার ঠিকই ফিরে যাবেন নিজ গাঁয়ে!
এইটুকু জানতে চেয়েছিলাম, এই যে সারা দিন টইটই করে ফেরি করে বেড়া, পা ব্যথা হয় না? উত্তরে বল​েলন, ‘এ ছাড়া আর কী করতাম কন? রিকশা-ভ্যান চালান আরও কষ্ট। মনে হরুইন যে দুইজন মানুষ ওটলে দুই মণ পার হইয়া যায়। টানতে জোর লাগে, মন চাইলেই রিকশা থামাইয়া রেস্ট লওন যায় না। কোনো জিরান্তি নাই।...এমনিতেই ভালা আছি, এল্লা এল্লা (একলা একলা) ঘুরি, পা ব্যথা হইলে বইয়া পইড়া রেস্ট লই।’ ঢাকার রাস্তায় ‘নট নড়নচড়ন জ্যামে’ পড়ে যখন মেজাজ খিটখিটে হওয়ার জোগাড়, তখন হেঁটে হেঁটে ফেরি করা এই আশহাদুলরাই কিন্তু হাতে আলুর চিপস নাহয় পপকর্ন ধরিয়ে দিয়ে একটুখানি স্বস্তি জোগান।